সংশোধিত এডিপি আজ অনুমোদনের জন্য উঠছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদনের জন্য আজ রোববার জাতীয় অর্থনৈতিক পরিষদে (এনইসি) উঠছে। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করবেন। ইতিমধ্যে ৩৫ হাজার ১৩০ কোটি টাকার সংশোধিত এডিপির আকার চূড়ান্ত করা হয়েছে। তবে সংশোধিত এডিপিতে টাকার অঙ্ক কমলেও প্রকল্প বেড়েছে ২৬৪টি। চলতি ২০১০-১১ অর্থবছরের মূল এডিপির আকার ছিল ৩৮ হাজার ৫০০ কোটি টাকা। এর মধ্যে দেশজ সম্পদের পরিমাণ ২৩ হাজার ২০০ কোটি টাকা আর বিদেশি সহায়তার অংশ ১৫ হাজার ৩০০ কোটি টাকা। সংশোধিত এডিপিতে দেশজ সম্পদের জোগান কমছে না। পুরোটাই কমছে বিদেশি সহায়তার অংশ। সংশোধিত এডিপিতে বিদেশি সহায়তার অংশ ১১ হাজার ৯৩০ কোটি টাকা। মূল এডিপিতে প্রকল্পের সংখ্যা ছিল ৯১৬টি। অবশ্য এর মধ্যে নতুন প্রকল্প মাত্র ৯৪টি। সংশোধিত এডিপিতে প্রকল্পের সংখ্যা বাড়িয়ে করা হয়েছে এক হাজার ১৭০টি। আর গত ২০০৯-১০ অর্থবছরে এডিপির মোট প্রকল্প ছিল ৮৮৬টি, যার মধ্যে নতুন প্রকল্প ছিল ৩৫টি। সংশোধিত এডিপিতে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সবচেয়ে বেশি ছয় হাজার ৮৮ কোটি টাকা বরাদ্দ রয়েছে। এরপরে যোগাযোগ খাতে পাঁচ হাজার ২৪২ কোটি টাকা। উল্লেখ্য, প্রতি অর্থবছরের প্রথমার্ধ অতিক্রান্ত হওয়ার পর এডিপি সংশোধন করে আয়তন মূলের তুলনায় কমিয়ে আনা হয়। ২০০৯-১০ অর্থবছরের মূল এডিপির আয়তন ছিল ৩০ হাজার ৫০০ কোটি টাকা, যা পরে সংশোধন করে নামিয়ে আনা হয় ২৮ হাজার ৫০০ কোটি টাকায়। আর ২০০৮-০৯ অর্থবছরের মূল এডিপির আয়তন ছিল ২৫ হাজার ৬০০ কোটি টাকা, যা সংশোধিত এডিপিতে নেমে আসে ২৩ হাজার কোটি টাকায়।২০০৭-০৮ অর্থবছরের ২৬ হাজার ৫০০ কোটি টাকার মূল এডিপি সংশোধিত এডিপিতে নেমে আসে ২২ হাজার ৫০০ কোটি টাকায়। ২০০৬-০৭ অর্থবছরে ২৬ হাজার কোটি টাকার মূল এডিপি সংশোধন করে নামিয়ে আনা হয়েছিল ২১ হাজার ৬০০ কোটি টাকায়। আর ২০০৫-০৬ অর্থবছরের ২৪ হাজার ৫০০ কোটি টাকার এডিপি সংশোধিত হয়ে হয়েছে ২১ হাজার ৫০০ কোটি টাকা। ২০০৫-০৬ অর্থবছরেই প্রথম বাংলাদেশের এডিপির আয়তন ২০ হাজার কোটি টাকা অতিক্রম করে। এদিকে চলতি ২০১০-১১ অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) মাত্র ৩৩ শতাংশ বাস্তবায়ন হয়েছে। গত অর্থবছরে একই সময়ে এডিপি বাস্তবায়নের হার ছিল ৩৫ শতাংশ। জুলাই-জানুয়ারি সময়ে ১২ হাজার ৬৪১ কোটি টাকার ব্যয় করতে সমর্থ হয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলো। গত অর্থবছরের একই সময়ে ব্যয়ের পরিমাণ ছিল ১০ হাজার ৭০৭ কোটি টাকা। এডিপি বাস্তবায়নে দুর্বলতার বিষয়টি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত তাঁর দুই বাজেট বক্তৃতাতেই (২০০৯-১০ ও ২০১০-১১) স্বীকার করেছেন। গত বছর জুনে ২০১০-১১ অর্থবছরের বাজেট বক্তৃতায় তিনি বলেন, ‘আমি নিশ্চিত যে পরিবীক্ষণ কার্যক্রম জোরদার করা হলে বাস্তবায়ন হার আরও বৃদ্ধি পেত। এখন মন্ত্রণালয়গুলো বাজেট ঘোষণার পর পরই তাদের অনুকূলে বরাদ্দ করা অর্থ ব্যয় করতে পারে এবং আগামী তিন বছরে বরাদ্দ কী হতে পারে, তার আভাস তাঁদের জানা থাকে। তাই প্রত্যেকটি মন্ত্রণালয় টেন্ডার-প্রক্রিয়াসহ অনেক কাজ এগিয়ে রাখতে পারে। অধীনের বিভাগগুলোকে এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিতে পারে। প্রতিসংক্রম করতে পারে কেন্দ্রায়িত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা।’