সংযোগব্যবস্থার উন্নয়নে বাংলাদেশের প্রশংসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর-পূর্ব ভারতের সঙ্গে সংযোগ ব্যবস্থার উন্নয়নে বাংলাদেশের ভূমিকার ভূয়সী প্রশংসা করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার। গতকাল বুধবার আগরতলার প্রজ্ঞা ভবনে ত্রিপুরা সরকার ও ফিকি আয়োজিত ‘কানেক্ট নর্থ ইস্ট’ শীর্ষক এক প্রি-সামিট কনক্লেভে তিনি বলেন, ‘বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশ হিসেবেই শুধু নয়, বর্তমানে পরম আত্মীয়র মতো সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।’
বুধবার থেকে আগরতলার প্রজ্ঞা ভবনে ‘উত্তর-পূর্ব ভারত’ শীর্ষক শীর্ষ বৈঠকের আগে তিন দিনের প্রারম্ভিক আলোচনা শুরু হয়। ভারতীয় বণিক সংস্থা ফেডারেশন অব ইন্ডিয়ান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ফিকি) এবং ত্রিপুরা সরকার যৌথভাবে এই কনক্লেভের আয়োজন করেছে। থিম রাখা হয়েছে, ‘বর্ডার ট্রেড উইথ বাংলাদেশ, সাউথ ইস্ট এশিয়া অ্যান্ড পিপলস টু পিপলস কানেকটিভিটি’। ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় বিভিন্ন রাজ্য, প্রতিবেশী বাংলাদেশ, ভুটান, নেপাল ছাড়াও জাপান, রাশিয়াসহ বিভিন্ন দেশ থেকে প্রতিনিধিরা এসেছেন এই সম্মেলনে যোগ দিতে। কাল বাংলাদেশের শিল্পমন্ত্রী আমির হোসেন আমু উপস্থিত থাকবেন।
প্রি-সামিট কনক্লেভের আনুষ্ঠানিক সূচনা করেন মানিক সরকার। বিভিন্ন বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কড়া সমালোচনা করলেও ‘অ্যাক্ট ইস্ট পলিসি’ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের বর্তমান সরকার যোগাযোগব্যবস্থার উন্নয়নে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ইতিবাচক ভূমিকা পালন করছে।’ আর বাংলাদেশ প্রসঙ্গে মানিক সরকার বলেন, ‘দে আর হেল্পিং আস, লাইক এনিথিং।’
আলোচনায় ভারতীয় নীতি আয়োগ প্রসঙ্গে বিজেপি সরকারের কড়া সমালোচনা করেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। তবে নীতি আয়োগের সদস্য বিবেক দেবরায় ছিলেন ত্রিপুরা সরকারের প্রশংসায় পঞ্চমুখ। তাঁর মতে, বাংলাদেশ থেকে ট্রেনে চেপে ভারত হয়ে মিয়ানমার, চীন বা জাপান যাত্রা আজ আর দিবাস্বপ্ন নয়। প্রতিবেশী দেশগুলো যোগাযোগব্যবস্থার আমূল সংস্কারের পথে হাঁটতে চলেছে।
বাংলাদেশি শিল্প ও বাণিজ্য দলের পক্ষে রসিদুল হক প্রথম আলোকে বলেন, আলোচনার শুরুতেই ত্রিপুরা সরকার বুঝিয়ে দিয়েছে তাঁরা খুব আন্তরিক। ফলে ভালো কিছু হতেই হবে। আর ভালো কিছু হলে ভারত ও বাংলাদেশ উভয় প্রান্তের মানুষই উপকৃত হবেন।