সংকট সমাধানে চাপ দেবেন ব্যবসায়ীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের চলমান রাজনৈতিক সংকট সমাধানে রাজনৈতিক দলগুলোর ওপর চাপ অব্যাহত রাখবে ব্যবসায়ী সমাজ। একই সঙ্গে রাজপথের পরিবর্তে আলোচনার মাধ্যমে চলমান সংকট নিরসনে প্রধান দুই দলের প্রতি আহ্বান জানান তাঁরা।

ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) আয়োজিত এক সংবাদ সম্মেলনে গতকাল মঙ্গলবার দুপুরে এই আহ্বান জানানো হয়। এতে উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সাবেক ছয় সভাপতি, পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ, মেট্রোপলিটন চেম্বার, ঢাকা চেম্বারের সভাপতিসহ শীর্ষস্থানীয় ব্যবসায়ী নেতারা।    

এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহ্মদ বলেন, ‘যদি রাজনৈতিক সমস্যা রাজনৈতিকভাবে সমাধান করা না হয় তাহলে ব্যবসায়ীরা নিজেদের পথ নিজেরা খুঁজে বের করবেন। সমস্যা সমাধানে ব্যবসায়ীদের ওপর চাপ প্রয়োগ শুরু হলো। বর্তমান পরিস্থিতিতে ব্যবসায়ী সমাজ উদ্বিগ্ন, ভীত ও চিন্তিত।’ 

অনুষ্ঠানে এক প্রশ্নের জবাবে কাজী আকরাম বলেন, ‘আর কোনো তৃতীয় শক্তিকে সমর্থন করে না ব্যবসায়ী সমাজ। কারণ, অতীতে তৃতীয় শক্তিকে সমর্থন দিয়ে ব্যবসায়ীরা তার ফল হাড়ে হাড়ে টের পেয়েছেন। তৃতীয় শক্তির হাতে ব্যবসায়ীরা নিগৃহীত হয়েছেন। অনেক ব্যবসায়ীকে দেশ ছাড়তে হয়েছে। কেউ কেউ পলাতক ছিলেন।’

সমস্যা সমাধানে ব্যবসায়ীদের বিকল্প কোনো প্রস্তাব নেই উল্লেখ করে এফবিসিসিআইয়ের পক্ষ থেকে বলা হয়, রাজনীতিবিদদেরই রাজনৈতিক সমস্যার সমাধান করতে হবে। আলাপ-আলোচনার মাধ্যমেই সেটি সম্ভব। ব্যবসায়ী সমাজ আশা করে, দুই নেত্রী মিলেমিশে সমঝোতার একটি পথ বের করবেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আশা করা হয়, দুই প্রধান রাজনৈতিক দলের দুই নেত্রীর মধ্যে টেলিফোন আলাপের মাধ্যমে সমঝোতার যে পথ তৈরি হয়েছে, সেটির সফল পরিসমাপ্তি ঘটবে। এতে দেশবাসীর জন্য শান্তির পথ সুগম হবে।

এ সময় সংঘাতের রাজনীতি পরিহার করে সংযম ও সমঝোতার নীতি অনুসরণের জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানানো হয়।

কাজী আকরাম আরও জানান, দুই নেত্রীর সঙ্গে দেখা করতে চান ব্যবসায়ী নেতারা। এ জন্য গত বৃহস্পতিবার দুই নেত্রীর সাক্ষাৎ চেয়ে আবেদনও করা হয়েছে। দুই নেত্রী সময় দিলে ব্যবসায়ীরা তাঁদের সঙ্গে বৈঠক করে নিজেদের উদ্বেগ ও প্রত্যাশার কথা তুলে ধরবেন।

কাজী আকরাম বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নের স্বার্থেই ব্যবসায়ীরাও সমান সুযোগ (লেভেল প্লেয়িং) প্রত্যাশা করে। 

সংবাদ সম্মেলনে এফবিসিসিআইয়ের সাবেক সভাপতিদের মধ্যে উপস্থিত ছিলেন আকরাম হোসেন, ইউসুফ আবদুল্লাহ হারুন, সালমান এফ রহমান, মীর নাসির হোসেন, আনিসুল হক ও এ কে আজাদ, মেট্রোপলিটন চেম্বারের সভাপতি রোকেয়া আফজাল রহমান, বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম, বিকেএমইএর সভাপতি সেলিম ওসমান, ঢাকা চেম্বারের সভাপতি সবুর খান প্রমুখ।

এদিকে সংবাদ সম্মেলন শেষে গতকালই দুই নেত্রীর সঙ্গে সাক্ষাতের চেষ্টা চালান ব্যবসায়ী নেতারা। কিন্তু রাত সাড়ে আটটায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত দুই নেত্রীর কাছ থেকে সময় পাননি ব্যবসায়ী নেতারা।