সংশোধিত এডিপির আকার ৫৪ হাজার কোটি টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ পর্যন্ত এবারও বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) থেকে বিশাল অঙ্কের অর্থ কাটছাঁট করা হচ্ছে। চলতি ২০১৩-১৪ অর্থবছরের সংশোধিত এডিপির আয়তন দাঁড়াচ্ছে ৫৪ হাজার কোটি টাকা। মূল এডিপি থেকে প্রায় ১২ হাজার কোটি টাকা কমিয়ে আনা হচ্ছে।
গত সপ্তাহে অর্থ মন্ত্রণালয় থেকে সংশোধিত এডিপির আকার জানিয়ে পরিকল্পনা কমিশনকে প্রকল্পভিত্তিক অর্থ বরাদ্দের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে।
অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সংশোধিত এডিপিতে স্থানীয় মুদ্রায় ৩২ হাজার ৮০০ কোটি টাকা আর প্রকল্প সাহায্য হিসেবে ২১ হাজার ২০০ কোটি টাকার সংস্থান রাখা হয়েছে।
পরিকল্পনা কমিশন সূত্র জানায়, সংশোধিত এডিপিতে ৭১৬টি নতুন প্রকল্প হিসেবে থাকছে। প্রোগ্রামিং কমিটির সভায় নতুন প্রকল্প হিসেবে ৮৮৭টি উত্থাপন করা হয়েছিল। সবচেয়ে বেশি নতুন প্রকল্প এসেছে ভৌত অবকাঠামো নির্মাণ খাত থেকে। এই খাতে ১৬৪টি নতুন প্রকল্প রয়েছে। এ ছাড়া কৃষিতে ১১০টি ও সড়ক খাত থেকে ১০০টি প্রকল্প প্রবেশ করেছে সংশোধিত এডিপিতে। এ ছাড়া চলতি অর্থবছরে ১৮৫টি প্রকল্প শেষ হবে।
প্রতিবছর সংশোধিত এডিপিতে নতুন প্রকল্প বেশি করে অন্তর্ভুক্ত করা হয়। পরের বছরের এডিপিতে নতুন প্রকল্প কম দেখানো হয়। বলা হয়, সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করতে নতুন প্রকল্প কম নেওয়া হয়েছে।
বেশ কয়েক বছর পর আবারও এডিপির থোক বরাদ্দ থেকে খরচ করা হচ্ছে। দুটি প্রকল্পে ২৯৬ কোটি টাকা থোক বরাদ্দ থেকে দেওয়া হচ্ছে। এর মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন প্রকল্পের (প্রথম পর্যায়) ২৪৬ কোটি টাকা এবং সিলেট বিভাগীয় স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়ামে উন্নীতকরণ প্রকল্পে ৫০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, থোক বরাদ্দ থেকে সাধারণত প্রাকৃতিক দুর্যোগ কিংবা জাতীয় প্রয়োজনে খরচ করা হয়। চলতি এডিপিতে ৪৫৪ কোটি টাকা থোক বরাদ্দ রাখা হয়েছে।
চলতি অর্থবছরে পরিকল্পনা কমিশনের আওতাধীন ৬৫ হাজার ৮৭০ কোটি টাকার এডিপি নেওয়া হয়েছে। কিন্তু যথেষ্ট পরিমাণ রাজস্ব না পাওয়ার পাশাপাশি কাঙ্ক্ষিত এডিপি বাস্তবায়ন না হওয়ায় প্রতিবারের মতো এবারও কাটছাঁট করা হচ্ছে। প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) মাত্র ২৭ শতাংশ এডিপি বাস্তবায়ন হয়েছে, যা গত পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন।
সাধারণত অর্থ মন্ত্রণালয় এডিপি বা সংশোধিত এডিপির আকার নির্ধারণ করে দেয়। আর পরিকল্পনা কমিশন সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর চাহিদামতো প্রকল্প ও বরাদ্দ সমন্বয় করে। এ বছরও সংশোধিত এডিপির বরাদ্দ সমন্বয়ে বেশ কিছু নীতিকৌশল অনুসরণের নির্দেশ দিয়েছে অর্থ মন্ত্রণালয়। এগুলোর মধ্যে অন্যতম হলো প্রকল্প সাহায্য কমলে সেই অনুপাতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের স্থানীয় মুদ্রায় জোগান কমানো, অগ্রগতি পর্যালোচনা করে বরাদ্দ দেওয়া, কম গুরুত্বপূর্ণ প্রকল্প বাদ দিয়ে অধিক গুরুত্বপূর্ণ প্রকল্পকে অগ্রাধিকার দেওয়া।