ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রথম খসড়া চলতি মাসেই চূড়ান্ত হচ্ছে
চলতি ডিসেম্বর মাসেই ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা দলিলের প্রথম খসড়া চূড়ান্ত হচ্ছে। ইতিমধ্যে পরিকল্পনাটির প্রাথমিক রূপরেখা তৈরি করা হয়েছে। যেখানে শুধু খাতভিত্তিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।রূপরেখায় আগামী ২০১৫ সাল নাগাদ মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধি ৮ শতাংশে উন্নীত করার লক্ষ্যমাত্রা প্রক্ষেপণ করা হয়েছে। সেই সঙ্গে দারিদ্র্যের হার ৩২ শতাংশে নামিয়ে আনার লক্ষ্যমাত্রা প্রস্তাব করা হয়েছে। বর্তমানে সরকারি হিসাবে দেশে দারিদ্র্যের হার হলো ৪২ শতাংশ। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসজুড়ে অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য, তথ্যপ্রযুক্তির (আইসিটি) মতো ১১টি খাত নিয়ে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করা হবে। পরবর্তী সময়ে সামষ্টিক অর্থনীতি বিষয়ে অর্থনীতিবিদদের মতামত নেওয়া হবে। আগামী মার্চ মাসের মধ্যে ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা দলিলের খসড়াটি চূড়ান্ত করে মন্ত্রিপরিষদের সভায় অনুমোদনের জন্য ওঠানো হবে। তখন মন্ত্রিপরিষদ সভায় সিদ্ধান্ত নেওয়া হবে, এই পরিকল্পনাটি জাতীয় সংসদে আলোচনার জন্য উত্থাপন করা হবে কি না। পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ (জিইডি) সূত্রে এসব তথ্য জানা গেছে। গত মাসে সব মন্ত্রণালয় ও বিভাগকে তাদের আগামী পাঁচ বছরে কী ধরনের উন্নয়ন পরিকল্পনা থাকবে, তা জানানোর জন্য আধা-সরকারি পত্র (ডিও) দেওয়া হয়েছে। তাদের গত পাঁচ বছরের উন্নয়ন পরিকল্পনার ধারাবাহিকতা রক্ষা করে আগামী পাঁচ বছরের ব্যয় ও পরিকল্পনা জানাতে বলা হয়েছে।ইতিমধ্যেই বেশির ভাগ মন্ত্রণালয় ও বিভাগ থেকে পরিকল্পনা জমা পড়েছে। সব পরিকল্পনা জমা পড়ার পর জিইডির তৈরি করা প্রাথমিক রূপরেখার সঙ্গে মন্ত্রণালয় ও বিভাগগুলোর চাহিদার সমন্বয় করা হবে। এদিকে জিইডি সূত্রে জানা গেছে, অর্থ মন্ত্রণালয় থেকে চিঠি দিয়ে জানানো হয়েছে যে পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রাথমিক রূপরেখার সঙ্গে মধ্যমেয়াদি বাজেট কাঠামোর (এমটিবিএফ) আওতাধীন মন্ত্রণালয় ও বিভাগগুলোর পরিকল্পনার সঙ্গে কিছুটা অসামঞ্জস্য রয়েছে। যা দূর করার জন্য অর্থ মন্ত্রণালয় থেকে বলা হয়েছে। এ প্রসঙ্গে জানতে চাইলে জিইডির সদস্য শামসুল আলম প্রথম আলোকে বলেন, অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে শিগগিরই তা সমন্বয় করা হবে এবং পরে তাতে প্যানেল অব এক্সপার্টদের অনুমোদন নেওয়া হবে। তিনি জানান, মন্ত্রণালয় ও বিভাগগুলোকে তাদের গত পাঁচ বছরের ব্যয়ের ধারাবাহিকতা রক্ষা করে আগামী পাঁচ বছরের পরিকল্পনা জানাতে বলা হয়েছে। তবে যেসব মন্ত্রণালয় গত পাঁচ বছরে প্রতিবছর গড়ে ১৫ শতাংশ ব্যয় বাড়িয়েছে, তারা যদি আগামী পাঁচ বছরে গড়ে ৪০-৫০ শতাংশ ব্যয় বাড়ানোর প্রস্তাব দেয়, তবে তা গ্রহণযোগ্য হবে না। নতুন পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রাথমিক রূপরেখায় সরকারি ও বেসরকারি বিনিয়োগ জিডিপির ৩২ দশমিক ১ শতাংশে উন্নীত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যা বর্তমানে ২৪ দশমিক ২ শতাংশ। এ ছাড়া এই রূপরেখায় জিডিপিতে কৃষি, শিল্প ও সেবা খাতের অবদান প্রাক্কলন করা হয়েছে যথাক্রমে ১৬ শতাংশ, ৩০ শতাংশ ও ৫৪ শতাংশ। রূপরেখায় রপ্তানি খাতে বছরে গড় প্রবৃদ্ধি ৪০০ কোটি ডলার বা ২৫ শতাংশ বাড়িয়ে আগামী ২০১৫ সাল নাগাদ ৩ হাজার ৬৩০ কোটি ডলারে উন্নীত করার লক্ষ্যমাত্রা প্রক্ষেপণ করা হয়েছে।আর রেমিট্যান্স বা প্রবাসী-আয়ের প্রবাহও বর্তমানের চেয়ে প্রায় আড়াই গুণ বেশি ধরা হয়েছে। সে অনুযায়ী ২০১৫ সালে রেমিট্যান্স প্রবাহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ হাজার ২৭০ কোটি ডলার।বর্তমান সরকার ক্ষমতায় আসার পর উন্নয়ন-সহযোগীদের তাগিদে তৈরি করা দারিদ্র্য বিমোচন কৌশলপত্রের (পিআরএসপি) পরিবর্তে পুনরায় পঞ্চবার্ষিক উন্নয়ন পরিকল্পনায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। উল্লেখ্য, মধ্যমেয়াদি উন্নয়ন ধারণা নিয়ে ১৯৭৩ সালের জুলাই মাসে দেশে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন হয়। এরপর আরও চারটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা বাস্তবায়িত হয়েছে। সর্বশেষ পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদ ২০০২ সালে শেষ হয়েছে। এরপর বিএনপি জোট সরকার দাতাদের কথিত ‘প্রেসক্রিপশন’ বা পরামর্শে দারিদ্র্য বিমোচন কৌশলপত্র প্রণয়ন শুরু করে।