সংশোধিত এডিপি নিয়ে জটিলতা কাটেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বার্ষিক উন্নয়ন কর্মসূচি (কোটি টাকায়)
বার্ষিক উন্নয়ন কর্মসূচি (কোটি টাকায়)

চলতি ২০১৩-১৪ অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) নিয়ে জটিলতা কাটেনি। অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মধ্যে গত এক মাসের টানাপোড়েনে আটকে আছে সংশোধিত এডিপি চূড়ান্ত করার প্রক্রিয়া।
অর্থ মন্ত্রণালয়ের বরাদ্দ প্রস্তাব মানেনি পরিকল্পনা কমিশন। অর্থ মন্ত্রণালয় যে বরাদ্দ দিতে চায়, তার চেয়ে সাড়ে ছয় হাজার কোটি টাকা বেশি চায় পরিকল্পনা কমিশন।
বিভিন্ন মন্ত্রণালয়ের প্রকল্পভিত্তিক চাহিদা অনুযায়ী পরিকল্পনা কমিশনের দাবি, সংশোধিত এডিপির জন্য ৬০ হাজার ৫৮২ কোটি ৮৬ লাখ টাকা দরকার।
পরিকল্পনা কমিশন মনে করছে, চলতি অর্থবছরে সমপরিমাণ অর্থ খরচ করা সম্ভব। তবে অর্থ মন্ত্রণালয়ের কাছ থেকে সমপরিমাণ অর্থ পাওয়ার নিশ্চয়তা এখনো মেলেনি।
চলতি অর্থবছরে পরিকল্পনা কমিশনের তদারকিতে বা আওতাধীন ৬৫ হাজার ৮৭০ কোটি টাকার এডিপি নেওয়া হয়েছে। কিন্তু যথেষ্ট পরিমাণ রাজস্ব আহরিত না হওয়ার পাশাপাশি কাঙ্ক্ষিত এডিপি বাস্তবায়ন না হওয়ায় প্রতিবারের মতো এবার কাটছাঁট করা হচ্ছে।
গত ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে ৫৪ হাজার কোটি টাকার মধ্যে সংশোধিত এডিপি চূড়ান্ত করার জন্য নির্দেশনা দিয়েছিল অর্থ মন্ত্রণালয়।
কিন্তু তখন থেকেই অর্থ মন্ত্রণালয়ের বেঁধে দেওয়া সংশোধিত এডিপির আকার মানতে রাজি নয় পরিকল্পনা কমিশন। আরও বরাদ্দ চায় পরিকল্পনা কমিশন। চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে পরিকল্পনা কমিশনের বর্ধিত সভায় বাড়তি বরাদ্দের পক্ষে মত দেওয়া হয়। সেই সভায় অর্থসচিব ফজলে কবির অর্থ মন্ত্রণালয়ের বরাদ্দের বিষয়ে অনড় থাকেন।
শেষ পর্যন্ত কোনো সুরাহা না হওয়ায় সংশোধিত এডিপিতে বাড়তি অর্থ বরাদ্দের বিষয়টি প্রধানমন্ত্রী পর্যন্ত গড়ায়। কয়েক দিন আগে গণভবনে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামালসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠকও করেন প্রধানমন্ত্রী। সেই সভায় বাস্তবায়নযোগ্য বরাদ্দ দেওয়ার নির্দেশনা দেওয়া হয়। এ ছাড়া রাজনৈতিক অস্থিরতায় তিন মাস প্রকল্প বাস্তবায়নে ধীরগতি পুষিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
এর পর থেকেই দ্বিতীয় দফায় এডিপিতে অন্তর্ভুক্ত প্রকল্পভিত্তিক বরাদ্দ মূল্যায়ন শুরু করেন পরিকল্পনা কমিশনের কর্মকর্তারা। সেই মূল্যায়ন অনুযায়ী, অর্থ মন্ত্রণালয়ে বরাদ্দের অতিরিক্ত ছয় হাজার ৫৮২ কোটি টাকা প্রাক্কলন করেছেন।
তবে বিদেশি সহায়তা নয়, সম্পূর্ণ দেশজ উৎস থেকে এই অর্থ প্রাক্কলন করা হয়েছে। এর মধ্য দিয়েই গতকাল বুধবার ৬০ হাজার ৫৮২ কোটি টাকার সংশোধিত এডিপির খসড়া আকার চূড়ান্ত করেছে পরিকল্পনা কমিশন। এখন অর্থ মন্ত্রণালয় থেকে এই আকারের অনুমোদন নিয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) পরবর্তী সভায় উপস্থাপন করা হবে।
তবে গত ফেব্রুয়ারি মাসে অর্থ মন্ত্রণালয় থেকে ৫৪ হাজার কোটি টাকার সংশোধিত এডিপির আকার জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছিল। সেই প্রস্তাবে স্থানীয় মুদ্রায় ৩২ হাজার ৮০০ কোটি টাকা আর প্রকল্প সাহায্য হিসেবে ২১ হাজার ২০০ কোটি টাকার সংস্থান রাখা হয়েছে।
পরিকল্পনা কমিশন সূত্র জানায়, সংশোধিত এডিপিতে ৭১৬টি নতুন প্রকল্প হিসেবে থাকছে। প্রোগ্রামিং কমিটির সভায় নতুন প্রকল্প হিসেবে ৮৮৭টি উত্থাপন করা হয়েছিল।
সবচেয়ে বেশি নতুন প্রকল্প এসেছে ভৌত অবকাঠামো নির্মাণ খাত থেকে। এ খাতে ১৬৪টি নতুন প্রকল্প রয়েছে। এ ছাড়া কৃষিতে ১১০টি ও সড়ক খাত থেকে ১০০ প্রকল্প প্রবেশ করেছে সংশোধিত এডিপিতে। এ ছাড়া চলতি অর্থবছরে ১৮৫টি প্রকল্প শেষ হবে।