শ্লথ হয়ে পড়েছে পণ্য রপ্তানির প্রবৃদ্ধি
এক মাসের ব্যবধানে রপ্তানি প্রবৃদ্ধি কমে গেছে। চলতি ২০১১-১২ অর্থবছরের প্রথম ১১ মাসে (জুলাই-মে) পণ্য রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে ৭ শতাংশ, গত এপ্রিলে যা ছিল ৮ দশমিক ৪১ শতাংশ। এদিকে চলতি জুনেই অর্থবছর শেষ হচ্ছে। ফলে শেষ পর্যন্ত ১৫ শতাংশ রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রার অর্ধেক অর্জন নিয়েই এখন সংশয় থাকছে।রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্যানুসারে, চলতি অর্থবছরে বার্ষিক রপ্তানির মোট লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে দুই হাজার ৬৫০ কোটি ডলার। কিন্তু অর্থবছরের প্রথম ১১ মাসে পণ্য রপ্তানিতে আয় হয়েছে দুই হাজার ১৯৭ কোটি ৬৪ লাখ ডলার, যা লক্ষ্যমাত্রার চেয়ে ৭ দশমিক ৫২ শতাংশ কম। গত অর্থবছরের একই সময়ে এই আয় হয়েছিল দুই হাজার ৫৩ কোটি ৮৩ লাখ ডলার।এখন লক্ষ্যমাত্রা অর্জন করতে হলে জুন মাসে মোট ৪৫২ কোটি ডলারের পণ্য রপ্তানি করতে হবে। কিন্তু গত মার্চ, এপ্রিল ও মে—এই তিন মাসের প্রবৃদ্ধি ঋণাত্মক। শুধু মে মাসে রপ্তানি আয় হয়েছে ২২৯ কোটি ৫১ লাখ ডলার, যা লক্ষ্যমাত্রার চেয়ে ১২ শতাংশ এবং আগের বছরের একই সময়ের চেয়ে ৪ দশমিক ১৭ শতাংশ কম। মার্চ ও এপ্রিল মাসে আয় হয়েছিল যথাক্রমে ১৯৮ ও ১৮৯ কোটি ডলার।আলোচ্য সময়ে নিট পোশাক, কাঁচা পাট ও পাটজাত পণ্য, টেরিটাওয়েল, কার্পেট, হোম টেক্সটাইল, পাদুকা, সিরামিক পণ্য, ইস্পাত, জাহাজ, কাঠ ও কাঠজাত পণ্য, হিমায়িত খাদ্য, শাকসবজি, তামাক, রাবার, রাসায়নিক সারসহ বেশ কিছু প্রধান পণ্য রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হয়েছে। এর ফলে সামগ্রিকভাবে পণ্য রপ্তানিতে চলতি অর্থবছরের প্রথম ১১ মাসের লক্ষ্যমাত্রা পূরণ সম্ভব হয়নি।রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, চলতি অর্থবছরের জুলাই-মে মাসে রপ্তানির লক্ষ্যমাত্রা ও আগের বছরের একই সময়ের চেয়ে ওভেন পোশাক, কৃষিজাত পণ্য, চা, ফল, শুকনো খাবার, কসমেটিকস, চামড়া ও চামড়াজাত পণ্য, প্লাস্টিক পণ্য, হস্তশিল্প, আসবাবপত্র, প্রকৌশল পণ্য, ইলেকট্রিক পণ্য, বাইসাইকেল প্রভৃতি পণ্যের রপ্তানি আয় বেড়েছে।তবে নিট পোশাক, হোম টেক্সটাইল, জাহাজ, পাদুকা, শাকসবজি প্রভৃতি পণ্যের রপ্তানি আয় আগের বছরের চেয়ে বাড়লেও তা এবারের লক্ষ্যমাত্রার তুলনায় কমেছে। এ ছাড়া চলতি অর্থবছরের প্রথম ১১ মাসে পাট ও পাটজাত পণ্য, কাঁচা পাট, কার্পেট, টেরিটাওয়েল, রাবার, কাঠ ও কাঠজাত পণ্য প্রভৃতি পণ্যের রপ্তানি লক্ষ্যমাত্রার পাশাপাশি আগের অর্থবছরের একই সময়ের তুলনায় কমেছে।আলোচ্য সময়কালে রপ্তানি আয়ের শীর্ষে রয়েছে ওভেন পোশাক খাত। খাতটি থেকে রপ্তানি আয় হয়েছে ৮৬৯ কোটি ৬৯ লাখ ডলার, যা লক্ষ্যমাত্রার চেয়ে ১ দশমিক ৪৫ শতাংশ এবং গত অর্থবছরের একই সময়ের চেয়ে ১৫ দশমিক ৭৩ শতাংশ বেশি। দ্বিতীয় স্থানে আছে নিট পোশাক খাত। এ খাতের রপ্তানি আয় ৯৬৮ কোটি ৪৪ লাখ ডলার, যা আগের বছরের একই সময়ের চেয়ে ১ দশমিক ৫০ শতাংশ বেশি। তবে এবারের লক্ষ্যমাত্রার চেয়ে ১১ দশমিক ৫০ শতাংশ কম।অর্থবছরের এই সময়ে পাট ও পাটজাত পণ্য থেকে ৮৮ কোটি, কাঁচা পাট থেকে ২৪ কোটি, পাটের ব্যাগ থেকে ১৭ কোটি, প্রকৌশল পণ্য থেকে ৩২ কোটি, হিমায়িত খাদ্য থেকে ৫৫ কোটি, কৃষিজাত পণ্য থেকে ৩৫ কোটি, চামড়া থেকে ৩০ কোটি ডলার রপ্তানি আয় হয়েছে।