ষড়যন্ত্র-তত্ত্ব!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ষড়যন্ত্র-তত্ত্ব অনেকেরই প্রিয়। তেলের দাম কমানো নিয়েও থেমে থাকেনি এই তত্ত্ব। বলা হচ্ছে, তেলের অর্থনীতির পেছনেও মূলত কাজ করছে তেলের রাজনীতি।
মার্কিন পররাষ্ট্রসচিব জন কেরি ১১ সেপ্টেম্বর সৌদি আরব সফর করেছিলেন। সেখানে একান্ত বৈঠক হয় সৌদি বাদশা আবদুল্লাহর সঙ্গে। তেলের ষড়যন্ত্র-তত্ত্ব শুরু সেখান থেকেই। এরপর ১০ ডিসেম্বর ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি দেশটির মন্ত্রিসভার বৈঠকে মন্তব্য করেছিলেন যে তেলের দামের পতন রাজনৈতিক উদ্দেশ্যে। তেলের দাম নিয়ে সেই ষড়যন্ত্র-তত্ত্ব এখন আরও ডালপালা ছড়িয়েছে। অনেকে বলে থাকেন, যুক্তরাষ্ট্র ও সৌদি আরব আশির দশকে একজোট হয়ে তেলের দাম কমিয়েছিল। আর তাতে সোভিয়েত ইউনিয়নের পতন ত্বরান্বিত হয়। সে রকমই কিছু ঘটছে এবারও। মূলত রাশিয়া, ভেনেজুয়েলা ও ইরানকে শায়েস্তা করাই এবারের লক্ষ্য।
ওপেকের বাইরে থাকা রাশিয়া সৌদি আরবের বড় প্রতিদ্বন্দ্বী। রাশিয়ার কাছে বাজার হারাচ্ছে তারা। সৌদি আরব চাচ্ছে সংকটে পড়ুক রাশিয়া। এতে সায় আছে যুক্তরাষ্ট্রেরও। তাদের আরেক লক্ষ্য ভ্লাদিমির পুতিন। কারণ তিনি সিরিয়াকে সমর্থন দিচ্ছেন। মনে রাখা দরকার, ১৯৭৩-৭৪ সময়ের সেই আরব তেল নিষেধাজ্ঞার বড় কারণ ছিল যুক্তরাষ্ট্র। কারণ, দেশটি তখন যুদ্ধে ইসরায়েলকে সমর্থন দিচ্ছিল।
মধ্যপ্রাচ্যে ইরান হচ্ছে সৌদি আরবের সনাতন প্রতিদ্বন্দ্বী। ১৯৭৯ সালে শাহ সরকারের পতনের আগ পর্যন্ত ইরানের মিত্র ছিল যুক্তরাষ্ট্র। এখন পরিস্থিতি উল্টে গেছে। ষড়যন্ত্র-তাত্ত্বিকেরা বিশ্বাস করেন, তেলের দাম নিয়ে বিপদে পড়া ইরান পারমাণবিক চুক্তিতে রাজি হয়েছে এ কারণেই। কারণ সবাই জানতেন ইরানকে নিজ দেশের অর্থনীতি ঠিক রাখতে তেলের দাম থাকতে হবে ১৪০ ডলার।
আবার অনেকে মনে করেন, ইসলামিক স্টেট ইরাক ও সিরিয়ায় দখল করা তেলের খনির তেল চোরাই পথে অত্যন্ত কম দামে বিক্রি করে দিচ্ছে। এর প্রভাবও পড়েছে বাজারে।