এ সপ্তাহের সাক্ষাৎকার: চলমান রাজনৈতিক অস্থিরতায় অর্থনীতির ওপর অভিঘাতসহ সামষ্টিক অর্থনীতির গতি-প্রকৃতি নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর
সংঘাতময় পরিবেশে কেউ বিনিয়োগ করতে চাইবে না
প্রথম আলো: কয়েক বছর ধরেই জিডিপি প্রবৃদ্ধির হার ৬ শতাংশের ঘরে আটকে আছে। আবার চলতি অর্থবছর প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জিত হবে না বলে পূর্বাভাস দেওয়া হচ্ছে না। এটি কেন?আহসান মনসুর: ষষ্ঠ পাঁচসালা পরিকল্পনায় প্রবৃদ্ধি-সহায়ক হিসেবে বিনিয়োগ আনুপাতিক হারে বাড়ানোর কথা বলা আছে। কিন্তু বিগত তিন অর্থবছর পর্যালোচনা করলে দেখা যায়, প্রবৃদ্ধি অর্জনে বিনিয়োগের ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তন নেই। বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকার বৃদ্ধিসহ সরকারি বিনিয়োগ কিছুটা বেড়েছে। আর ব্যক্তি খাতের বিনিয়োগ কিছুটা কমেছে। সেই হিসাবে জিডিপির ২৪-২৫ শতাংশের মধ্যেই রয়েছে বিনিয়োগের পরিমাণ। বিগত বিএনপি সরকার ও তত্ত্বাবধায়ক সরকারের আমলেও এই আনুপাতিক হার ছিল। বিনিয়োগ বাড়ছে না। তাই প্রবৃদ্ধিও আটকে আছে।প্রথম আলো: বিনিয়োগ বাড়ছে না কেন? বাংলাদেশে তো বিদেশি বিনিয়োগে অনেক সুবিধা দেওয়া হয়।আহসান মনসুর: আসলে বিনিয়োগ-সহায়ক পরিবেশ না থাকায় বিনিয়োগ বাড়ছে না। বিদেশি বিনিয়োগ বছরে ১০০ কোটি ডলারের কাছাকাছি রয়েছে। বিদেশি বিনিয়োগের জন্য আমরা সংরক্ষিত ভূমি দিতে পারছি না, নতুন কোনো রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিডেজ), বিশেষ অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) করতে পারিনি। চামড়াশিল্প এলাকা স্থানান্তর করতে পারছি না, তথ্যপ্রযুক্তি পার্ক (আইসিটি পার্ক) ব্যবস্থাপনা প্রশাসন বসানো যাচ্ছে না। এই ধরনের সিদ্ধান্তহীনতা থাকলে বিদেশি বিনিয়োগ বাড়ার তো কোনো কারণ নেই। আবার সরকারি-বেসরকারি অংশীদারি (পিপিপি) বিনিয়োগ আকৃষ্ট করতে বড় ভূমিকা রাখতে পারত। কিন্তু এই পিপিপির আওতায় একটি প্রকল্প নেওয়া বা বাস্তবায়িত হয়নি। অথচ সরকারের চার বছর চলে গেল। এর পাশাপাশি জ্বালানির সংকটও রয়েছে। প্রথম আলো: মূল্যস্ফীতি ভবিষ্যতে কমার সম্ভাবনা রয়েছে কি?