রাজধানীর ফার্মগেটে ফুটপাতে প্রতিদিন এক থেকে দেড় হাজার টাকার প্যান্ট-ট্রাউজার বিক্রি করেন ওমর ফারুক। কিন্তু হরতালে বিক্রি কমে দাঁড়ায় ৪০০ থেকে ৫০০ টাকায়। তাও বিক্রিটা হয় সন্ধ্যার পরে, হরতাল শেষ হলে। এমনও অনেক হরতালের দিন গেছে, যেদিন তিনি দোকান নিয়ে বসতেই পারেননি।
ওমর ফারুক গতকাল শনিবার বিকেলে বলেন, ‘হরতালে বড় ব্যবসায়ীগো কোনো ক্ষতি হয় না। সব ক্ষতি আমাগো। বিএনপি আবার তিন দিনের হরতাল দিছে। এই রকম হরতাল চলতে থাকলে আমাগো কী হইব জানি না।’
মধ্যবাড্ডায় ফুটপাতে বাচ্চাদের পোশাক বিক্রি করেন মো. শাহজাহান। গতকাল সকালের দিকে তিনি প্রথম আলোকে বলেন, ‘নির্বাচন কেমনে হবে দুই দল সেটা ঠিক করুক। আলোচনা করুক বা যেমনে ইচ্ছা তেমনে করুক। আমাদের পেটে লাথি মারে কেন?’
অবশ্য ওমর ফারুকের মতে বড় ব্যবসায়ীদের ক্ষতি না হলেও আতঙ্কিত এই বড় ব্যবসায়ীরাও। হরতাল-সংঘর্ষের আশঙ্কায় উৎকণ্ঠিত এই ব্যবসায়ীরা বলছেন, বিশ্বমন্দা, রানা প্লাজার ধসে ভাবমূর্তি সংকট, জিএসপি বাতিলের মতো ঘটনার পরও দেশের ব্যবসা-বাণিজ্য ও রপ্তানি যেভাবে এগিয়ে যাচ্ছে, তা থমকে দিতে পারে নির্বাচনকেন্দ্রিক চলমান রাজনৈতিক সংঘাত।
এ অবস্থায় দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে চিঠি দিয়েছে।
এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরামউদ্দিন আহ্মদ গতকাল প্রথম আলোকে বলেন, ‘নির্বাচনকালীন সরকারব্যবস্থা নিয়ে যে রাজনৈতিক অস্থিরতা চলছে তা ব্যবসা-বাণিজ্যে বিরূপ প্রভাব ফেলতে পারে। দুই দলের মধ্যে সমঝোতা অনেক দূর এগিয়ে গেছে। কিন্তু এর মধ্যে আবারও হরতাল ডাকা হয়েছে। আমরা আশা করি, সমঝোতার স্বার্থে বিরোধী দল এ হরতাল প্রত্যাহার করে নেবে।’
নির্বাচনকালীন সরকার কেমন হবে সে বিষয়ে সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি রূপরেখা দিয়েছেন। তা প্রত্যাখ্যান করে পাল্টা একটি রূপরেখা ঘোষণা করেছেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। এরপর গত শুক্রবার খালেদা জিয়া সমাবেশ করে আজ রোববার থেকে টানা তিন দিনের হরতালের ঘোষণা দিয়েছেন।
দুই নেত্রীকে ব্যবসায়ীদের চিঠি
এফবিবিসিআই সভাপতি গত বৃহস্পতিবার দুই নেত্রীর কাছে দেওয়া চিঠিতে দেশের রাজনৈতিক পরিস্থিতির উল্লেখ করে বলেন, ‘বিরাজমান রাজনৈতিক প্রেক্ষাপটে উদ্ভূত পরিস্থিতি নিয়ে সর্বস্তরের জনগণের সঙ্গে ব্যবসায়ী সমাজও অত্যন্ত উৎকণ্ঠিত। কেননা, জাতীয় অর্থনীতির সূচকগুলো ইতিবাচক হলেও রাজনৈতিক পরিস্থিতি অনুকূল নয়। সে কারণে বিনিয়োগ বাধাগ্রস্ত হবে।’
এফবিসিসিআইয়ের চিঠিতে দুই নেত্রীকে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনায় বসার অনুরোধ জানানো হয়েছে।
এফবিসিসিআইয়ের কার্যালয়ে গতকাল দুপুরে পরিচালকেরা বৈঠকে বসেছিলেন। বৈঠক শেষে সংগঠনের পরিচালক আবদুর রাজ্জাক বলেন, ‘নির্বাচনব্যবস্থা নিয়ে প্রতি পাঁচ বছর পর পর কেন একই রকম সমস্যা তৈরি হবে। নির্বাচনের আগে সংঘাতে আমাদের ব্যবসা-বাণিজ্য এখন ঝুঁকির মুখে পড়ে গেছে। আমরা আর এটা দেখতে চাই না। এর একটা স্থায়ী সমাধান হওয়া প্রয়োজন।’
অন্যদিকে ঢাকা চেম্বারের সভাপতি মো. সবুর খান ২০ অক্টোবর দুই নেত্রীর সাক্ষাৎ চেয়ে চিঠি দিয়েছেন। প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে রাজনৈতিক পরিস্থিতির নিয়ে তেমন কিছু উল্লেখ করা হয়নি। এতে আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে ঢাকা চেম্বারের পরিচালনা পর্ষদ তাঁর সঙ্গে সাক্ষাৎ করে সুনির্দিষ্ট কিছু প্রস্তাব দিতে চায় বলে উল্লেখ করা হয়।
তবে বিরোধীদলীয় নেতার কাছে পাঠানো চিঠিতে রাজনৈতিক পরিস্থিতির উল্লেখ করা হয়। তাতে ঢাকা চেম্বার সভাপতি বলেন, ‘চলমান রাজনৈতিক সংকট এবং অস্থিরতায় বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন বাধাগ্রস্ত হচ্ছে এবং দেশে আর্থসামাজিক বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে। বর্তমানে দেশের মানুষের কাছে রাজনীতি একটি প্রকট সমস্যা হিসেবে পরিগণিত হচ্ছে এবং দেশের মানুষের রাজনীতির প্রতি অবিশ্বাস ও আস্থাহীনতা ক্রমেই বাড়ছে।’
চিঠিতে আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে ঢাকা চেম্বারের পরিচালনা পর্ষদ দুই নেত্রীর সঙ্গে সাক্ষাৎ করে সুনির্দিষ্ট কিছু প্রস্তাব তুলে ধরতে চায় বলে উল্লেখ করা হয়।