সংশোধিত এডিপি হচ্ছে সাড়ে ৩৫ হাজার কোটি টাকার
চলতি অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আয়তন সংশোধন করা হচ্ছে। সংশোধনের ফলে এর আয়তন কমে হবে সাড়ে ৩৫ হাজার কোটি টাকা। মূল এডিপির আয়তন সাড়ে ৩৮ হাজার কোটি টাকা। এ থেকে কাটছাঁট করা হচ্ছে তিন হাজার কোটি। এই কাটছাঁটে পুরোটাই বাদ যাবে বিদেশি সহায়তার লক্ষ্যমাত্রা থেকে। দেশজ উৎস থেকে প্রাপ্ত সম্পদের ক্ষেত্রে কোনো পরিবর্তন আনা হবে না। গত ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) বিদেশি সহায়তা যথাযথ ব্যবহার পরিস্থিতি নাজুক হওয়ায় এই উদ্যোগ নেওয়া হয়েছে। আর আগামী মাসে অনুষ্ঠেয় জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের (এনইসি) সভায় সংশোধিত এডিপির অনুমোদন হতে পারে বলে জানা গেছে। এর আগে মন্ত্রণালয় ও বিভাগগুলোর কাছ থেকে প্রাপ্ত চাহিদাপত্র বিবেচনা করে সংশোধিত এডিপি চূড়ান্ত করা হবে। গতকাল রোববার ছয় মাসের এডিপি অগ্রগতি নিয়ে বৈঠকে এডিপির আকার ছোট করার প্রাথমিক সিদ্ধান্ত হয়। এ বছর সাড়ে ৩৮ হাজার কোটি টাকার এডিপি নেওয়া হয়েছে। বৈঠকে পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকার সভাপতিত্ব করেন। পরিকল্পনা কমিশনে অনুষ্ঠিত বৈঠকে পরিকল্পনাসচিব মনজুর হোসেন, বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সচিব হাবিব উল্লাহ মজুমদার, সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সদস্য শামসুল আলমসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জুলাই-ডিসেম্বর সময়কালের এডিপির মাত্র ২৭ শতাংশ বাস্তবায়ন করা হয়েছে। চলতি এডিপিতে বিদেশি সহায়তার পরিমাণ ছিল ১৫ হাজার ৩০০ কোটি টাকা। কিন্তু অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) বিদেশি সহায়তার অর্থ ব্যয় হয়েছে দুই হাজার ৭৭০ কোটি টাকা বা বরাদ্দের মাত্র ১৮ শতাংশ। গতকালের বৈঠক সূত্রে জানা গেছে, বিদেশি সহায়তার অর্থ ব্যবহার করতে না পারায় সংশোধিত এডিপিতে এর পরিমাণ কমে দাঁড়াবে ১২ হাজার ৩০০ কোটি টাকায়। তবে এডিপিতে বিদেশি সহায়তার ব্যবহার কমে যাওয়ায় বৈঠকে উদ্বেগ প্রকাশ করেছেন পরিকল্পনামন্ত্রী। এ জন্য মন্ত্রণালয়গুলোকে তিনি অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সঙ্গে বসে আলোচনা করে সমস্যা সমাধানের পরামর্শ দিয়েছেন। বৈঠক সূত্র জানায়, উন্নয়ন-সহযোগীদের নজরদারি থাকায় শর্তযুক্ত বিদেশি সহায়তা ব্যবহার করা বেশ কঠিন। এতে দুর্নীতি করার সুযোগ থাকে না। অন্যদিকে দেশজ সম্পদ ব্যবহার করা হলে দুর্নীতি হয় সহজে। এবার বিদেশি সহায়তার ব্যবহার কমে যাওয়ার একটি অন্যতম কারণ হতে পারে এটা। মূল এডিপিতে বরাদ্দ থাকা ২৩ হাজার ২০০ কোটি টাকাই সংশোধিত এডিপিতে বহাল থাকবে। তবে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগগুলো সংশোধিত এডিপিতে স্থানীয় সম্পদে ২৯ হাজার ৭৭৮ কোটি টাকা বরাদ্দের জন্য চাহিদাপত্র দিয়েছে। কিন্তু গতকালের বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নিজেদের দক্ষতা অনুযায়ী পুরো অর্থবছরে তারা কতটা অর্থ ব্যয় করতে সক্ষম হবে, সেই হিসাবসহ চাহিদা উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। বৈঠক সূত্রে আরও জানা গেছে, চলতি অর্থবছরে এডিপিতে কোনো বরাদ্দ না থাকলেও নতুন করে ২০৪টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এসব প্রকল্পে বরাদ্দ দেওয়া হলে সংশোধিত এডিপিতে তা সংযুক্ত হয়ে মোট প্রকল্পের সংখ্যা দাঁড়াবে এক হাজার ১২০টিতে। বৈঠক সূত্রে জানা গেছে, পরিকল্পনামন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবদের মাঠ পর্যায়ে গিয়ে প্রকল্প বাস্তবায়ন তদারকির নির্দেশ দিয়েছেন। ক্রয় কার্যক্রম নাজুক: প্রকল্পের কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়নের ক্ষেত্রে ক্রয় পরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা মোট প্রকল্পের প্রায় ৮০ ভাগ ব্যয় হয় ক্রয়সংক্রান্ত কাজে। সাধারণত দরপত্র আহ্বান করে ঠিকাদারদের কার্যাদেশ দেওয়া হয়। প্রতি অর্থবছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) মধ্যে ক্রয় কার্যক্রম সম্পন্ন করার তাগিদ দেওয়া হয়। চলতি অর্থবছর ৫১টি মন্ত্রণালয়ের ক্রয় কার্যক্রমে মোট গুচ্ছের (প্যাকেজ) সংখ্যা ২৪ হাজার ৩৯৬। এসব ক্রয় গুচ্ছের অনুকূলে বরাদ্দ দেওয়া হয়েছে ২৪ হাজার ১০৫ কোটি টাকা। জুলাই-ডিসেম্বর সময়কালে প্রদান করা কার্যাদেশের সংখ্যা ১৩ হাজার ৪৫৭। এর বিপরীতে প্রকৃত ব্যয় হয়েছে চার হাজার ৮৫৮ কোটি টাকা, যা বরাদ্দের ২০ শতাংশ। চলতি এডিপিতে সর্বোচ্চ বরাদ্দপ্রাপ্ত ১০টি মন্ত্রণালয় ও বিভাগের ক্রয় কার্যক্রমে মোট গুচ্ছের সংখ্যা ১৯ হাজার ২৪৫। এর বিপরীতে ১০ হাজার ৯৪৩টির ক্রয় আদেশ দেওয়া হয়েছে। এতে ব্যয়ের পরিমাণ চার হাজার ৬৬ কোটি টাকা। চলতি অর্থবছরের জুলাই-ডিসেম্বর সময়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলো ১০ হাজার ২৮৪ কোটি টাকা খরচ করতে সমর্থ হয়েছে। এর মধ্যে দেশজ সম্পদের পরিমাণ সাত হাজার ৫১৪ কোটি টাকা।