সংশোধিত এডিপি ৭৫ হাজার কোটি টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি ২০১৪-১৫ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) সংশোধন করা হয়েছে। সংশোধিত এডিপির আকার নির্ধারিত হয়েছে ৭৫ হাজার কোটি টাকা।
জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় গতকাল মঙ্গলবার সংশোধিত এডিপি চূড়ান্ত করা হয়। রাজধানীর শেরেবাংলা নগরের পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এ সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করেন।
সভায় পরিকল্পনা কমিশনের পক্ষ থেকে ৭২ হাজার কোটি টাকার সংশোধিত এডিপি প্রস্তাব করা হয়। কিন্তু বিভিন্ন মন্ত্রণালয়ের দাবির পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী আরও তিন হাজার কোটি টাকা বাড়তি বরাদ্দ প্রদানের নির্দেশ দেন বলে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের জানান। তিনি বলেন, স্থানীয় উৎস থেকে এ বাড়তি টাকার জোগান দেওয়া হবে। মন্ত্রণালয়গুলোর চাহিদা অনুযায়ী এ অর্থ বরাদ্দ দেওয়া হবে।
এর ফলে সংশোধিত এডিপির আকার দাঁড়াল ৭৫ হাজার কোটি টাকা। এর মধ্যে স্থানীয় উৎস থেকে জোগান দেওয়া হবে ৫০ হাজার ১০০ কোটি টাকা। আর প্রকল্প সাহায্য বাবদ আসবে বাকি ২৪ হাজার ৯০০ কোটি টাকা।
উল্লেখ্য, চলতি অর্থবছরের বাজেটে পরিকল্পনা কমিশনের আওতাধীন মূল এডিপির আকার ছিল ৮০ হাজার ৩১৫ কোটি টাকা।
সংশোধিত এডিপিতে মোট প্রকল্পের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২০৪টি। এর মধ্যে বিনিয়োগ প্রকল্প ১ হাজার ১৪টি, কারিগরি প্রকল্প ১৬৯টি এবং জাপান উন্নয়ন সহায়তা তহবিলের (জেডিসিএফ) প্রকল্প ২১টি। এ ছাড়া সংশোধিত এডিপিতে সবুজ পাতায় বরাদ্দবিহীনভাবে সংযুক্ত অননুমোদিত নতুন প্রকল্পের সংখ্যা দাঁড়িয়েছে ৬০৫টি। আর বৈদেশিক সহায়তাপুষ্ট প্রকল্প রয়েছে ৩৫৬টি।
চলতি অর্থবছরে ২৮০টি প্রকল্প শেষ হবে বলে গতকালের সভায় ঠিক করা হয়েছে।
এনইসি সভা শেষে পরিকল্পনামন্ত্রী সাংবাদিকদের বলেন, অগ্রাধিকারমূলক প্রকল্প হিসেবে বিদেশি সহায়তাপুষ্ট প্রকল্প, অবকাঠামো প্রকল্প এবং এ বছর সমাপ্ত হবে এমন প্রকল্পগুলোকে বিবেচনায় এনে সংশোধিত এডিপি চূড়ান্ত করা হয়েছে।
৮ মাসে বাস্তবায়ন ৩৮%: চলতি অর্থবছরের মূল এডিপি বরাদ্দের বিপরীতে জুলাই-ফেব্রুয়ারি আট মাসে খরচ হয়েছে ৩২ হাজার ৩৮১ কোটি টাকা; যা মোট বরাদ্দের ৩৮ ভাগ মাত্র। আগের ২০১৩-১৪ অর্থবছরের একই সময়ে ব্যয় হয়েছিল ২৬ হাজার ৩৪৭ কোটি টাকা। এই অর্থ ওই বছরের মোট বরাদ্দের ৩৬ ভাগ। সেই তুলনায় এবার একই সময়ে ৬ হাজার ৩৪ কোটি টাকা বেশি ব্যয় হয়েছে। স্বায়ত্তশাসিত সংস্থা ও করপোরেশনের নিজস্ব অর্থায়নের প্রকল্পগুলোর বাস্তবায়নসহ এ হিসাবটি করা হয়েছে।
চলতি অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) ৩২ শতাংশ এডিপি বাস্তবায়িত হয়েছিল, যা বিগত চার বছরের মধ্যে সর্বনিম্ন। এ সময়ে খরচ হয় ২৫ হাজার ৮৫৮ কোটি টাকা। গত ২০১৩-১৪ অর্থবছরে এডিপির ৩৩ শতাংশ বা ২১ হাজার ৮৫৭ কোটি টাকা খরচ হয়েছিল। তার আগের ২০১২-১৩ ও ২০১১–১২ অর্থবছরের এডিপি বাস্তবায়নের হার ছিল যথাক্রমে ৩৮ শতাংশ ও ৩৪ শতাংশ।
এডিপি বাস্তবায়ন সম্পর্কে জানতে চাইলে পরিকল্পনা কমিশনের সদস্য (সাধারণ অর্থনীতি বিভাগ) শামসুল আলম সম্প্রতি প্রথম আলোকে বলেন, প্রতিবছরই এডিপির আকার ছোট করা হয়। তবে এটি বাস্তবসম্মত প্রক্রিয়ায় করা হয়। এক বছর আগে নেওয়া অর্থনৈতিক পরিকল্পনা অনেক সময় সঠিক পথে থাকে না। অনেক সময় রাজনৈতিক পরিস্থিতিও অনকূলে থাকে না।