সংকট মোকাবিলায় নিজস্ব তহবিল নেই বিজিএমইএর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমস্যার সৃষ্টি হলেই এড়িয়ে যাওয়ার চেষ্টা। তারপর বিভিন্ন মহলের চাপের কাছে নতি স্বীকার। অবশেষে নিজেদের সদস্যদের কাছ থেকে চাঁদা তোলা কিংবা ধারকর্জ করা। এভাবেই গত দুই বছরে পোশাকশিল্পের সৃষ্ট সংকটগুলো জোড়াতালি দিয়ে সমাধান করে চলেছে শিল্পমালিকদের সংগঠন বিজিএমইএ।

এসব সংকটের মধ্যে দেশের পোশাকশিল্পের ভিতকে নাড়িয়ে দেওয়া তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ড ও রানা প্লাজা ধসের মতো ঘটনাও আছে। তবু বোধোদয় হয়নি দেশের সবচেয়ে বড় রপ্তানি আয় অর্জনকারী এই খাতের ব্যবসায়ীদের। শিল্পের কোনো ধরনের সমস্যা সমাধানেই এখন পর্যন্ত নিজস্ব তহবিল করতে পারেনি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। যদিও তোবা গ্রুপের সংকট চলাকালীন গত আগস্টে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ শিল্পের নেতাদের একটি তহবিল করার পরামর্শ দিয়েছেন।

একাধিক শ্রমিক সংগঠনের নেতাদের অভিযোগ, সংকটকালীন মুহূর্তে অনেকটা ইচ্ছে করেই জটিল করেন বিজিএমইএর নেতারা। কারণ, তাঁরা চান না, পরবর্তীকালে এটি উদাহরণ হিসেবে চলে আসুক। একই সঙ্গে এর মাধ্যমে সরকারের কাছ থেকে সুবিধা আদায় করার একটি প্রবণতাও থাকে। অবশ্য এই টানাটানির মধ্যে শিল্পের যা ক্ষতি হওয়ার সেটি হয়ে যায়। শ্রমিকেরা নানাভাবে বঞ্চিত হন। পাশাপাশি বহির্বিশ্বে বাংলাদেশের পোশাকশিল্পের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়।

এ ক্ষেত্রে সর্বশেষ উদাহরণ তোবা গ্রুপ। গত জুলাইয়ে ঈদের আগে গ্রুপের মালিকপক্ষ তাদের পাঁচ কারখানার শ্রমিকদের বেতন বোনাস দিতে না পারলে দায়িত্ব নেয়নি বিজিএমইএ। পরে ঈদের আগের দিন থেকে ওই কারখানাগুলোর দেড় হাজার শ্রমিক-কর্মচারী অনশন শুরু করেন। তাঁদের টানা অনশনে সারা দেশে আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। টনক নড়ে সরকারের। ঈদের পর সরকারের একাধিক মন্ত্রী প্রধানমন্ত্রীর নির্দেশে তোবার সমস্যা দ্রুত সমাধানের জন্য বিজিএমইএর নেতাদের চাপ দেন। পরে সদস্যদের কাছ থেকে তড়িঘড়ি ধারকর্জ করে তিন মাসের বকেয়া মজুরি পরিশোধ করে বিজিএমইএ।

অবশ্য এরই মধ্যে শ্রমিকেরা ১১ দিন অনশন করেছেন। পুলিশের লাঠিপেটা খেয়েছেন। অন্যদিকে বহির্বিশ্বে তোবার এই ঘটনা ফলাও করে প্রচারিত হয়। বিদেশি ক্রেতাপ্রতিষ্ঠানের নজরে আসে বিষয়টি। তাজরীন ও রানা প্লাজার পর পোশাকশিল্প যখন ঘুরে দাঁড়াচ্ছে, তখনই এ ধরনের ঘটনা কিছুটা হলেও পেছনের দিকেই টেনে নিয়েছে—এমনটা স্বীকার করেছেন বিজিএমইএর এক নেতা।

জানতে চাইলে শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের (স্কপ) যুগ্ম সমন্বয়কারী রাজেকুজ্জামান রতন প্রথম আলোকে বলেন, বিজিএমইএ নিজেদের বাণিজ্য ও মুনাফার স্বার্থে ঠিকই তহবিল গঠন করে। তবে প্রাতিষ্ঠানিক দায়বদ্ধতা স্বীকার করে শ্রমিকদের স্বার্থে কখনোই সেটি করতে দেখা যায় না। এমনকি শ্রম আইন লঙ্ঘন করতেও পিছপা হয় না তারা। সরকারের আশীর্বাদেই এমনটা করতে সাহস পায় তারা।

এদিকে তহবিল বিষয়ে খোঁজ নিতে গেলে বিজিএমইএর পক্ষ থেকে দাবি করা হয়, পোশাকশিল্পের সংকট নিরসনে একটি তহবিল করার পরিকল্পনা প্রাথমিক পর্যায়ে আছে। সেটি হচ্ছে, তহবিলের জন্য বিজিএমইএ তার সদস্যদের কাছ থেকে কতটুকু কাঁচামাল আনতে পারবে, তার ঘোষণা (ইউডি) এবং সদস্যপদ নিবন্ধন ও নবায়ন ফির ওপর ১০ শতাংশ সারচার্জ আরোপ করবে।

বিষয়টি নিশ্চিত করে বিজিএমইএর সহসভাপতি শহিদুল্লাহ আজিম প্রথম আলোকে বলেন, ‘সারচার্জ আরোপের বিষয়ে বিজিএমইএর পরবর্তী সাধারণ সভায় (ইজিএম) সদস্যদের অনুমতির জন্য উত্থাপন করা হবে। সদস্যদের সম্মতি পেলেই সরকারকে তহবিল গঠনের ব্যাপারে প্রস্তাব আকারে পাঠানো হবে।’ তিনি আরও বলেন, প্রাথমিকভাবে তহবিলটি গঠন করে পরে সরকারকে এটির সঙ্গে যুক্ত করা এবং উভয়ের তত্ত্বাবধানে পরিচালনা করার প্রস্তাব দেওয়া হবে।

জানতে চাইলে শ্রম বিশেষজ্ঞ সৈয়দ সুলতান উদ্দিন আহম্মেদ প্রথম আলোকে বলেন, যে মানুষটা পরিশ্রম করছে, তার প্রাপ্য নিশ্চিত করার দায়িত্ব নিতে হবে। এ জন্য সরকার বা বিজিএমইএকে একটি আপৎকালীন তহবিল গঠন করতে হবে। এটি করা সম্ভব হলে শিল্পের অস্থিরতা ও উৎপাদন ব্যাহত হওয়ার আশঙ্কা দূর হবে। একই সঙ্গে শিল্পের ইমেজও রক্ষা হবে।