সাতটি অগ্রাধিকার ও লক্ষ্যমাত্রা নির্ধারণ, অনুমোদনের জন্য এনইসিতে উঠছে কাল
ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা দলিল চূড়ান্ত
সাতটি অগ্রাধিকার খাত ও অভীষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণ করে ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনার দলিল চূড়ান্ত করা হয়েছে। লক্ষ্যমাত্রাগুলো হলো: আয় বৃদ্ধি ও দারিদ্র্য হ্রাস; মানবসম্পদ উন্নয়ন (শিক্ষা, স্বাস্থ্য ও পুষ্টি); নিরাপদ পানি ও পয়োনিষ্কাশন; জ্বালানি ও অবকাঠামো; নারী-পুরুষের সমতা ও নারীর ক্ষমতায়ন; পরিবেশের ভারসাম্য; এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি। এসব খাতে ২০১৫ সাল নাগাদ বিভিন্ন লক্ষ্যমাত্রা অর্জনের ঘোষণা রয়েছে দলিলে। এই পরিকল্পনা দলিলটি অনুমোদনের জন্য আগামীকাল বুধবার জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় উঠবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই সভা হবে। এরপর অবহিত করার জন্য এই পরিকল্পনা দলিলটি জাতীয় সংসদেও পাঠানো হবে।দারিদ্র্য বিমোচনের পাশাপাশি ২০১৫ সাল নাগাদ মোট দেশজ উৎপাদন (জিডিপি) আট শতাংশে উন্নীত করার লক্ষ্যেই মূলত এই পরিকল্পনা দলিলটি প্রণীত হয়েছে। পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়নে ১৩ লাখ ৪৭ হাজার কোটি টাকা ব্যয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আর এর মধ্যে গণখাতে বা সরকারি বিনিয়োগ তিন লাখ ১০ হাজার কোটি টাকা। আর মোট বিনিয়োগের ৭৭ শতাংশ বা ১০ লাখ ৩৯ হাজার ৩৬০ কোটি টাকা আসবে ব্যক্তি খাত থেকে। পঞ্চবার্ষিক পরিকল্পনা সম্পর্কে পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সদস্য শামসুল আলম প্রথম আলোকে বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বা দিন বদলের সনদ যা দীর্ঘমেয়াদি প্রেক্ষিত পরিকল্পনায় রূপান্তর করা হয়েছে, তার আলোকে ১০ বছর পর পঞ্চবার্ষিক পরিকল্পনা দলিল প্রস্তুত করা হয়েছে। এনইসিতে অনুমোদনের পর ২৭ জুনের মধ্যেই তা জাতীয় সংসদকে অবহিত করার জন্য পাঠানো হবে বলে তিনি জানান। অগ্রাধিকার খাত ও লক্ষ্যসমূহ: আয় বৃদ্ধি ও দারিদ্র্য হ্রাসের ক্ষেত্রে দলিলে প্রতিবছর গড়ে ৭ দশমিক ৩ শতাংশ হারে অর্থনৈতিক প্রবৃদ্ধির মাধ্যমে মেয়াদ শেষে অর্থাৎ ২০১৪-১৫ অর্থবছরে আট শতাংশ প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আর বর্তমান দারিদ্র্যের হার ৩১ দশমিক ৫ থেকে ২২ শতাংশে নামিয়ে আনা হবে। মানবসম্পদ উন্নয়ন খাতে প্রাথমিক পর্যায়ে শত ভাগ ভর্তি নিশ্চিতকরণ ও শিক্ষা সমাপ্তিকরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া শিশুমৃত্যুর হার হাজারে ৩১ জনে নামিয়ে আনা, মাতৃমৃত্যুর হার লাখে ১৪৪ জনে নামিয়ে আনা, অপুষ্টিতে ভোগা শিশুর হার ২ দশমিক ২ শতাংশে হ্রাস করার লক্ষ্য রয়েছে। নিরাপদ পানি ও পয়োনিষ্কাশন খাতে সাড়ে ৯৬ শতাংশ জনগোষ্ঠীর কাছে বিশুদ্ধ পানি সরবরাহ এবং ৯০ শতাংশ জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসম্মত শৌচাগারের ব্যবস্থা করা হবে।জ্বালানি ও অবকাঠামো খাতে ২০১৫ সাল নাগাদ বিদ্যুৎ উৎপাদন ১৫ হাজার ৩৫৭ মেগাওয়াটে উন্নীত করার পাশাপাশি বিদ্যুতায়নের বিস্তৃতি ৬৫ শতাংশে পৌঁছানোর লক্ষ্যমাত্রা রয়েছে।নারী-পুরুষের সমতা ও নারীর ক্ষমতায়ন খাতে উচ্চশিক্ষায় ছাত্রী ও ছাত্র অনুপাত ৪০:৬০-এ উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ২০-২৪ বছর বয়সী নারী ও পুরুষের স্বাক্ষরতার হার শত ভাগে উন্নীত করা হবে। পরিবেশের ভারসাম্য আনতে উৎপাদনশীল বনভূমির হার ১৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বর্তমানে এই হার ১৩ শতাংশ। এ ছাড়া জ্বালানি-দক্ষতা ১০ শতাংশ বাড়ানোর ঘোষণা রয়েছে। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খাতে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগের হার ৩০ শতাংশে উন্নীতকরণ, টেলিঘনত্বের হার ৭০ শতাংশে উন্নীতকরণ, সব ইউনিয়নে ইন্টারনেট সুবিধাসহ টেলিসেন্টার বা কমিউনিটি ই-সেন্টার স্থাপন, সব ডাকঘরে কলসেন্টার স্থাপন, দ্বাদশ শ্রেণীতে তথ্যপ্রযুক্তি শিক্ষা বাধ্যতামূলক করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর উন্নয়ন সহযোগীদের তাগিদে তৈরি করা দারিদ্র্য বিমোচন কৌশলপত্রের (পিআরএসপি) পরিবর্তে আবার পঞ্চবার্ষিক উন্নয়ন পরিকল্পনায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। ২০০৯ সালের ২৬ মে অনুষ্ঠিত এনইসির সভায় মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়নের সিদ্ধান্ত নেওয়া হয়। এর ধারাবাহিকতায় ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা দলিল প্রণীত হয়েছে। এই পরিকল্পনার মেয়াদ ২০১০ সালের জুলাই থেকে ২০১৫ সালের জুন পর্যন্ত। দ্বিতীয় পিআরএসপির মেয়াদ চলতি জুনেই শেষ হচ্ছে। তাই মূলত এই দলিলটি কার্যকর হচ্ছে আগামী জুলাই থেকে। উল্লেখ্য, মধ্যমেয়াদি উন্নয়ন ধারণা নিয়ে ১৯৭৩ সালের জুলাইতে দেশে প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রণয়ন করা হয়। এরপর আরও চারটি পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়িত হয়েছে। কিন্তু একবারও লক্ষ্যমাত্রা অনুযায়ী জিডিপি প্রবৃদ্ধি অর্জন করা সম্ভব হয়নি। সর্বশেষ পঞ্চবার্ষিক পরিকল্পনার মেয়াদ ২০০২ সালে শেষ হয়। এরপর বিএনপি-জামায়াত জোট সরকার বিশ্বব্যাংক ও আইএমএফের পরামর্শে তিন বছর মেয়াদি দারিদ্র্য বিমোচন কৌশলপত্র প্রণয়ন শুরু করে।