সংশোধিত এডিপিতে ৫৫ হাজার কোটি টাকা দিতে চায় অর্থ মন্ত্রণালয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি ২০১৩-১৪ অর্থবছরের প্রস্তাবিত সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) আরও কিছু বরাদ্দ বাড়াতে চায় অর্থ মন্ত্রণালয়। এর আগে সংশোধিত এডিপির আকার ৫৪ হাজার কোটি টাকার মধ্যে সীমাবদ্ধ রাখার কথা বলেছিল অর্থ মন্ত্রণালয়।
তবে এখন এক হাজার কোটি টাকা বাড়িয়ে ৫৫ হাজার কোটি টাকা বরাদ্দ দিতে চায় অর্থ মন্ত্রণালয়। কিন্তু পরিকল্পনা কমিশন এটা মানতে রাজি নয়।
গত সপ্তাহে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামালের কাছে লেখা এক চিঠিতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানিয়ে দিয়েছেন, প্রয়োজনে আরও এক হাজার কোটি টাকা বাড়ানো যেতে পারে।
অর্থমন্ত্রীর চিঠি অনুযায়ী, জুলাই-ডিসেম্বর মাসের এডিপি বাস্তবায়ন বিশ্লেষণ করে দেখা গেছে, চলতি অর্থবছরের বাস্তবায়ন বিগত ছয় বছরের মধ্যে সর্বনিম্ন। আর বিদেশি সহায়তা হিসেবে থাকা অর্থও কাঙ্ক্ষিত হারে খরচ করা যাচ্ছে না। আর এসব বিবেচনা করে চলতি অর্থবছরে এডিপিতে বরাদ্দ থাকা প্রায় ১১ হাজার কোটি টাকা খরচ করা সম্ভব হবে না।
এদিকে সংশোধিত এডিপির জন্য ৬০ হাজার ৫৮২ কোটি টাকা বরাদ্দ চায় পরিকল্পনা কমিশন। বরাদ্দ নিয়ে দর-কষাকষিতে সাড়ে ছয় হাজার কোটি টাকা বাড়তি চেয়ে মাত্র এক হাজার কোটি টাকা পেল পরিকল্পনা কমিশন। কিন্তু পরিকল্পনা কমিশন এই বরাদ্দ দাবি থেকে সরে আসতে রাজি নয়। পরিকল্পনা কমিশনের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, প্রকল্প বেশি হওয়ায় ও সরকারের অগ্রাধিকার প্রকল্প বাস্তবায়নের তাগিদ থাকায় অর্থ মন্ত্রণালয়ের বরাদ্দ মেনে নেওয়া কঠিন। এ ছাড়া রাজনৈতিক অস্থিরতায় চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর) উন্নয়নকাজের গতি বেশ শ্লথ ছিল। তাই এখন কাজের গতি বাড়িয়ে তা পুষিয়ে নেওয়া হচ্ছে।
চলতি অর্থবছরে পরিকল্পনা কমিশনের তদারকিতে বা আওতাধীন ৬৫ হাজার ৮৭০ কোটি টাকার এডিপি নেওয়া হয়েছে। কিন্তু যথেষ্ট পরিমাণ রাজস্ব আহরিত না হওয়ার পাশাপাশি কাঙ্ক্ষিত এডিপি বাস্তবায়ন না হওয়ায় প্রতিবারের মতো এবার কাটছাঁট করা হচ্ছে।