সংশোধিত উন্নয়ন কর্মসূচিতে নির্বাচনী প্রকল্পের ছড়াছড়ি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শহর এলাকার দরিদ্র জনগণের স্বাস্থ্যসেবার উন্নয়নে ৬৬০ কোটি টাকা ব্যয় করবে সরকার। আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি নামের এই প্রকল্পের আওতায় দেশের সব সিটি করপোরেশন (রংপুর, গাজীপুরসহ) এবং চারটি নির্বাচিত পৌরসভায় প্রাথমিক স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালিত হবে। নির্বাচিত সহযোগী এনজিওর মাধ্যমে এবং সংশ্লিষ্ট সিটি করপোরেশন ও পৌরসভার তত্ত্বাবধানে স্বাস্থ্যসেবা কার্যক্রম চলবে। স্থানীয় সরকার বিভাগ প্রকল্পটি বাস্তবায়ন করবে।চলতি অর্থবছরের শুরুতেই ২৪ জুলাই নতুন প্রকল্পটি বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) অন্তর্ভুক্ত হয়।আবার ৩৪ কোটি টাকা ব্যয়ে উল্লাপাড়া-পূর্ণিমাগাতী-তাড়াশ এবং পোড়বাড়ী-কামারখন্দ-নলকা সড়কে দুটি পিসি গার্ডার সেতু এবং চারটি বেইলি সেতুর সুপার স্ট্রাকচার নির্মাণ প্রকল্প নেওয়া হয়েছে। এটাও মূল এডিপিতে ছিল না। পণ্য ও যাত্রীবাহী নৌযানগুলোর নির্বিঘ্ন ও নিরাপদ চলাচল নিশ্চিত করতে ৫৩টি নৌপথে প্রায় আড়াই হাজার কিলোমিটার ক্যাপিটাল ড্রেজিং করা হবে। এ জন্য খরচ হবে এক হাজার ৮৭৪ কোটি টাকা।একইভাবে মূল এডিপিতে না থাকলেও দেশি ভেড়ার জাত উন্নয়নের মতো কম গুরুত্বপূর্ণ প্রকল্প অনুমোদন দিয়েছে সরকার। ৪৩ কোটি টাকা ব্যয়ে দেশি ভেড়ার উন্নয়ন ও সংরক্ষণে (দ্বিতীয় পর্যায়) নতুন প্রকল্প নেওয়া হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে উন্নত জাতের ভেড়া উৎপাদন করা হবে।এই চারটি প্রকল্পের কোনোটিই এই অর্থবছরের মূল এডিপিতে ছিল না। তবে আগামী নির্বাচন সামনে রেখে প্রভাবশালী ব্যক্তি ও রাজনৈতিক চাপে বছরজুড়েই এসব প্রকল্প অনুমোদন দিয়ে এখন সংশোধিত এডিপিতে অন্তর্ভুক্ত করা হচ্ছে।এভাবে এ বছর ১৫৭টি প্রকল্প নতুন করে সংশোধিত এডিপিতে ঢুকে পড়েছে। গত বছর এর সংখ্যা ছিল ১৩৯। নতুন প্রকল্পগুলোর মধ্যে রাস্তাঘাট মেরামত, ভবন নির্মাণসহ অবকাঠামো উন্নয়নের প্রকল্পই বেশি। এসব পূর্তকাজে কমবেশি ৮০ শতাংশ কেনাকাটা করতে হয়। আর স্থানীয় ঠিকাদাররাই এসব কাজ করে থাকেন। এসব পূর্তকাজে স্থানীয় প্রভাবশালীরাই ঠিকাদারি কাজে সম্পৃক্ত থাকেন বলে অভিযোগ রয়েছে। এসব নতুন প্রকল্পের জন্য চলতি অর্থবছরে এক হাজার ৫৯৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। নতুন প্রকল্পগুলোর মধ্যে ১৩২টি বিনিয়োগ প্রকল্প, যার সিংহভাগই পূর্তসংক্রান্ত। অথচ বাস্তবায়ন করতে না পারায় একদিকে মূল এডিপির আকার ছোট করা হচ্ছে, আবার নতুন করে প্রকল্প অন্তর্ভুক্ত করা হচ্ছে। এ ধরনের বৈপরীত্যও রয়েছে। এমন অবস্থায় আজ সংশোধিত এডিপি জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় পাস হচ্ছে।