সংশোধিত এডিপি পাস হচ্ছে কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি অর্থবছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অনুমোদনের জন্য আগামীকাল মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় উঠছে। সব মিলিয়ে (মূল এডিপি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের উন্নয়ন ব্যয়সহ) ৯০ হাজার ৮৯৪ কোটি ৬৮ লাখ টাকার সংশোধিত এডিপির প্রস্তাব করবে পরিকল্পনা কমিশন।

আগামীকাল সকাল সাড়ে দশটায় পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রকল্প বাস্তবায়ন করতে না পারায় প্রতিবারের মতো এবার এডিপির আকার ছোট করা হচ্ছে। এবার পরিকল্পনা কমিশনের তদারকিতে থাকা ৯৭ হাজার কোটি টাকার মূল এডিপি কমিয়ে ৮৮ হাজার কোটি টাকা করা হচ্ছে। মূল এডিপি কমছে নয় হাজার কোটি টাকা। এ ছাড়া স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন ব্যয় এক হাজার ১০২ কোটি টাকা কমিয়ে দুই হাজার ৯৮৪ কোটি ছয় লাখ টাকা করা হচ্ছে। সব মিলিয়ে সংশোধিত এডিপির আকার দাঁড়াচ্ছে ৯০ হাজার ৮৯৪ কোটি ৬৮ লাখ টাকা। তবে বিভিন্ন মন্ত্রণালয়ের পক্ষ থেকে বাড়তি বরাদ্দ দাবি করলে প্রধানমন্ত্রী নিজে এ সংশোধিত এডিপির আকার কিছুটা বাড়িয়ে দিতে পারেন বলে দায়িত্বশীল সূত্রে জানা গেছে।
পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, নতুন ২৪৬টি প্রকল্পসহ সংশোধিত এডিপিতে মোট প্রকল্পের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৩১৫টি। এ ছাড়া আরও ৭৪৬টি বরাদ্দহীন ও অননুমোদিত প্রকল্প অন্তর্ভুক্ত থাকছে সংশোধিত এডিপিতে। চলতি অর্থবছরে ৩২৪টি প্রকল্প শেষ করার পরিকল্পনা নেওয়া হয়েছিল। কিন্তু সংশোধিত এডিপিতে তা কমিয়ে এ সংখ্যা ২৭৭ করা হয়েছে।
পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, মূল এডিপিতে স্থানীয় উৎস থেকে সাড়ে ৬২ হাজার কোটি বরাদ্দ ছিল। সংশোধিত এডিপি তা কমিয়ে ৫৮ হাজার ৮৪০ কোটি টাকা করা হয়েছে। স্থানীয় উৎসের অর্থ কমেছে তিন হাজার ৬৬০ কোটি টাকা। আর বিদেশি সহায়তা কমেছে পাঁচ হাজার ৩৪০ কোটি টাকা। সংশোধিত এডিপিতে বরাদ্দ থাকছে ২৯ হাজার ১৬০ কোটি টাকা।