আশুলিয়ায় তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডের সময় ওই কারখানায় কর্মরত শ্রমিকদের বিভ্রান্ত করে ঘটনাস্থল ত্যাগে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ পেয়েছে পোশাক শিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। একই সঙ্গে এ ঘটনায় দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র বা নাশকতা থাকতে পারে বলে মনে করছে বিজিএমইএ। সংগঠনটির নেতারা বলছেন, গার্মেন্টস কারখানাটি একটি কমপ্লায়েন্স প্রতিষ্ঠান। এ কারণে আগুন লাগার সঙ্গে সঙ্গে সংকেতও বেজেছে। কিন্তু অগ্নিকাণ্ডের সংকেত শুনে শ্রমিকেরা নিচে নামতে গেলে কারখানার কতিপয় ব্যবস্থাপক তাঁদের বিভ্রান্ত করেছেন। অগ্নিকাণ্ডে আহত শ্রমিকদের সঙ্গে কথা বলে বিজিএমইএ নেতারা এই অভিযোগ পেয়েছেন বলে জানান। তবে এত বড় অগ্নিকাণ্ডের পর নিজেদের দায় স্বীকারের চেয়ে দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের সেই পুরোনো তত্ত্বকেই সামনে টেনে আনলেন পোশাকশিল্প মালিকেরা। তাজরীন গার্মেন্টসের ঘটনার পরিপ্রেক্ষিতে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে দুর্ঘটনাকবলিত গার্মেন্টস মালিকের অনুপস্থিতির বিষয়টি জানতে চাইলে বিজিএমইএ নেতারা বলেন, অগ্নিকাণ্ডের ফলে অনেকগুলো প্রাণহানির ঘটনা ঘটেছে। সেই সঙ্গে আর্থিকভাবেও প্রতিষ্ঠানটির মালিক অনেক বড় ক্ষতির মুখে পড়েছেন। এ অবস্থা মোকাবিলার মতো মানসিক শক্তি তাঁর নেই। সবার সেটি থাকেও না। তাই তাজরীন ফ্যাশনসের মালিক ঘটনার পর থেকে কোনো সংবাদমাধ্যমের মুখোমুখি হচ্ছেন না। তবে তাঁর সঙ্গে বিজিএমইএর নেতাদের যোগাযোগ রয়েছে উল্লেখ করে মালিকপক্ষের প্রতিনিধিরা আহত শ্রমিকদের দেখভালের কাজে যুক্ত আছেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডে ১১১ জন শ্রমিক নিহত হওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকেলে রাজধানীর বিজিএমইএ ভবনে এই জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন। এ সময় আরও উপস্থিত ছিলেন নিট পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) প্রথম সহসভাপতি মোহাম্মদ হাতেম, বিজিএমইএর দ্বিতীয় সহসভাপতি সিদ্দিকুর রহমান, বিকেএমইএর দ্বিতীয় সহসভাপতি আসলাম সানি, বিজিএমইএর নেতা ও সাংসদ শাহরিয়ার আলম।সংবাদ সম্মেলনে জানানো হয়, তাজরীন গার্মেন্টসে নিচের যে গুদামে আগুন লেগেছিল সেখানে পেট্রোকেমিক্যাল জাতীয় পদার্থ ছিল। তাই আগুন লেগে তা দ্রুত ছড়ায় এবং কালো ধোঁয়া তৈরি হয়। এ রকম পরিস্থিতিতে সিঁড়ি দিয়ে নামার অবস্থা ছিল না। তাই শ্রমিক ভাইবোনেরা ওপরে গিয়ে যে যেভাবে পেরেছেন বাঁচার চেষ্টা করেছেন। বিজিএমইএ সভাপতি বলেন, এটি ইন্টারনেটের যুগ, ফেসবুক, টুইটারের যুগ। এই যুগে এসে কোনো কিছু লুকানোর সুযোগ নেই। তিনি বলেন, ‘সোমবার দেশে ফিরে প্রথমে আমি মন্ত্রীর সঙ্গে বৈঠক করেছি। সেখান থেকে হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন আহত শ্রমিকদের সঙ্গে কথা বলেছি। আহত শ্রমিকেরা আমাকে জানিয়েছেন আগুন লাগার পর তাঁরা নিচে নামতে চাইলে কারখানার ব্যবস্থাপকেরা তাঁদের বিভ্রান্ত করেছেন। কেন এমনটি করা হয়েছে, সেটি আমরা খতিয়ে দেখতে চাই। এসব কারখানা ব্যবস্থাপকেরা কারা সেটিও আমরা জানতে চাই। একই সঙ্গে এ ঘটনায় দেশীয় ও আন্তর্জাতিক চক্রান্ত রয়েছে কি না সেটিও খতিয়ে দেখা দরকার।’ সংবাদ সম্মেলনে জানানো হয়, ঘটনা তদন্তে বিজিএমইএর পক্ষ থেকে সংগঠনটির সহসভাপতি (অর্থ) এস এম মান্নান কচিকে আহ্বায়ক করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। লিখিত বক্তব্যে বিজিএমইএ বলছে, সাম্প্রতিক সময়ে গরিব অ্যান্ড গরিব, হা-মীম ও তাজরীন গার্মেন্টসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অথচ এসব কারখানার প্রত্যেকটিই অত্যাধুনিক ও যথাযথ মান পরিপালনকারী (কমপ্লায়েন্স) প্রতিষ্ঠান। তাই কেন এসব কারখানায় বড় বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে, তা আমাদের ভাবিয়ে তুলেছে। এসব ঘটনার পেছনে কোনো নাশকতা বা আমাদেরই কোনো দুর্বলতা রয়েছে কি না, তা আমরা বুঝতে চাই।’ বর্তমান বিশ্বের শীর্ষস্থানীয় ক্রেতা প্রতিষ্ঠানগুলোর বিবেচনায় তৈরি পোশাক উৎপাদনকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশই সেরা। সাম্প্রতিক সময়ে চীনে তৈরি পোশাকের উৎপাদনব্যয় বেড়ে যাওয়ায় বড় বড় ক্রেতার কাছে বাংলাদেশই এখন পছন্দের শীর্ষে। এ অবস্থায় এই শিল্পকে নিয়ে দেশীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্র হওয়া অসম্ভব কিছু নয়। শফিউল ইসলাম মহিউদ্দিন আরও বলেন, এ দেশে কেউই আইনের ঊর্ধ্বে নন। যদি এই ঘটনায় কারও কোনো ধরনের দায় থাকে তাহলে সংশ্লিষ্ট ব্যক্তিকে আইনের আওতায় আনা উচিত। এদিকে এ ঘটনায় সরকার ঘোষিত শোক দিবসের সঙ্গে একাত্মতা ঘোষণা করে বিজিএমইএ। সেই সঙ্গে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণের বিষয়টিও পুনর্ব্যক্ত করা হয় সংবাদ সম্মেলনে।