সংবাদপত্রের নিউজপ্রিন্ট আমদানিতে ১০ শতাংশ হারে শুল্ক দিতে হবে
সংবাদপত্রশিল্পে ব্যবহূত নিউজপ্রিন্ট আমদানিতে ১০ শতাংশ হারে শুল্ক আরোপ করা হয়েছে। ফলে এখন থেকে এই হারে শুল্ক দিয়ে নিউজপ্রিন্ট আমদানি করা যাবে।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গতকাল শনিবার জাতীয় সংসদে সংবাদপত্রশিল্পে ব্যবহূত নিউজপ্রিন্টের জন্য নতুন এই শুল্কহার প্রস্তাব করেন। এর আগে ৬ জুন বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী এই নিউজপ্রিন্ট আমদানিতে ২৫ শতাংশ আমদানি শুল্ক ও ৫ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব করেছিলেন।
তবে গতকাল সংশোধিত প্রস্তাব সম্পর্কে অর্থমন্ত্রী তাঁর বক্তৃতায় বলেন, ‘দেশীয় নিউজপ্রিন্ট শিল্পের স্বার্থে সংবাদপত্রশিল্পের জন্য মাত্র ৩ শতাংশ শুল্ক দিয়ে নিউজপ্রিন্ট আমদানির সুবিধা রহিত করার প্রস্তাব করেছিলাম। প্রধানমন্ত্রী এ ব্যাপারে নমনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছেন। এই বিষয়ে সংবাদপত্রশিল্প ও দেশীয় নিউজিপ্রিন্ট উৎপাদকদের সঙ্গে আমি কথা বলে জেনেছি যে দেশে উৎপাদিত নিউজপ্রিন্ট সংবাদপত্রশিল্পের জন্য যথাযথ মানসম্পন্ন নয়।’
মুহিত আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর সুপারিশ অনুযায়ী আমি প্রস্তাব করছি যে নিয়মিত ২৫ শতাংশ আমদানি শুল্ক ও ৫ শতাংশ সম্পূরক শুল্কের পরিবর্তে সংবাদপত্রশিল্প মাত্র ১০ শতাংশ শুল্ক দিয়ে নিউজপ্রিন্ট আমদানি করবে। এর সঙ্গে আমি অনুরোধ করছি যে তারা যেন মানসম্পন্ন নিউজপ্রিন্ট উৎপাদনের উদ্যোগ নেয়।’
এ ছাড়া সংবাদপত্রশিল্পে ব্যবহূত প্রিন্টিং প্লেটের ওপর ২ শতাংশ হারে আমদানি শুল্ক আরোপের সংশোধিত প্রস্তাব করেন অর্থমন্ত্রী। অর্থমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর সুপারিশ অনুযায়ী আমি সংবাদপত্রশিল্পের অপর একটি অপরিহার্য উপকরণ প্রিন্টিং প্লেট পূর্বের ন্যায় মূলধনি যন্ত্রপাতি প্রজ্ঞাপনে অন্তর্ভুক্ত করার প্রস্তাব করছি। এর ফলে শুধু ২ শতাংশ আমদানি শুল্ক পরিশোধ করে প্রিন্টিং প্লেট আমদানি করা যাবে।’
বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী সংবাদপত্রশিল্পে ব্যবহূত প্রিন্টিং প্লেটের ওপর ৫ শতাংশ আমদানি শুল্ক আরোপের প্রস্তাব করেছিলেন।
উল্লেখ্য, নিউজপ্রিন্ট আমদানিতে উচ্চহারে শুল্ক আরোপের প্রস্তাব করায় সংবাদপত্রশিল্পে গভীর উদ্বেগের সৃষ্টি হয়।