ষড়যন্ত্রকারীদের বিচার চাইল বিজিএমইএ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের কাছে দেশের পোশাকশিল্পের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের বিচার চাইল পোশাক কারখানা মালিকদের সংগঠন বিজিএমইএ। বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ইন্ডাস্ট্রিঅল নামক আন্তর্জাতিক শ্রম সংগঠন ষড়যন্ত্র করছে, এমন অভিযোগ করার পরদিন গতকাল সোমবার সংগঠনের পক্ষে এই বিচার দাবি করেন সভাপতি আতিকুল ইসলাম।
বিজিএমইএ কার্যালয়ে গতকাল বিকেলে সাংবাদিকদের ফেলোশিপ দেওয়ার এক অনুষ্ঠানে আতিকুল ইসলাম এই দাবি করেন। তিনি বলেন, ‘দুঃখ লাগে আমরা জানি না, কংগ্রেসম্যানেরা চিঠির মাধ্যমে জেনে যান, শ্রমিকেরা মারধরের শিকার হচ্ছেন। এই চিঠি যাঁরা দিয়েছেন, তাঁদের বিচার চাই।’
সম্প্রতি (১০-১৪ জুন) যুক্তরাষ্ট্র সফর করে এসে গত রোববার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী ওই ষড়যন্ত্রের কথা বলেন। তিনি সেদিন বলেন, ‘ইন্ডাস্ট্রিঅল পোশাক কারখানায় শ্রমিক নির্যাতনের কথা জানিয়ে চিঠি পাঠিয়েছে যুক্তরাষ্ট্রে। এই সংগঠনের সভাপতি বিএনপির নেতা নজরুল ইসলাম খান, আর সাধারণ সম্পাদক (প্রকৃতপক্ষে মহাসচিব) আওয়ামী লীগ নেতা রায় রমেশচন্দ্র।’
অবশ্য গতকালের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, নজরুল ইসলাম খান ও রায় রমেশ চন্দ্র শ্রমিক নির্যাতন বিষয়ে যুক্তরাষ্ট্রে চিঠি দেননি। দিয়েছেন ন্যাশনাল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের (এনজিডব্লিউএফ) সভাপতি আমিরুল হক আমিন। তবে এই ইউনিয়ন ইন্ডাস্ট্রিঅলের অন্তর্ভুক্ত। বাণিজ্যমন্ত্রীর নির্দেশে সেই চিঠির অনুলিপি বিজিএমইএ কর্তৃপক্ষ পরে সাংবাদিকদের দেয়। তবে বিজিএমইএর বিচারের দাবির পরিপ্রেক্ষিতে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না, সে বিষয়ে বাণিজ্যমন্ত্রী কিছু বলেননি।
জানতে চাইলে আমিরুল হক যুক্তরাষ্ট্রে চিঠি পাঠানোর বিষয়টি অস্বীকার করেন। তাঁর বক্তব্য হচ্ছে, গত মাসে (২১ মে) মনিরুজ্জামান সিকদার মনির নামে তাঁর সংগঠনের এক কর্মী ময়মনসিংহের ভালুকা এলাকা থেকে এক কারখানা মালিকের নির্দেশে অপহরণ ও মারধরের শিকার হন। মনিরের বাঁ পা ভেঙে দেয় অপহরণকারীরা। এখনো চিকিৎসাধীন। এ ঘটনার পর বিজিএমইএ, শ্রম ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশের কাছে লিখিতভাবে বিচার চায়। তবে এতে কাজ না হওয়ায় ঘটনার ১০-১২ দিন পর রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করা হয়।
আমিরুল হক আরও বলেন, ‘ওই সমাবেশের পর সাংবাদিক, এনজিও ও শ্রমিক সংগঠনের কাছে ই-মেইলের মাধ্যমে ঘটনার বিস্তারিত পাঠান। সেই ই-মেইল বার্তাটিই কারও মাধ্যমে যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যানের কাছে পৌঁছেছে। তবে আমরা এটি পাঠাইনি।’
এদিকে বিজিএমইএ ও বিজিএমইএ ইউনির্ভাসিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি) যৌথভাবে দেওয়া প্রথমবারের মতো ফেলোশিপ পেয়েছেন ছয় সাংবাদিক। তাঁরা হচ্ছেন দৈনিক কালের কণ্ঠ-এর জ্যেষ্ঠ প্রতিবেদক রাজীব আহমেদ, ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস-এর নিজস্ব প্রতিবেদক মনিরা মুন্নি, চ্যানেল একাত্তরের প্রতিবেদক জাহিদুল ইসলাম মজুমদার, নতুন বার্তার নির্বাহী সম্পাদক ইকরাম কবির, বগুড়া থেকে প্রকাশিত দৈনিক সাতমাথার প্রতিবেদক এফ শাহজাহান ও দৈনিক সিলেট সুরমার প্রধান প্রতিবেদক শাহ সোহেল আহমেদ। ফেলোশিপ বাবদ প্রত্যেককে এক লাখ টাকার চেক তুলে দেন বাণিজ্যমন্ত্রী।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, বিইউএফটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোজাফফর হোসেন চৌধুরী, ফেলোশিপের তিন পরামর্শক ফিন্যান্সিয়াল এক্সপ্রেস-এর উপদেষ্টা সম্পাদক জগলুল আহমদ চৌধুরী, ভোরের কাগজ-এর সম্পাদক শ্যামল দত্ত ও বৈশাখী টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা মঞ্জুরুল আহসান বুলবুল।