সংকটে সৈয়দপুরের প্রেশার কুকার তৈরি কারখানা
ফার্নেস অয়েলের দাম বাড়ায় প্রেশার কুকার ও ফ্রাইং প্যান কারখানা তথা অ্যালুমিনিয়াম তৈজসপত্র শিল্পের উৎপাদনখরচ বেড়ে গেছে। এতে শিল্পটি সংকটে পড়েছে। ইতিমধ্যে একটি তৈজসপত্র কারখানা বন্ধ হয়ে গেছে। উদ্যোক্তারা জানান, এই শিল্পে ব্যবহূত জ্বালানি ফার্নেস অয়েলের দাম সম্প্রতি বেড়ে লিটারপ্রতি ৬০ টাকায় দাঁড়িয়েছে, যা গত বছর ছিল মাত্র ২৪ টাকা। ফার্নেস অয়েলের দাম বাড়ায় এক কেজি তৈজসপত্র উৎপাদনে এখন খরচ হচ্ছে ৩০ টাকার জ্বালানি। অথচ ঢাকা ও চট্টগ্রামে একই পণ্য উৎপাদনে গ্যাস বা জ্বালানি খরচ পড়ে মাত্র ৩ টাকা।সৈয়দপুরের এস গোল্ডেন কুকার ইন্ডাস্ট্রির ব্যবস্থাপনা পরিচালক রাজু পোদ্দার প্রেশার কুকার ও ফ্রাইং প্যান শিল্পকে টিকিয়ে রাখতে গ্যাসের সঙ্গে ফার্নেস অয়েলের মূল্য সমন্বয় অথবা ফার্নেস অয়েলের দাম কমানোর দাবি জানান। এ প্রসঙ্গে নীলফামারী চেম্বারের সভাপতি ওয়াহেদ সরকার প্রথম আলোকে জানান, সম্ভাবনাময় শিল্পগুলো টিকিয়ে রাখতে জরুরি ভিত্তিতে উত্তরা ইপিজেডসহ উত্তরাঞ্চলে পাইপলাইনে গ্যাস সরবরাহ করা প্রয়োজন।