সংশোধিত এডিপি অনুমোদন পেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদন করা হয়েছে। গতকাল রোববার শেরেবাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদে (এনইসি) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংশোধিত এডিপি অনুমোদিত হয়।অনুমোদন পাওয়া সংশোধিত এডিপির আয়তন ৩৫ হাজার ১৩০ কোটি টাকা। চলতি ২০১০-১১ অর্থবছরের মূল এডিপির আকার ছিল ৩৮ হাজার ৫০০ কোটি টাকা। অর্থাৎ মূল এডিপির আয়তন ৮ দশমিক ৭৫ শতাংশ কমানো হলো।সংশোধিত এডিপির ৬৬ শতাংশ বা ২৩ হাজার ২০০ কোটি টাকা ব্যয় নির্বাহ করা হবে অভ্যন্তরীণ সম্পদ দিয়ে। বাকি ৩৪ শতাংশ বা ১১ হাজার ৯৩০ কোটি টাকা ব্যয় নির্বাহ হবে বিদেশি উৎস থেকে। মূলত সংশোধিত এডিপিতে দেশজ সম্পদের জোগান কমেনি। পুরোটাই কমেছে বিদেশি সহায়তার অংশ।বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার সাংবাদিকদের এসব তথ্য জানান। এ সময় তিনি আরও বলেন, চলতি অর্থবছরে এডিপি বাস্তবায়নের হার আগের তুলনায় ভালো। আগামী দিনগুলোয় বাস্তবায়ন আরও জোরদার করা হবে। এ কে খন্দকার আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা এডিপি বাস্তবায়ন কঠোরভাবে তদারকি করার জন্য নির্দেশনা দিয়েছেন।’মূল এডিপিতে প্রকল্প সংখ্যা ছিল ৯১৬। সংশোধিত এডিপিতে এ সংখ্যা বাড়িয়ে করা হয়েছে এক হাজার ১৭৫। এর মধ্যে ২০১০-২০১১ অর্থবছরের এডিপি থেকে সংশোধিত এডিপিতে স্থানান্তরিত প্রকল্পের সংখ্যা ৯১৫ এবং নতুনভাবে বরাদ্দসহ অন্তর্ভুক্ত প্রকল্পের সংখ্যা ২৭০।