সংশোধিত বাজেটে চরাঞ্চলের জন্য থোক বরাদ্দের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের কারণে উত্তরাঞ্চলে মঙ্গা দূর হলেও চরাঞ্চলে নীরব মঙ্গা চলছে। ৭৫ শতাংশ চরবাসী বছরের অর্ধেক সময়ই তিনবেলা খেতে পায় না এবং নানা ঝুঁকির মধ্যে বসবাস করে।তাই বাজেটে চরাঞ্চলের মানুষের জন্য ২০১২-১৩ অর্থবছরের সংশোধিত বাজেটে আলাদা থোক বরাদ্দ করা প্রয়োজন।‘চরের অতিদরিদ্র মানুষের খাদ্যনিরাপত্তা’ শীর্ষক এক মতবিনিময় সভায় বক্তারা এই আহ্বান জানান। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) গতকাল বৃহস্পতিবার যৌথভাবে এই সভার আয়োজন করে উন্নয়ন সমন্বয় ও কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড বাংলাদেশ।মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান খোন্দকার ইব্রাহিম খালেদ। এতে সভাপতিত্ব করেন উন্নয়ন সমন্বয়ের প্রকল্প সমন্বয়কারী শাহীন উল আলম। সভায় নদী ও জীবন-২ প্রকল্পের দুই সমন্বয়কারী যথাক্রমে উন্নয়ন সমন্বয়ের জাহিদ রহমান ও কনসার্ন ওয়ার্ল্ডওয়াইডের গোলাম সারোয়ার তালুকদার বক্তব্য দেন।ইব্রাহিম খালেদ বলেন, চরাঞ্চলের মানুষের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হলে বিভিন্ন ধরনের উদ্যোগ নিতে হবে। বাজেটে আলাদাভাবে বরাদ্দ দিতে হবে। কারণ উপজেলা কিংবা ইউনিয়ন পর্যায়ের বরাদ্দ নদী পার হয়ে চরাঞ্চলের মানুষের কাছে পৌঁছায় না। এ জন্য সরকারি ও বেসরকারি সংস্থাগুলোকে একই সঙ্গে এগিয়ে আসতে হবে।