সংকটে পড়েছে ফটোগ্রাফি শিল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বছর পাঁচেক আগেও শখ করে মানুষ স্টুডিওতে গিয়ে ছবি তুলতেন। বাঁধাই করে টাঙিয়ে রাখতেন বসার কিংবা শোবারঘরে। তবে সময় পাল্টে গেছে। সবার হাতেই এখন ক্যামেরাসহ মুঠোফোন। ডিজিটাল ক্যামেরা আছে এমন লোকের সংখ্যাও নেহাত কম না। এটিই যেন ফটোগ্রাফি শিল্পের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে।ফটোগ্রাফি শিল্প-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এখন মানুষ আর স্টুডিওমুখী হচ্ছেন না। নানা প্রয়োজনে ছবি তুললেও পরে আর স্টুডিও থেকে সেসব ছবি প্রিন্ট করাচ্ছেন না। তার চেয়ে বরং নীলক্ষেত কিংবা পাড়া-মহল্লার কম্পিউটার ও ফটোকপির দোকান থেকে কম দামে নিম্নমানের ছবি প্রিন্ট করিয়ে নিচ্ছেন। এসব কারণে একসময়ের ব্যস্ত স্টুডিও এবং কালার ল্যাবগুলো এখন রুগ্ণপ্রায়।সারা দেশে স্টুডিও এবং কালার ল্যাব আছে প্রায় ১০ হাজার। এর মধ্যে বাংলাদেশ ফটোগ্রাফিক অ্যাসোসিয়েশনের সদস্য আড়াই হাজার। দেশের ৩০ থেকে ৪০ হাজার মানুষ সরাসরি এ খাতের সঙ্গে জড়িত।মাঝারি আয়তনের একটি স্টুডিওর বার্ষিক লেনদেনের পরিমাণ ১০ থেকে ১২ লাখ টাকা। বড় স্টুডিওর লেনদেন ১৫ লাখ টাকার কাছাকাছি। মাঝারি আয়তনের কালার ল্যাবের লেনদেন ২০ লাখ টাকার মতো হলেও বড় ল্যাবের লেনদেন ২৪ লাখ টাকারও বেশি।অ্যাসোসিয়েশনের সভাপতি আক্কাস মাহমুদ প্রথম আলোকে বলেন, ফটোগ্রাফি শিল্প এখন রুগ্ণ শিল্পে পরিণত হয়েছে। গত পাঁচ বছরে দেশের ৫০ শতাংশ স্টুডিও এবং ২০ শতাংশ কালার ল্যাব বন্ধ হয়ে গেছে। মাসে গড়ে বন্ধ হচ্ছে ৩০ থেকে ৪০টি স্টুডিও এবং চার-পাঁচটি কালার ল্যাব। উদাহরণ দিয়ে আক্কাস বলেন, এক বছর আগেও রাজধানীর মগবাজার ও নিউ ইস্কাটন এলাকায় তিনটি কালার ল্যাব ছিল। এখন শুধু তাঁরটিই টিকে আছে।ফটোগ্রাফি শিল্প-সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলছেন, এই খাতের রুগ্ণ হওয়ার পেছনে কয়েকটি কারণ রয়েছে। প্রথমত, এখন মানুষ আর স্টুডিওতে তেমন যান না। নিজের ক্যামেরা দিয়েই ছবি তোলেন। তা ছাড়া আগে মানুষ প্রয়োজন হলেই ছবি তুলতেন। এখন পাড়া-মহল্লার দোকান থেকে আগের ছবি দিয়ে ছবি প্রিন্ট করিয়ে নিচ্ছেন। দ্বিতীয়ত, ফটোগ্রাফি ব্যবসায়ের ব্যয় অনেক বেড়ে গেছে। আগে একটি অপটিক্যাল সরঞ্জামের দাম ছিল ১০ লাখ টাকা। সেটা এখন বেড়ে হয়েছে ৫০ লাখ টাকা। তা ছাড়া স্টুডিওর জন্য বাড়িভাড়াও বছর বছরই বাড়ছে। কিন্তু ব্যয় অনুযায়ী মুনাফা করা যাচ্ছে না। বেশির ভাগ স্টুডিওরই কালার ল্যাব নেই। সে কারণে স্টুডিওগুলো কালার ল্যাব থেকে ছবি প্রিন্ট করিয়ে আনে। সে সময় কালার ল্যাবগুলো স্টুডিওর কাছ থেকে ৪ দশমিক ৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) কেটে রাখে। এনবিআর আবার স্টুডিওর কাছ থেকে একই হারে ভ্যাট আদায় করে। দুই দফা ভ্যাট দেওয়া কোনো খাতের জন্যই যুক্তিযুক্ত নয়। অথচ, পাড়া-মহল্লার দোকানগুলো কোনো ভ্যাটই দিচ্ছে না।খাত-সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানান, ছবি ছাপানোর কাগজ ও প্রয়োজনীয় রাসায়নিকের আমদানি শুল্ক কমালে কালার ল্যাবগুলো টিকে থাকবে। আর ভ্যাটের আওতা বাড়ানো গেলে টিকবে স্টুডিওগুলো।স্টুডিও থেকে ছবি প্রিন্ট করানো কমে যাওয়ায় শুধু যে স্টুডিও এবং কালার ল্যাবগুলোই ক্ষতিগ্রস্ত হচ্ছে তা নয়, অ্যালবাম এবং ছবির ফ্রেম ব্যবসায়ীরাও হুমকির মুখে পড়েছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।