সংকট নিয়ে সিপিডির সংলাপ কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ট্রাস্টি বোর্ডের ৪১তম সভা গতকাল বৃহস্পতিবার প্রতিষ্ঠানের সংলাপ কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় দেশের বর্তমান পরিস্থিতি ও নাগরিক উদ্বেগকে বিবেচনায় রেখে ২৮ ডিসেম্বর সিপিডির উদ্যোগে ‘সংকটে বাংলাদেশ: নাগরিক ভাবনা’ শীর্ষক সংলাপের অনুমোদন দেওয়া হয়।
সিপিডির চেয়ারম্যান অধ্যাপক রেহমান সোবহানের সভাপতিত্বে সভায় ট্রাস্টি বোর্ডের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেদারপুর টি এস্টেটের ব্যবস্থাপনা পরিচালক লায়লা রহমান কবীর, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহী, সিপিডির বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য ও সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান। সিপিডির সংলাপ ও যোগাযোগ বিভাগের পরিচালক আনিসাতুল ফাতেমা ইউসুফ আমন্ত্রিত হিসেবে উপস্থিত ছিলেন।
সভায় বোর্ড সিপিডির ২০১৩ সালের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে এবং ভবিষ্যতেও এ ধারা বজায় রাখতে সিপিডির সব কর্মকর্তাকে উৎসাহিত করে। সভায় সিপিডির ২০১৩ সালের বার্ষিক হিসাব এবং ২০১৪ সালের জন্য প্রস্তাবিত গবেষণা, সংলাপ ও প্রকাশনা কার্যক্রম অনুমোদন করা হয়। বিজ্ঞপ্তি।