বেসরকারি খাতের বিদ্যুৎ প্রকল্পে বড় অঙ্কের ঋণসুবিধা দিতে ব্যাংক কোম্পানি আইন সংশোধন করতে হবে না। বিদ্যুৎ খাতের বড় অঙ্কের ঋণের জন্য আইনি বাধা যাচাইয়ে গঠিত কমিটি গত বুধবার বৈঠক করে এমন সিদ্ধান্তে পৌঁছেছে। বৈঠকে উপস্থিত কমিটির একাধিক সদস্যের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।
বিদ্যুৎ খাতে বড় অঙ্কের বিনিয়োগ সুবিধার জন্য ব্যাংক কোম্পানি আইন বা অন্য কোনো আইন, বিধি বা নীতিমালা কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করবে কি না, তা যাচাইয়ে ১০ সদস্যের একটি কমিটি গঠিত হয়।
অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অতিরিক্ত সচিব জালাল আহমেদকে আহ্বায়ক করে ৪ জুলাই এ কমিটি গঠন করে দেয় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। কমিটির কার্যপরিধি হিসেবে সমস্যা চিহ্নিত করার পাশাপাশি বিদ্যুৎ খাতের স্বার্থে ব্যাংক কোম্পানি আইন সংশোধনের প্রয়োজনীয়তা নিরূপণের কথা বলা হয়।
কমিটির সদস্যরা হলেন বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, জাতীয় রাজস্ব বোর্ড, আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এবং সরকারি-বেসরকারি ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা।
ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ (২০১৩ পর্যন্ত সংশোধিত)–এর ২৬খ (১) ধারা অনুযায়ী, একজন ব্যক্তি, প্রতিষ্ঠান বা গ্রুপকে একটি ব্যাংকের মোট মূলধনের ২৫ শতাংশের বেশি ঋণ দেওয়া যাবে না।
বৈঠক সূত্রে জানা গেছে, কমিটির বেশির ভাগ সদস্য বিদ্যুৎ খাতে বড় অঙ্কের ঋণের জন্য ব্যাংক কোম্পানি আইন সংশোধনের দরকার নেই বলে মত দিয়েছেন। তাঁরা অবশ্য পথও বাতলে দিয়েছেন একটা। আর সেটা হচ্ছে, ব্যাংক কোম্পানি আইনেরই ২৬খ (৩) ধারা। এ ধারায় সরকার নিশ্চয়তা দিলে মূলধনের ২৫ শতাংশ ঋণসীমা রাখার বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেওয়ার ক্ষমতা রয়েছে বাংলাদেশ ব্যাংকের।
সোনালী ব্যাংকের মূলধন ১ হাজার ৮৯৮ কোটি টাকা, জনতা ব্যাংকের ৩ হাজার ৯০৩ কোটি, অগ্রণী ব্যাংকের ২ হাজার ২৮৬ কোটি এবং রূপালী ব্যাংকের ১ হাজার ১৮৯ কোটি টাকা। অগ্রণী ব্যাংককে উদাহরণ হিসেবে নিলে ব্যাংক কোম্পানি আইনের ২৬ খ (১) ধারা অনুযায়ী ব্যাংকটি একক কোনো গ্রুপ বা প্রতিষ্ঠানকে ঋণ দিতে পারবে সর্বোচ্চ ৫৭১ কোটি টাকা। অগ্রণী ব্যাংকের কাছে ওই গ্রুপের আগে কোনো ঋণ নেওয়া থাকলে, নতুন ঋণ নেওয়ার ক্ষেত্রে তা বাদ দিয়ে হিসাব করতে হবে।
জানা গেছে, ওরিয়ন গ্রুপ তাদের একটি বিদ্যুৎ ইউনিটের জন্য অগ্রণী ব্যাংকের কাছে ৪ হাজার ৮৭৬ কোটি টাকা ঋণ চাওয়ার পরই ব্যাংক কোম্পানি আইন সংশোধনের ব্যাপারে যাচাইয়ের উদ্যোগ নেয় সরকার। ওরিয়ন গ্রুপের মতো আরও গ্রুপ একই ধরনের আবেদন করেছে রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলোতে।
কিন্তু আইন অনুযায়ী এত বড় ঋণ দেওয়া সম্ভব নয় বলে ব্যাংকগুলো জানিয়ে দিলে আবেদনকারীরা বাংলাদেশ ব্যাংকের শরণাপন্ন হয়। বাংলাদেশ ব্যাংকের কাছে তাদের দাবি হচ্ছে, ব্যাংক কোম্পানি আইনের যে ধারার কারণে তাদের ঋণ পেতে সমস্যা হচ্ছে, সেই ধারাটিই সংশোধন করতে হবে।
কমিটির আহ্বায়ক ও অর্থ বিভাগের অতিরিক্ত সচিব জালাল আহমেদ গতকাল বৃহস্পতিবার বলেন, ‘কমিটির এ পর্যন্ত দুটি সভা হয়েছে। আমাদের দায়িত্ব সম্পর্কে আমরা সচেতন আছি। প্রতিবেদন তৈরি হচ্ছে। এখনই কিছু বলা যাবে না। তবে বিদ্যুৎ খাতের বিকাশ যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে আমরা খেয়াল রাখব।’
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির গত মঙ্গলবার ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সঙ্গে অনুষ্ঠিত এক প্রশিক্ষণ অনুষ্ঠানে বলেন, ‘বড় প্রকল্পের অর্থায়নে আমরা চাইব সিন্ডিকেটেড লোন। এটা ভালো সমাধান। একক গ্রাহক ঋণসীমা অতিক্রম করে বড় প্রকল্পে ঋণ দেওয়ায় আইনি বাধা আছে। তবে কয়েকটি ব্যাংক মিলে ঋণ দিলে সে সমস্যা থাকবে না।’