সংশোধনের পর প্রবৃদ্ধি ৬ শতাংশের নিচে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি আবারও ৬ শতাংশের নিচে নেমে গেছে। ২০১২-১৩ অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির হার শেষ পর্যন্ত দাঁড়িয়েছে ৫ দশমিক ৯৪ শতাংশে। ফলে দুই বছর পর জিডিপির প্রবৃদ্ধির হার ৬ শতাংশের নিচে নামল।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ২০০৫-০৬ অর্থবছরকে ভিত্তিবছর ধরে গত অর্থবছরের চূড়ান্ত প্রবৃদ্ধি নির্ধারণ করতে গিয়ে প্রবৃদ্ধি কমে যাওয়ার এই চিত্র পেয়েছে। এর আগে একই ভিত্তিবছরে ২০১২-১৩ অর্থবছরের জিডিপি প্রবৃদ্ধির সাময়িক প্রাক্কলন করা হয়েছিল ৬ দশমিক ১৮ শতাংশ।
অবশ্য আলোচ্য অর্থবছরের জন্য ৭ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। তবে বছরের শেষ দিকে এসে প্রথমে ১৯৯৫-৯৬ ভিত্তিবছর ধরে আলোচ্য অর্থবছরের ৬ দশমিক ০৩ শতাংশ প্রবৃদ্ধি প্রাক্কলন করে বিবিএস। এরপর নতুন ভিত্তিবছর ধরে জিডিপির হিসাব নির্ণয় করা হয়। এটি করতে গিয়ে বিগত পাঁচ বছরের জিডিপি ও প্রবৃদ্ধির হারও নতুনভাবে হিসাব করতে হয়েছে।
প্রতিবছর বাজেট ঘোষণার সময় বিদায়ী অর্থবছরের জিডিপি প্রবৃদ্ধির সাময়িক প্রাক্কলন প্রকাশ করা হয়। পরের অর্থবছরের বাজেট ঘোষণার সময় তা চূড়ান্ত আকারে প্রকাশ করা হয়। তার আগেই বিবিএস সাময়িক হিসাব সংশোধন করে থাকে।
বাজেট ঘোষণার সময় গত বছর জুন মাসে প্রকাশিত বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষায় (২০১৩) বলা হয়েছে, আগামী অর্থবছর (২০১৩-১৪) অর্থবছর) জিডিপি প্রাক্কলনের ক্ষেত্রে ২০০৫-০৬ সালকে ভিত্তিবছর হিসেবে ধরা হবে।
এরপর বিবিএস গত সেপ্টেম্বর মাসে নতুন ভিত্তিবছর চালু করে। নতুন ভিত্তিবছর বিবেচনায় এনে পূর্ববর্তী পাঁচ অর্থবছরের জিডিপি প্রবৃদ্ধি পুনঃ হিসাব করা হয়।
সম্প্রতি বিবিএসের জাতীয় হিসাব শাখা (ন্যাশনাল অ্যাকাউন্ট উইং) জিডিপির হিসাব সংশোধন করে তা খসড়া আকারে পরিকল্পনামন্ত্রীর কার্যালয়ে পাঠিয়েছে।
বিবিএসের জাতীয় হিসাব শাখার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা প্রথম আলোকে জানান, নতুন ভিত্তিবছরে বেশ কিছু নতুন খাত যুক্ত হওয়ায় গত কয়েক বছরের জিডিপির আকার বা আয়তন সম্প্রসারিত হয়েছে। তাই প্রবৃদ্ধির হার কিছুটা কমেছে। তবে এটাও সাময়িক হিসাব। চূড়ান্ত হিসাব পাওয়া যাবে এপ্রিল-মে মাসে।
বিবিএস সূত্রে জানা গেছে, মূলত জিডিপির আয়তন বেড়ে যাওয়ায় প্রবৃদ্ধিতে এই হেরফের হয়েছে। গত সেপ্টেম্বর মাসের হিসাবে ২০১২-১৩ অর্থবছরের জিডিপির আকার ছিল চলতি মূল্যে ১১ লাখ ৮৮ হাজার ৭১ কোটি টাকা। আর বর্তমান হিসাবে তা কিছুটা বেড়ে হয়েছে ১১ লাখ ৮৯ হাজার ৭০৮ কোটি টাকা। সর্বশেষ হিসাবে বেড়েছে দেড় হাজার কোটি টাকা বেশি।
তবে আগের অর্থবছরে (২০১১-১২) জিডিপির আয়তন ১৪ হাজার কোটি টাকা বৃদ্ধি পেয়ে ১০ লাখ ৫৫ হাজার ২০৪ কোটি টাকা হয়েছে। এতে জিডিপির ভিত্তি বেশ বেড়েছে। তাই চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধির হার কিছুটা কমেছে।
বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষণা পরিচালক জায়েদ বখত এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, জিডিপি প্রবৃদ্ধির যে পার্থক্য হয়েছে সেটা অর্থনীতির গতিপ্রকৃতিতে তেমন কোনো প্রভাব ফেলবে না। তবে ৬ শতাংশের নিচে নেমে যাওয়ায় একটা মনস্তাত্ত্বিক প্রভাব পড়তে পারে।
জায়েদ বখতের মতে, মূলত নতুন ভিত্তিবছরে যেসব খাত যুক্ত হয়েছে তা প্রাক্কলিত প্রবৃদ্ধির সঙ্গে সংগতি রেখে প্রবৃদ্ধি অর্জন করতে পারেনি। বিষয়টি প্রবৃদ্ধির হারে প্রতিফলিত হয়েছে।
অন্যদিকে পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সদস্য শামসুল আলম প্রথম আলোকে বলেন, নতুন ভিত্তিবছরের আলোকে ২০১১-১২ অর্থবছরে জিডিপির ভিত্তি বেশ সম্প্রসারিত হওয়ায় অঙ্কের হিসাবে প্রবৃদ্ধি কিছুটা কমতে পারে। তবে জিডিপির ভিত্তি প্রসারিত হওয়া অর্থনীতির জন্য ভালো।
আবার জিডিপি-বিনিয়োগ অনুপাতে প্রবৃদ্ধির হিসাবে কিছুটা অসংগতি পরিলক্ষিত হয়েছে। বিবিএসের হিসাবে, ২০১২-১৩ অর্থবছরে চলতি মূল্যে জিডিপির ২৮ দশমিক ৬৬ শতাংশ বিনিয়োগ হয়েছে। ক্রমবর্ধমান মূলধন উৎপাদন অনুপাত (আইসিওআর) বিচেনায় আনলে সাধারণত প্রতি চার একক বিনিয়োগের জন্য ১ শতাংশ প্রবৃদ্ধি হয়। সেই হিসাবে প্রবৃদ্ধি সাড়ে ৬ শতাংশের বেশি হওয়ার কথা। কিন্তু বাস্তবে তা হয়নি। এর মানে হলো জিডিপি নির্ণয়ের জন্য অন্তর্ভুক্ত খাতগুলোতে পর্যাপ্ত বিনিয়োগ হলেও যথেষ্ট কার্যদক্ষতা দেখাতে পারছে না।