শ্লথ হয়ে পড়েছে প্রবাসী-আয়প্রবাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রবাসী-আয়প্রবাহে শ্লথ ভাব অব্যাহত আছে। চলতি বছর জানুয়ারি মাসে এই আয় প্রবাহ আগের বছরের একই সময়ের চেয়ে বেড়েছে দশমিক ৮১ শতাংশ।আর চলতি ২০১০-১১ অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) প্রবাসী-আয় আগের বছরের একই সময়ের মাত্র দশমিক ৪০ শতাংশ বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান থেকে দেখা যায়, ২০১১ সালের জানুয়ারি মাসে প্রবাসী-আয়প্রবাহ দাঁড়িয়েছে ৯৬ কোটি ১০ লাখ ডলার, যা ২০১০ সালের জানুয়ারিতে ছিল ৯৫ কোটি ২৪ লাখ ডলার। আর ২০১০ সালের ডিসেম্বর মাসে ব্যাংক-ব্যবস্থার মাধ্যমে প্রবাসী-আয়ের প্রবাহ ছিল ৯৬ কোটি ৩৫ লাখ ডলার। অর্থাৎ ডিসেম্বর মাসের তুলনায় জানুয়ারিতে প্রবাসী-আয় সামান্য কমে গেছে।পরিসংখ্যান থেকে আরও জানা যায়, চলতি অর্থবছরের জুলাই-জানুয়ারি সময়কালে প্রবাসী-আয়ের মোট প্রবাহ দাঁড়িয়েছে ৬৫১ কোটি ডলার, যেখানে ২০০৯-১০ অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৬৪৮ কোটি ৫৬ লাখ ডলার। পরিসংখ্যান পর্যালোচনায় দেখা যায় যে চলতি অর্থবছরের এই সাত মাসের মধ্যে সবচেয়ে বেশি প্রবাসী-আয় এসেছে নভেম্বরে, যার পরিমাণ ৯৯ কোটি ৮৬ লাখ ডলার। অবশ্য প্রাথমিক প্রাক্কলনে এর পরিমাণ ছিল ৯৪ কোটি ৬০ লাখ ডলার। প্রবাসী-আয় শ্লথ হয়ে পড়ায় বাংলাদেশের লেনদেনের ভারসাম্যের ওপরও চাপ তৈরি হচ্ছে। বিশেষ করে, চলতি হিসাবের ভারসাম্যে উদ্বৃত্তাবস্থা কমতে শুরু করেছে।চলতি অর্থবছরের জুলাই-নভেম্বর সময়কালে চলতি হিসাবে উদ্বৃত্ত দাঁড়িয়েছে ৫৯ কোটি ডলার, যা কি না ২০০৯-১০ অর্থবছরের প্রথম পাঁচ মাসে ছিল ১৬৯ কোটি ১০ লাখ ডলার।অর্থনীতিবিদেরা প্রবাসী-আয়ের এই নিম্নমুখী প্রবণতায় ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁরা জনশক্তি রপ্তানির নতুন বাজার অনুসন্ধানের পাশাপাশি সৌদি আরবের বাজারে জনশক্তি রপ্তানি সচল করতে সরকারকে জোর প্রচেষ্টা গ্রহণের পরামর্শ দিয়েছেন।২০০৯-১০ অর্থবছরে প্রবাসী বাংলাদেশিরা ব্যাংক-ব্যবস্থার মাধ্যমে দেশে এক হাজার ৯৭ কোটি ৩২ লাখ ডলারের সমপরিমাণ অর্থ দেশে পাঠিয়েছিলেন, যা ছিল ২০০৮-০৯ অর্থবছরের তুলনায় ১৩ দশমিক ২৫ শতাংশ।