সংকট নিরসনে সংলাপের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের অর্থনৈতিক উন্নয়নের ধারা অব্যাহত রাখার স্বার্থে টানা অবরোধ-হরতাল প্রত্যাহার এবং চলমান সংকট নিরসনে সংলাপের আহ্বান জানিয়েছে এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইএবি)। সংগঠনের সভাপতি আব্দুস সালাম মুর্শেদী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়। ই-মেইলের মাধ্যমে গতকাল শনিবার বিজ্ঞপ্তিটি পাঠানো হয়েছে। এতে বলা হয়, অবরোধ-হরতালে শুধু শিল্প খাতের আমদানি-রপ্তানিই বাধগ্রস্ত হচ্ছে না, সেই সঙ্গে পণ্য উৎপাদন, পরিবহন ও জাহাজীকরণেও সমস্যা হচ্ছে। আবার বিদেশি ক্রেতাদের কাছেও ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৩ সালের রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে গেল বছর স্থিতিশীলতা থাকায় শিল্পপ্রতিষ্ঠানগুলো ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল। এ অবস্থায় আবার রাজনৈতিক অস্থিরতার কারণে দেশের অর্থনীতি ঝুঁকিতে পড়েছে। ইএবি বলছে, চীন, জাপান, কোরিয়া, রাশিয়াসহ কয়েকটি দেশ বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে; যা কর্মসংস্থান বৃদ্ধির পাশাপাশি দেশের অর্থনীতি চাঙা করার ক্ষেত্রে ভূমিকা রাখত। তাই বিনিয়োগের পরিবেশ বজায় রাখার স্বার্থে সংকট থেকে উত্তরণের উপায় খুঁজে বের করা দরকার।
বাণিজ্য ডেস্ক