সংশোধিত লক্ষ্য অর্জন করল এনবিআর
বিদায়ী অর্থবছরের সংশোধিত লক্ষ্য অর্জন করল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গত অর্থবছরে ১ লাখ ৮৫ হাজার ৩ কোটি ৬৯ লাখ টাকা আদায় হয়েছে। অর্থবছরের সংশোধিত লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ৮৫ হাজার কোটি টাকা। তবে এনবিআরের রাজস্ব আদায়ের মূল লক্ষ্য অনেক বেশি ছিল। মূল লক্ষ্য ছিল ২ লাখ ৩ হাজার ১৫২ কোটি টাকা।
আজ বুধবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য দেয় এনবিআর। সেগুনবাগিচার এনবিআর কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, রাজস্ব আদায়ে স্মরণকালের রেকর্ড প্রবৃদ্ধি ১৯ শতাংশ হয়েছে। টানা তিন বছর সংশোধিত রাজস্ব লক্ষ্য অর্জন করল এনবিআর। গত অর্থবছরে মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট আদায় হয়েছে ৬৬ হাজার ৮৯২ কোটি টাকা। ৬৩ হাজার ৭৮১ কোটি টাকার আয়কর আদায় হয়েছে। এ ছাড়া আমদানি শুল্ক আদায়ের পরিমাণ ৫৪ হাজার ৩৩০ কোটি টাকা।
নতুন ভ্যাট আইন বাস্তবায়ন না হওয়ায় কত টাকার রাজস্ব ক্ষতি হবে—এমন প্রশ্ন করলে সংবাদ সম্মেলনে এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান বলেন, এনবিআর এ নিয়ে পর্যালোচনা করছে। তবে একটা শূন্যতা তৈরি হয়েছে। সংশোধন করা হতে পারে।
তিনি আরও বলেন, ‘ইতিমধ্যে সেবাধর্মী প্রতিষ্ঠানের প্রধানদের জনগণকে যথাযথ সেবা দেওয়ার জন্য চিঠি লিখেছি। সেবা দিলে জনগণ কর দিতে আরও উৎসাহিত হবে।’
চলতি অর্থবছরের রাজস্ব লক্ষ্য অর্জন সম্ভব বলে মনে করেন এনবিআর চেয়ারম্যান। তিনি বলেন, ইতিমধ্যে রাজস্ব আদায়ের কৌশল নির্ধারণ করা হচ্ছে।
চলতি অর্থবছরে এনবিআরের রাজস্ব আদায়ের লক্ষ্য ২ লাখ ৪৮ হাজার ১৯০ কোটি টাকা।