সংশোধিত ব্যাংক কোম্পানি আইনে সামঞ্জস্য জরুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্যাংক খাতে সুশাসন নিশ্চিত করতে সংশোধিত ব্যাংক কোম্পানি আইন ২০১৩-এর কিছু ধারার অসামঞ্জস্যতা, অসম্পূর্ণতা ও অস্পষ্টতা দূর করা প্রয়োজন। ব্যাংক কোম্পানি আইন ১৯৯১-এর ৭৬টি ধারায় পরিবর্তন আনা হয়েছে, যেখানে অসম্পূর্ণতা ও অস্পষ্টতা আছে, যা স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের মধ্যে একধরনের দ্বান্দ্বিক অবস্থা তৈরি করবে ।
‘সংশোধিত ব্যাংক কোম্পানি আইন ২০১৩-এর কিছু ধারায় পরিবর্তন, এর বিশ্লেষণী পর্যালোচনা ও প্রভাব’ শীর্ষক এক সভায় বক্তারা এসব কথা বলেন। ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) সম্প্রতি এই সভার আয়োজন করে। রাজধানীতে সিএ ভবনে আয়োজিত এই সম্মেলনে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী ও আইসিএবির সভাপতি মো. আবদুস সালাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইসলামী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমান ভুইয়া ও আইএফআইসি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এস এম আবদুল হামিদ।
এস কে সুর চৌধুরী বলেন, দেশের ব্যাংকিং খাতকে এগিয়ে নেওয়ার জন্য, স্বচ্ছতা ও উন্নয়নের জন্য নিরীক্ষকদের ভূমিকা গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ব্যাংকের নীতিনির্ধারণ হয় নিরীক্ষা প্রতিবেদনের ওপর। যেখানে নিরীক্ষকদের স্বচ্ছতার প্রতিফলন না থাকলে বাংলাদেশ ব্যাংকের পক্ষে সঠিক নীতিনির্ধারণ সম্ভব হবে না।
ইন্টারন্যাশনাল ফিন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড-সম্পর্কিত কিছু শর্ত ব্যাংকিং কোম্পানি (সংশোধিত) আইন ২০১৩-এ সংযোজন করা প্রয়োজন বলে মনে করেন আবদুস সালাম।