নতুন প্রকল্প নেওয়া সম্পর্কে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) পরিচালক জায়েদ বখত প্রথম আলোকে বলেন, নির্বাচনী বছর হওয়ায় নতুন প্রকল্প নেওয়ার চাপ কিছুটা থাকবে। কিন্তু যাচাই-বাছাই করে প্রকল্প নিতে হবে। রাজনৈতিক বিবেচনায় যেন অর্থনৈতিক সিদ্ধান্ত না নেওয়া হয়। তিনি মত দেন, নতুন প্রকল্প না নিয়ে পুরোনো প্রকল্পগুলো বরাদ্দ বাড়িয়ে শেষ করা উচিত।পদ্মা সেতুতে বরাদ্দ কমেছে: চলতি অর্থবছরের মূল এডিপিতে পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পে ৮০৪ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছিল। কিন্তু নানা জটিলতায় কাজে অগ্রগতি না হওয়ায় বরাদ্দ কমিয়ে ৫৫০ কোটি ৬৫ লাখ টাকা করা হয়েছে। নভেম্বর মাস পর্যন্ত ৪৩০ কোটি টাকা খরচ হয়েছে বলে আইএমইডি সূত্রে জানা গেছে।এদিকে সংশোধিত এডিপির নথিতে এখনো পদ্মা সেতু প্রকল্পের সহ-অর্থায়নকারী হিসেবে বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), জাইকা, ইসলামিক উন্নয়ন ব্যাংক (আইডিবি) অন্তর্ভুক্ত রয়েছে।পিপিপিতে ২৬ প্রকল্প: বর্তমান মহাজোট সরকার ক্ষমতায় আসার পর বড় বড় অবকাঠামো নির্মাণ প্রকল্প সরকারি-বেসরকারি অংশীদারিতে (পিপিপি) বাস্তবায়ন করার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু বাস্তবে কোনো প্রকল্পই আলোর মুখ দেখেনি। প্রতিবছরই এডিপিতে পিপিপিতে বেশ কিছু প্রকল্প অন্তর্ভুক্ত থাকে। বিনিয়োগকারী না পাওয়ায় প্রকল্প শুরু করা যায়নি।এবারও ২৬টি প্রকল্প পিপিপির তালিকায় রাখা হয়েছে। এর মধ্যে অন্যতম হলো দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ, গার্মেন্টস শিল্প পার্ক, ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণ।সংশোধিত এডিপি: ৫০ হাজার ৩৬৬ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদনের জন্য এনইসি সভায় উঠছে। পরিকল্পনা কমিশনের প্রস্তাব অনুযায়ী, সংশোধিত এডিপিতে দেশজ উৎস থেকে ৩১ হাজার ৮৬৬ কোটি টাকার সংস্থান রাখা হয়েছে। মূল এডিপিতে এর পরিমাণ ৩৩ হাজার ৫০০ কোটি টাকা। আর বিদেশি সহায়তা হিসেবে ১৮ হাজার ৫০০ কোটি টাকা রয়েছে। মূল এডিপিতে এর পরিমাণ ২১ হাজার ৫০০ কোটি টাকা। নতুন প্রকল্পসহ সংশোধিত এডিপিতে প্রকল্পের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ১৯০। মূল এডিপিতে এক হাজার ৩৭টি প্রকল্প ছিল। অন্যবারের মতো এবারও সংশোধিত বিদ্যুৎ খাতে সবচেয়ে বেশি পাঁচ হাজার ৩০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। খাতওয়ারি বরাদ্দের বাইরে বিশেষ উন্নয়ন সহায়তা হিসেবে এক হাজার ৭৩৫ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা সিটি করপোরেশন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন পরিষদ, থোক বরাদ্দসহ বিভিন্ন খাতে ব্যয় করা হবে।