সংবাদপত্রের নিউজপ্রিন্টের শুল্ক প্রত্যাহারের সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এনবিআরের সঙ্গে প্রাক–বাজেট আলোচনায় নোয়াবের প্রতিনিধিরা l প্রথম আলো
এনবিআরের সঙ্গে প্রাক–বাজেট আলোচনায় নোয়াবের প্রতিনিধিরা l প্রথম আলো

সংবাদপত্রশিল্পে ব্যবহৃত আমদানি করা নিউজপ্রিন্টের ওপর ৫ শতাংশ আমদানি শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়েছে এ শিল্পের মালিকদের সংগঠন নিউজপেপারস ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)। এ শিল্পের কাঁচামাল নিউজপ্রিন্টের আমদানি পর্যায়ে ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক) থেকে অব্যাহতিও চেয়েছেন নোয়াব নেতারা।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে প্রাক-বাজেট আলোচনায় গতকাল সোমবার নোয়াব নেতারা এ দাবি জানিয়েছেন। এ ছাড়া বিজ্ঞাপন বাবদ আয়ের ওপর অগ্রিম কর কেটে রাখার বিধানটি অবলোপন করার সুপারিশ করা হয়েছে।
নোয়াবের সভাপতি ও প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের নেতৃত্বে সংগঠনের প্রতিনিধিদল এ আলোচনায় অংশ নেয়। এনবিআরের চেয়ারম্যান নজিবুর রহমান এতে সভাপতিত্ব করেন। সেগুনবাগিচার এনবিআর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
নোয়াব মনে করে, দেশের পত্রিকাশিল্পের কাঁচামাল হিসেবে আমদানি করা নিউজপ্রিন্টের ওপর কোনো আমদানি শুল্ক থাকা উচিত নয়। কারণ, এ কাঁচামাল পত্রিকা বিক্রি হওয়ার আগে মুদ্রণ, সংযোজন, মিশ্রণ ও কাটিংয়ের মাধ্যমে একটা বড় ধরনের রূপান্তরের মধ্য দিয়ে যায়। অন্যদিকে নিউজপ্রিন্ট আমদানি পর্যায়ে মূসক প্রত্যাহারের যুক্তি হিসেবে নোয়াব বলছে, আমদানি পর্যায়ে যে ১৫ শতাংশ মূসক নেওয়া হয়, তা পরবর্তী সময়ে সমন্বয় করা যায় না। যেহেতু সংবাদপত্রশিল্প শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের অগ্রগতিতে মানবকল্যাণধর্মী সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে কাজ করে, তাই সংবাদপত্রশিল্প এ মূসক থেকে অব্যাহতি পাওয়ার দাবিদার।
নোয়াবের বাজেট প্রস্তাবে বলা হয়েছে, বিজ্ঞাপনের ওপর অগ্রিম আয়কর প্রদান এ শিল্পের জন্য আরেকটি অতিরিক্ত দায় হিসেবে বিবেচিত। কেননা, বিজ্ঞাপনী সংস্থা থেকে এই প্রত্যয়নপত্র সংগ্রহ সময়সাপেক্ষ ব্যাপার এবং অনেক ক্ষেত্রে এই প্রত্যয়নপত্র পাওয়া যায় না। ফলে বছর শেষে আয়কর বিবরণীর সঙ্গে সংবাদপত্রকেই ওই কর্তন করা আয়কর পরিশোধ করতে হয়। তাই সংবাদপত্রশিল্পকে প্রতিবছর বড় অঙ্কের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়।
নোয়াবের সভাপতি মতিউর রহমান বলেন, এ শিল্পের জন্য বিভিন্ন সময়ে সরকার সহযোগিতা করেছে। এ সহযোগিতা যেন অব্যাহত থাকে। বর্তমানে সংবাদপত্রশিল্পকে স্যাটেলাইট টিভি ও অনলাইন গণমাধ্যমের সঙ্গে প্রতিযোগিতা করতে হচ্ছে। রাজনীতিসহ নানা কারণে গত কয়েক বছর সংবাদপত্রশিল্পের ভালো যায়নি। নিউজপ্রিন্টের ওপর আমদানি শুল্ক প্রত্যাহার করলে রাষ্ট্রের রাজস্ব আদায়ে বিরাট ক্ষতি হবে না।
দ্য ডেইলি স্টার-এর সম্পাদক ও প্রকাশক মাহ্ফুজ আনাম বলেন, সংবাদপত্রশিল্পকে শুধু শিল্প হিসেবে বিবেচনা করা উচিত নয়। সংবাদপত্রের কারণে সমাজ কতটা লাভবান হয়, সেটাও বিবেচনায় আনা উচিত।

.
.

দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস-এর সম্পাদক এ এইচ এম মোয়াজ্জেম হোসেন বলেন, অগ্রিম আয়কর রেয়াত নিতে বিজ্ঞাপনী সংস্থার কাছ থেকে কাগজপত্র পাওয়া যায় না। ফলে সংবাদপত্র প্রতিষ্ঠানকে আবারও কর দিতে হয়। এতে দ্বৈত কর আরোপ হয়ে যায়।
নোয়াবের সহসভাপতি ও সমকাল-এর প্রকাশক এ কে আজাদ বলেন, শুল্ক-কর মিলিয়ে সংবাদপত্রশিল্পকে ২২ শতাংশ কর দিতে হয়। এত পরিমাণ কর মাঝারি ও ক্ষুদ্র সংবাদপত্র প্রতিষ্ঠানগুলো সক্ষমতায় কুলাতে পারছে না।
এনবিআরের চেয়ারম্যান নজিবুর রহমান বলেন, নোয়াবের সব প্রস্তাব অর্থমন্ত্রীর সামনে যথাযথভাবে উপস্থাপন করা হবে। আশা করি ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হবে।
এনবিআরের সদস্য (শুল্কনীতি) মো. ফরিদউদ্দিন বলেন, সংবাদপত্রশিল্পের কাছ থেকে খুব বেশি কর পাওয়া যায় না। এ শিল্প থেকে বছরে বড়জোর ২০ কোটি টাকার কর আসে। আলোচনা সভায় আরও বক্তব্য দেন নিউজ টুডের সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ, নোয়াবের কোষাধ্যক্ষ ও মানবজমিন-এর প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, ইত্তেফাক-এর ভারপ্রাপ্ত সম্পাদক তাসমিমা হোসেন, সংবাদ-এর সম্পাদক ও প্রকাশক আলতামাশ কবির, নোয়াবের উপদেষ্টা আখতার হোসেন খানসহ এনবিআরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বাজেট আলোচনা: শেয়ারবাজারে বিনিয়োগকারীদের করমুক্ত লভ্যাংশের পরিমাণ ৫০ হাজার টাকায় উন্নীত করার সুপারিশ করেছে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। বর্তমানে ২০ হাজার টাকা লভ্যাংশের ওপর কর দিতে হয় না।