সংকটে পাট-সুতাশিল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংকটে পাট-সুতাশিল্প
সংকটে পাট-সুতাশিল্প

বিশ্বে পাট থেকে তৈরি সুতার (জুট ইয়ার্ন) চাহিদা এখন বছরে ছয় লাখ টন৷ আর বাংলাদেশেরই এর উৎপাদন ক্ষমতা প্রায় নয় লাখ টন৷ এর মানে হলো পাট-সুতার বৈশ্বিক বাজার বাংলাদেশ একাই নিয়ন্ত্রণ করতে পারে৷
কিন্তু বাস্তব চিত্র ততটা সুখকর নয়৷ ভারতও বিশ্ববাজারে পাট-সুতা রপ্তানি করে৷ দেশটির সঙ্গে প্রতিযোগিতা করেই বাংলাদেশের উদ্যোক্তাদের এ সুতা রপ্তানি করতে হয়৷
তবে এর চেয়েও বড় সমস্যা হচ্ছে দেশীয় পাট-সুতা খাতের উদ্যোক্তারা আন্তর্জাতিক ক্রেতা ধরতে নিজেদের মধ্যে মূল্য কমানোর নেতিবাচক প্রতিযোগিতায় নেমেছেন৷ এতে লাভবান হচ্ছেন আন্তর্জাতিক ক্রেতারা, আর ঠকছেন উদ্যোক্তারা৷
আবার স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে পণ্যের চাহিদা কেমন এবং শিল্প গড়া হলে তা আদৌ লাভজনক হবে কি না, সেসব বিষয়ে কোনো সম্ভাব্যতা যাচাই না করেই দেশে একের পর এক পাট-সুতাকল গড়ে উঠেছে৷ এসব কারণে একসময়ের সম্ভাবনাময় পাট-সুতা খাতটি এখন সংকটে পড়েছে৷
পাট-সুতাকলের মালিকদের সংগঠন বাংলাদেশ জুট স্পিনার্স অ্যাসোসিয়েশনের (বিজেএসএ) মহাসচিব শহিদুল করিম প্রথম আলোকে বলেন, ‘মূল্য কমানোর প্রতিযোগিতা এবং প্রয়োজনের অতিরিক্ত শিল্প গড়ে ওঠায় পাট-সুতা খাতে অস্থিরতা দেখা দিয়েছে৷ এই অস্থিরতা স্থায়ী হলে এ খাত অদূর ভবিষ্যতে রুগ্ণ শিল্পে পরিণত হবে৷ ইতিমধ্যেই এর প্রভাব পড়তে শুরু করেছে৷’
এর সত্যতাও মেলে বিজেএসএর তথ্যে৷ এ বছর অন্তত তিনটি সুতাকল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে৷ আর চালু কলগুলোর একটি অংশ উৎপাদন কমিয়ে দিয়েছে৷
পাট-সুতাশিল্পের হালচাল: দেশে ১৯৭৯ সালে পাট-সুতাকল ছিল ১১টি৷ বর্তমানে সুতাকলের সংখ্যা ৯৬৷ এর মধ্যে উৎপাদন বন্ধ আছে ১৬টি সুতাকলে৷
এসব তথ্য বিজেএসএর৷ সংগঠনটি বলছে, দেশীয় পাট-সুতা খাতে উদ্যোক্তাদের বিনিয়োগ প্রায় দুই হাজার কোটি টাকা। সুতাকলগুলোতে দুই লাখ ২৯ হাজার ৪৭৬টি সুতা তৈরির যন্ত্র আছে৷ তবে বর্তমানে সুতা উৎপাদনে ব্যবহৃত হচ্ছে এক লাখ ৯৫ হাজার ৫৫টি যন্ত্র৷
বিজেএসএর তথ্য অনুযায়ী, প্রতিবছর দেশে গড়ে ৭৫ লাখ বেল পাট উৎপাদিত হয়৷ এর মধ্যে গড়ে ৩৫-৩৬ লাখ বেল ব্যবহৃত হয় পাট-সুতাকলগুলোতে৷ বিজেএসএর বাইরে বিজেএমসির দু-তিনটি এবং বিজেএমএর ১০-১২টি সদস্য পাটকলেও সুতা উৎপাদিত হয়৷