আহসান মনসুর: মূল্যস্ফীতি পরিস্থিতি খারাপের দিকে ছিল, এখন ভালোর দিকে রয়েছে। বাংলাদেশ ব্যাংকের সংকুলানমূলক মুদ্রানীতি থেকে বেরিয়ে এসে সংযত মুদ্রানীতি গ্রহণের কারণে মূল্যস্ফীতি কমে আসছে। কৃষি উৎপাদন ভালো হওয়ায় খাদ্যসূচকে মূল্যস্ফীতি স্থিতিশীল রয়েছে। তবে খাদ্যবহির্ভূত সূচকে মূল্যস্ফীতি এখনো উচ্চ পর্যায়ে রয়েছে। এই উচ্চ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে মুদ্রানীতিকে আরও সহায়তা দিতে হবে। প্রথম আলো: অর্থনীতির এই অবস্থায় আগামী বাজেটের প্রধান চ্যালেঞ্জ কী কী বলে মনে করছেন?আহসান মনসুর: নির্বাচনপূর্ব এই বাজেট উচ্চাভিলাষী হওয়ার শঙ্কা আছে। এর কিছু পূর্ব লক্ষণও দেখা যাচ্ছে। যেমন প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা আবার ৭ দশমিক ২ শতাংশ ধরা হবে বলে শোনা যাচ্ছে। বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপটে এটা উচ্চাভিলাষী। এই প্রবৃদ্ধি অর্জনে রাজস্ব আয় বাড়ানোর যেমন চেষ্টা থাকবে, তেমনি থাকবে ব্যয়ের চেষ্টাও। তবে প্রবৃদ্ধি অর্জিত না হলে রাজস্ব ঘাটতি হবে। ফলে বাজেটকে বড় ধরনের ঘাটতি অর্থায়নের দিকে নিয়ে যেতে হবে। আবাব এডিপিতে পদ্মা সেতুর মতো প্রকল্পে অর্থায়ন করা হবে। এ জন্য জাতীয় গুরুত্বপূর্ণ প্রকল্পগুলো কাটছাঁট হতে পারে, যা ঠিক হবে না। প্রথম আলো: রাজনৈতিক সহিংসতা অর্থনৈতিক অর্জন বা সম্ভাবনা কতটা ম্লান করছে?আহসান মনসুর: রাজনৈতিক সংঘাতময় পরিস্থিতি অর্থনীতির গতিময়তাকে প্রচণ্ডভাবে ব্যাহত করছে। ভোগ্যপণ্যসহ দৈনন্দিন চাহিদাকে কমিয়ে দিয়েছে। পয়লা বৈশাখ উপলক্ষে এবারের বেচাকেনা অর্ধেকে নেমে এসেছে। এই রাজনৈতিক সংঘাতময় পরিবেশে কোনো সুস্থ মস্তিষ্কের লোক এ দেশে বিনিয়োগের কথা চিন্তা করবেন না। এখানে অনিশ্চয়তা এত বেশি যে এই পরিবেশ কাটিয়ে না উঠলে ৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জন কিংবা কাঙ্ক্ষিত সময়ের মধ্যে মধ্য আয়ের দেশে পরিণত হওয়ার আকাঙ্ক্ষা পূরণ করতে পারব না। প্রথম আলো: নতুন মূল্য সংযোজন কর (মূসক) আইন নিয়ে ব্যবসায়ীদের দ্বিমত রয়েছে। এই নতুন মূসক আইন নিয়ে আপনার মতামত কী?আহসান মনসুর: আমি মনে করি, নতুন মূসক আইন ব্যবসা-সহায়ক। ব্যবসায়ীরা যে হয়রানির ভয় পাচ্ছেন, তা আধুনিক ও স্বয়ংক্রিয় কার্যক্রম চালু হলে কেটে যাবে। ব্যবসায়ী ও কর আদায়কারীর দেখা হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। হয়রানি কমে যাবে। নতুন মূসক আইনে করের ভিত্তি আরও বাড়বে। তবে বর্তমান প্রশাসন দিয়ে এই নতুন আইন বাস্তবায়ন করা সম্ভব নয়। সে ক্ষেত্রে হয়রানি আরও বাড়তে পারে। তাই দ্রুত আধুনিক ও স্বয়ংক্রিয় কর প্রশাসন প্রতিষ্ঠার দিকে যাওয়া দরকার। [সাক্ষাৎকার নিয়েছেন জাহাঙ্গীর শাহ]