সংশোধিত এডিপি নিয়ে মতবিরোধ
চলতি অর্থবছরের (২০১৩-১৪) সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (আরএডিপি) চূড়ান্ত করা নিয়ে অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মধ্যে বিরোধ দেখা দিয়েছে।
অর্থ মন্ত্রণালয় থেকে সংশোধিত এডিপির আকার ৫৪ হাজার কোটি টাকায় নামিয়ে আনার প্রস্তাব করা হয়েছে। কিন্তু পরিকল্পনা কমিশন এই প্রস্তাব মানতে রাজি নন। আরও বরাদ্দ চায় পরিকল্পনা কমিশন।
এ নিয়ে গতকাল সোমবার পরিকল্পনা কমিশনে বর্ধিত সভাও অনুষ্ঠিত হয়েছে। শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইছে পরিকল্পনা কমিশন।
সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রীই সংশোধিত এডিপির আকার চূড়ান্ত করবেন। তবে ৬০ হাজার কোটি টাকার এডিপি বাস্তবায়নযোগ্য বলে তিনি মনে করেন।
নিয়ম অনুযায়ী, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের (এনইসি) সভায় সংশোধিত এডিপির আকার চূড়ান্ত করা হয়। চলতি মাসেই এনইসি সভা অনুষ্ঠানের কথা। এবার এর আগেই এ নিয়ে জটিলতা তৈরি হয়েছে। সাধারণত অর্থের জোগানদাতা হিসেবে অর্থ মন্ত্রণালয়ের বেঁধে দেওয়া সংশোধিত এডিপি আকারের মধ্যে পরিকল্পনা কমিশন প্রকল্পভিত্তিক বরাদ্দ সমন্বয় করে থাকে।
পরিকল্পনা কমিশনের তদারকিতে বা আওতাধীন ৬৫ হাজার ৮৭০ কোটি টাকার এডিপি নেওয়া হয়েছে। কিন্তু যথেষ্ট পরিমাণ রাজস্ব আহরিত না হওয়ার পাশাপাশি কাঙ্ক্ষিত এডিপি বাস্তবায়ন না হওয়ায় প্রতিবারের মতো এবার কাটছাঁট করা হচ্ছে।
গত মাসে অর্থ মন্ত্রণালয় থেকে সংশোধিত এডিপিতে ৫৪ হাজার কোটি টাকা বরাদ্দের কথা জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়।
চলতি এডিপিতে প্রকল্প সংখ্যা বেশি থাকায় এবং অননুমোদিত ও বরাদ্দহীন প্রকল্প বেশি অনুমোদন দেওয়ায় আরও বরাদ্দ দাবি করছে পরিকল্পনা কমিশন। পরিকল্পনা কমিশনের একটি সূত্র জানিয়েছে, সব প্রকল্পকে ন্যূনতম যৌক্তিক বরাদ্দ দিতে হলে কমপক্ষে ৫৮ হাজার কোটি টাকা প্রয়োজন।
গতকাল বর্ধিত সভা শেষে পরিকল্পনামন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘সংশোধিত এডিপিতে কৃষি, যোগাযোগ, বিদ্যুৎ, শিক্ষা খাতে খুব একটা বরাদ্দ কমবে না। আমরা তো সংশোধিত এডিপির জন্য ৬৫ হাজার কোটি টাকাই চাইব। তবে তিন মাস এডিপির কোনো কাজ করা সম্ভব হয়নি।
পরিকল্পনামন্ত্রী আরও জানান, আগামী অর্থবছর থেকে এডিপিতে প্রকল্প সংখ্যা কমিয়ে আনা হবে। একই এলাকায় একাধিক প্রকল্প থাকলে তা গুচ্ছ প্রকল্পের মতো একটি প্রকল্প হিসেবে বাস্তবায়ন করা হবে। এ ছাড়া তিন বছরের বেশি মেয়াদকালের কোনো প্রকল্প নেওয়া হবে না।
এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় পরিকল্পনা কমিশনের সদস্য ছাড়াও অর্থসচিব ফজলে কবিরও উপস্থিত ছিলেন। সভা সূত্রে জানা গেছে, অর্থসচিব ৫৪ হাজার কোটি টাকা বরাদ্দের পক্ষেই অবস্থানে অনড় ছিলেন। অর্থ মন্ত্রণালয়ের বরাদ্দ অনুযায়ী সংশোধিত এডিপিতে স্থানীয় মুদ্রায় ৩২ হাজার ৮০০ কোটি টাকা আর প্রকল্প সাহায্য হিসেবে ২১ হাজার ২০০ কোটি টাকার সংস্থান রাখা হয়েছে।