একসময় দেশের রপ্তানি আয়ের বড় উৎস ছিল কাঁচা পাট ও পাটজাত পণ্য৷ জানা গেছে, ১৯৭৯-৮০ অর্থবছরে পাট-সুতা ও টোয়াইন রপ্তানি হয়েছিল প্রায় ২০ লাখ ডলারের৷ ২০১২-১৩ অর্থবছরে রপ্তানি দাড়ায় ৫০ কোটি ৭০ লাখ ডলার৷ আর চলতি ২০১৩-১৪ অর্থবছরের প্রথম ১০ মাসে ৪৪ কোটি ৫১ লাখ ডলারের পাট-সুতা রপ্তানি হয়েছে৷ এই অর্থবছরে কাঁচা পাট ও পাটপণ্যের রপ্তানি আগের বছরের অর্ধেকে নামলেও পাট-সুতার রপ্তানি বেড়েছে সাড়ে ৫ শতাংশ৷
রপ্তানি হওয়া পাট-সুতার ৮০ শতাংশই কার্পেট তৈরিতে ব্যবহৃত হয়৷ দেশের পাট-সুতার প্রধান রপ্তানি বাজার তুরস্ক৷ মোট রপ্তানির ৪০ শতাংশই যায় দেশটিতে৷ এর পর চীন, ভারত, ইরান, মিসর, ইন্দোনেশিয়া ও বেলজিয়াম৷ তবে বড় বাজার সিরিয়ায় গৃহযুদ্ধের কারণে রপ্তানি মারাত্মকভাবে কমে গেছে৷ আন্তর্জাতিক নিষেধাজ্ঞায় রপ্তানি বাধাগ্রস্ত হচ্ছে ইরানেও৷ তবে রপ্তানি বাড়ছে ভারত ও চীনে।
মূল্য কমানোর প্রতিযোগিতা!: পাট-সুতাকলের মালিকেরা বলছেন, পাটের বর্তমান দাম অনুযায়ী এক টন উন্নত মানের পাট-সুতার উৎপাদন ব্যয় ৯২০ থেকে ৯৫০ ডলার৷ তবে তা রপ্তানি হচ্ছে গড়ে ৭৫০ ডলারে৷ অথচ গত বছর এ সুতা রপ্তানি হয়েছিল গড়ে ৮৪০ ডলারে৷
কারণ খুঁজতে গিয়ে জানা গেছে, চাহিদার চেয়ে উদ্বৃত্ত উৎপাদন হওয়ায় সুতাকলমালিকদের মধ্যে অন্যদের চেয়ে কম মূল্যে (প্রাইস আন্ডার কাট) রপ্তানি করার প্রবণতা বেড়ে গেছে। আন্তর্জাতিক ক্রেতারা সেই সুযোগটাই কাজে লাগাচ্ছেন৷ দর-কষাকষি করে তাঁরা কম দামে সুতা আমদানি করছেন৷ সে কারণে পাট-সুতার রপ্তানি যেমন কমছে না, তেমনি সুতাকলের মালিকেরাও ক্রমাগত লোকসান গুনছেন৷
আনোয়ার জুট স্পিনিং মিলসের ব্যবস্থাপনা পরিচালক ও ঢাকা চেম্বারের সাবেক সভাপতি হোসেন খালেদ প্রথম আলোকে বলেন, ‘পাট-সুতা বাংলাদেশের একমাত্র পণ্য, যেখানে বাংলাদেশ বিশ্ববাজার নিয়ন্ত্রণ করতে পারে। কিন্তু নিজেদের কারণে উল্টো আমরাই ক্রেতাদের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে যাচ্ছি।’
বিজেএসএর তথ্য অনুযায়ী, বিশ্বে পাট-সুতার চাহিদা ছয় লাখ টন৷ এর মধ্যে বাংলাদেশের রপ্তানি পাঁচ লাখ ৪০ হাজার টন৷ আর ভারতের রপ্তানি ৬০ হাজার থেকে ৭০ হাজার টন৷
দেশে এখনই পাট-সুতার উৎপাদন ক্ষমতা নয় লাখ টন৷ নতুন আরও তিন-চারটি পাট-সুতাকল গড়ে তোলা হচ্ছে৷ তখন আরও ৪০ হাজার থেকে ৫০ হাজার টন সুতা উৎপাদিত হবে৷ এতে সমস্যা আরও বাড়বে মনে করেন সুতাকলমালিকেরা৷
