সংশোধিত এডিপি হলো ৪০ হাজার ৫০০ কোটি টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি ২০১১-১২ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আয়তন সাড়ে পাঁচ হাজার কোটি টাকা কমিয়ে সংশোধন করা হয়েছে।এর ফলে সংশোধিত এডিপির আয়তন দাঁড়াল ৪০ হাজার ৫০০ কোটি টাকা। সরকার চলতি অর্থবছরের জন্য ৪৬ হাজার কোটি টাকার এডিপি নির্ধারণ করে, যা গত বছরের জুনে চূড়ান্ত হয়।কিন্তু অর্থবছরের প্রথমার্ধে এডিপি বাস্তবায়নের পরিমাণ খুব কম হওয়ায় ও বিদেশি সাহায্য কম পাওয়ায় যথারীতি এডিপির আয়তন কমানোর দিকে যেতে হয়েছে।এডিপির আয়তন যতটুকু কমানো হয়েছে, তার মধ্যে বেশির ভাগই বিদেশি সাহায্য থেকে কমানো হয়েছে, যার পরিমাণ তিন হাজার কোটি টাকা।অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে গত শনিবার সন্ধ্যায় সম্পদ কমিটির বৈঠকে সংশোধিত এডিপির বিষয়টি অনুমোদন করা হয়েছে।উল্লেখ্য, গত ২০১০-১১ অর্থবছরে মূল এডিপির আকার ছিল ৩৮ হাজার ৫০০ কোটি টাকা। পরে তা কমানো হলে সংশোধিত এডিপির আকার দাঁড়ায় ৩৫ হাজার ৮৮০ কোটি টাকা। তবে বছর শেষে ৩২ হাজার ৮৩০ কোটি টাকা খরচ করা সম্ভব হয়েছে।প্রতিবছরই এডিপি সংশোধন করা হয়। এবং তা সাধারণত মূল এডিপি থেকে কমানো হয়। তার পরও প্রায় কোনো সময়ই সংশোধিত এডিপির পুরোটা বাস্তবায়ন করা হয় না।২০০৯-১০ অর্থবছরে সংশোধিত এডিপির আকার ছিল ২৮ হাজার ৫০০ কোটি টাকা, যার খরচ হয়েছে ২৫ হাজার ৯১৭ কোটি টাকা। বাস্তবায়নের হার ৯১ শতাংশ। আর ওই বছর মূল এডিপির আয়তন ছিল ৩০ হাজার ৫০০ কোটি টাকা।এর আগের বছরে বা ২০০৮-০৯ অর্থবছরে সংশোধিত এডিপির ৪৬ শতাংশ বাস্তবায়িত হয়েছে। সে বছর মূল এডিপির আয়তন ছিল ২৬ হাজার ৫০০ কোটি টাকা, যার সংশোধিত আকার দাঁড়ায় ২৩ হাজার কোটি টাকা, খরচ হয়েছে ১৯ হাজার ৭০১ কোটি টাকা।২০০৭-০৮ অর্থবছরে এডিপির আয়তন ছিল ২৬ হাজার ৫০০ কোটি টাকা, যা কমিয়ে করা হয় ২২ হাজার ৫০০ কোটি টাকা। শেষ পর্যন্ত বাস্তবায়িত হয় ১৮ হাজার ৪৫০ কোটি টাকা, যা সংশোধিত বরাদ্দের ৮৩ দশমিক ৮০ শতাংশ।