সংশোধন হচ্ছে তালিকাভুক্ত কোম্পানির সুশাসন নীতিমালা
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর করপোরেট গভর্নেন্স বা প্রাতিষ্ঠানিক সুশাসন বাড়াতে এ-সংক্রান্ত নীতিমালা আরও যুগোপযোগী করতে যাচ্ছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। এরই মধ্যে কোম্পানির প্রাতিষ্ঠানিক সুশাসন নীতিমালার খসড়া সংশোধনী চূড়ান্ত করা হয়েছে। এখন সংশোধিত বিষয়গুলো চূড়ান্ত করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের মতামত সংগ্রহ করছে সংস্থাটি। এ জন্য প্রাতিষ্ঠানিক সুশাসন নীতিমালার খসড়া সংশোধনীগুলো বিজ্ঞাপন আকারে সংবাদপত্রে প্রকাশ করা হয়েছে। বিজ্ঞাপন প্রকাশের দুই সপ্তাহের মধ্যে এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে এসইসির কাছে তাদের মতামত জমা দিতে বলা হয়েছে। এর আগে নীতিমালাটি যুগোপযোগী করতে এসইসির নির্বাহী পরিচালক ফরহাদ আহমেদকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটির অপর দুই সদস্য ছিলেন এসইসির নির্বাহী পরিচালক এ টি এম তারিকুজ্জামান ও পরিচালক মাহমুদুল হক। ওই কমিটি বিশ্বের বিভিন্ন দেশের প্রাতিষ্ঠানিক সুশাসনসংক্রান্ত নীতিমালা পর্যালোচনা করে সংশোধনের সুপারিশমালা চূড়ান্ত করে তা কমিশনের কাছে জমা দেয়।কমিটির সুপারিশের ভিত্তিতে মঙ্গলবার এসইসির নিয়মিত সভায় সংশোধিত নীতিমালাটি নীতিগতভাবে অনুমোদন করা হয়। এসইসির সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, অনেক দিন ধরে প্রাতিষ্ঠানিক সুশাসন নীতিমালা থাকলে এত দিন ধরে সেটি মেনে চলা বা পরিপালন করা তালিকাভুক্ত কোম্পানিগুলোর জন্য বাধ্যতামূলক ছিল না। পুরোনো সেই নীতিমালা আরও যুগোপযোগী করে সেটির পরিপালন নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে এসইসি। এ জন্য নীতিমালায় বেশকিছু নতুন ধারা সংযোজন করা হয়েছে। এর মধ্যে অন্যতম হলো: তালিকাভুক্ত কোম্পানির পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালকের সংখ্যা বাড়ানো, শীর্ষস্থানীয় কর্মকর্তাদের (চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালকসহ অন্যরা) বেতন-ভাতা নির্ধারণে আলাদা কমিটি গঠন। এসইসি প্রস্তাব করেছে, তালিকাভুক্ত কোম্পানির পরিচালকদের এক-তৃতীয়াংশ হতে হবে স্বতন্ত্র পরিচালক। স্বতন্ত্র পরিচালক হিসেবে যাঁরা মনোনীত হবেন, তাঁদের হাতে ওই কোম্পানির কোনো শেয়ার থাকতে পারবে না। যদি থাকে তা অবশ্যই এক শতাংশের কম হতে হবে। আবার কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের সঙ্গে পারিবারিক সম্পর্ক আছে—এমন কোনো ব্যক্তি স্বতন্ত্র পরিচালক হতে পারবেন না। একইভাবে স্টক এক্সচেঞ্জের সদস্য, পরিচালক, কর্মকর্তারাও তালিকাভুক্ত কোনো কোম্পানির স্বতন্ত্র পরিচালক হতে পারবেন না। পাশাপাশি স্বতন্ত্র কোনো পরিচালকের সঙ্গে ওই কোম্পানির সহযোগী কোনো প্রতিষ্ঠানেরও সম্পর্ক থাকতে পারবে না বলে সংশোধিত নীতিমালায় উল্লেখ করা হয়েছে। ধরা যাক, তালিকাভুক্ত কোনো কোম্পানিতে পরিচালক রয়েছেন ১৫ জন। যদি প্রাতিষ্ঠানিক সুশাসনের নতুন ধারাটি বলবত্ থাকে তাহলে ১৫ পরিচালকের মধ্যে অবশ্যই তিনজন স্বতন্ত্র পরিচালক হতে হবে।সংশোধিত খসড়ায় আরও বলা হয়েছে, তালিকাভুক্ত কোম্পানিগুলোর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহীদের আলাদা ব্যক্তি হতে হবে। এত দিন এক ব্যক্তি একই সঙ্গে দুই পদে দায়িত্ব পালন করতে পারতেন। এ ছাড়া তালিকাভুক্ত কোম্পানির চেয়ারম্যান, পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও), উপদেষ্টা, পরামর্শকদের বেতন-ভাতা বা আর্থিক সুবিধাদি নির্ধারণের জন্য পারিশ্রমিক কমিটি নামে আলাদা কমিটি গঠনের একটি নতুন ধারা সংযোজন করা হয়েছে খসড়া নীতিমালায়। বলা হয়েছে, পারিশ্রমিক কমিটি উল্লিখিত ব্যক্তিদের বেতন-ভাতা বা আর্থিক সুবিধাদি নির্ধারণ করে পরিচালনা পর্ষদের কাছে প্রতিবেদন জমা দেবে। এত দিন ‘প্রাতিষ্ঠানিক সুশাসন’ নীতিমালায় এ ধরনের কোনো বিধান ছিল না।