এ সমস্যা কাটিয়ে উঠতে গত ২৯ এপ্রিল সুতাকলমালিকদের সর্বনিম্ন রপ্তানিমূল্য বেঁধে দিয়ে আদেশ জারি করেছে বিজেএসএ। তাতে নির্ধারিত মূল্যের কমে সুতা রপ্তানি করলে সদস্যদের সদস্যপদ বাতিলের ঘোষণাও দেওয়া হয়েছে।
বিজেএসএর মহাসচিব শহিদুল করিম বলেন, ‘মুক্তবাজার অর্থনীতি মানে বিশৃঙ্খল অর্থনীতি নয়। সুতাকলগুলোর অস্তিত্ব টিকিয়ে রাখার স্বার্থেই এ আদেশ জারি করা হয়েছে।’
অপরিকল্পিত বিনিয়োগ: দেশে নতুন শিল্প-কারখানা করতে হলে বিনিয়োগ বোর্ড থেকে নিবন্ধন নিতে হয়৷ পাট-সুতাকলমালিকেরা বলছেন, স্থানীয় ও বৈশ্বিক চাহিদা কত, উদ্যোক্তাদের জন্য বিনিয়োগ করা লাভজনক হবে কি না, এসব বিষয়ে গবেষণা কিংবা যাচাই-বাছাই না করেই বিনিয়োগ বোর্ড একের পর এক পাট-সুতাকলের নিবন্ধন দিয়েই যাচ্ছে৷
এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে গত ১৫ বছরে বিনিয়োগ বোর্ড এবং বিভিন্ন ব্যাংকে অন্তত পাঁচবার চিঠি দিয়েছে বিজেএসএ৷ বিনিয়োগ বোর্ডকে প্রথম চিঠি দেওয়া হয় ১৯৯৪ সালে৷ কিন্তু তা সত্ত্বেও প্রতি দশকে গড়ে ১০-১৫টি করে সুতাকল গড়ে উঠেছে৷
আটকে আছে নগদ সহায়তা: পাট-সুতা রপ্তানির বিপরীতে উদ্যোক্তারা সরকারের কাছ থেকে সাড়ে ৭ শতাংশ হারে নগদ সহায়তা পান৷ কিন্তু সরকার এ ক্ষেত্রে যত ভর্তুকি দিয়েছে, তার চেয়ে বেশি হারে পণ্যটি রপ্তানি হওয়ায় সরকারের কাছে নগদ সহায়তার টাকা বকেয়া পড়ে আছে৷ পুঞ্জীভূত বকেয়ার পরিমাণ ৫৮০ কোটি টাকা৷
এর মধ্যে পাট-সুতাকলের মালিকদের বকেয়া কত, তার সঠিক তথ্য নেই বিজেএসএর কাছে৷ সংগঠনটি বলেছে, দেশের মোট পাটজাত পণ্য রপ্তানির ৭০ শতাংশই পাট-সুতা৷ তারা এ ভর্তুকির টাকা ছাড় করতে সরকারকে আহ্বান জানান৷ একই সঙ্গে আগামী বাজেটে নগদ সহায়তার পরিমাণ আগের মতো ১০ শতাংশ করার দাবিও রয়েছে তাদের৷
২০০০ কোটি টাকার বিনিয়োগ হয়েছে
৯৬টি পাট-সুতাকল, বন্ধ ১৬টি
৯ লাখ টন বার্ষিক উৎপাদনক্ষমতা
রপ্তানি–চিত্র
n বৈশ্বিক চাহিদা ৬ লাখ টন
n বাংলাদেশ থেকে রপ্তানি হয় সাড়ে ৫ লাখ টন
n ভারত রপ্তানি করে ৫০ হাজার টন
লোকসানে বিক্রি
উন্নত মানের পাট-সুতা উৎপাদনে টনপ্রতি ব্যয় ৯২০–৯৫০ ডলার। কিন্তু রপ্তানি হচ্ছে গড়ে ৭৫০ ডলার, যা গত বছরে ছিল ৮৪০ ডলার

‘‘পাটের সুতা বাংলাদেশের একমাত্র পণ্য, যেখানে বাংলাদেশ বিশ্ববাজার নিয়ন্ত্রণ করতে পারে। কিন্তু নিজেদের কারণে উল্টো আমরাই ক্রেতাদের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে যাচ্ছি
হোসেন খালেদ
ব্যবস্থাপনা পরিচালক
আনোয়ার জুট স্পিনিং মিলস