অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জাতীয় সংসদে আগামী ৪ জুন বৃহস্পতিবার ২০১৫-১৬ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন। অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
এটি হবে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকারের দ্বিতীয় মেয়াদের দ্বিতীয় আর টানা দুই মেয়াদের ১০ বছরের হিসাব বিবেচনায় নিলে সপ্তম বাজেট।
বাজেট পাস হবে ৩০ জুন। তার আগের দিন ২৯ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অর্থমন্ত্রী প্রস্তাবিত বাজেটের ওপর সমাপনী বক্তব্য দেবেন।
চলতি ২০১৪-১৫ অর্থবছরের বাজেটের আকার ২ লাখ ৫০ হাজার ৫০৬ কোটি টাকা। তার আগের বছরের বাজেট ছিল ২ লাখ ২২ হাজার ৪৯১ কোটি টাকার।
বাজেট নিয়ে কাজ করছে মন্ত্রণালয়ের এমন সূত্রগুলো জানায়, আগামী বাজেটের আকার এখনো নির্ধারিত হয়নি। তবে প্রতিবছরের বৃদ্ধির ধারাবাহিকতায় আগামী বাজেটের আকার ২ লাখ ৯০ হাজার কোটি টাকার মতো হতে পারে।
সূত্র জানায়, বিগত তত্ত্বাবধায়ক সরকারের দুই বছর ও আওয়ামী লীগ সরকারের দুই মেয়াদে টানা সাত বছরের মধ্যে এবারই বাজেটের আকার সবচেয়ে কম বাড়ছে।
বর্তমান ২০১৪-১৫ অর্থবছরে বাজেটের আকার আগেরবারের তুলনায় বেড়েছিল ১২ শতাংশ। অন্য বছরগুলোর মধ্যে ২০১৩-১৪ অর্থবছরে ১৮ শতাংশ, ২০১২-১৩ অর্থবছরে ২৩ দশমিক ৭৭ শতাংশ, ২০১১-১২ অর্থবছরে ১৪ দশমিক ৫ শতাংশ, ২০১০-১১ অর্থবছরে ১৬ দশমিক ১২ শতাংশ, ২০০৯-১০ অর্থবছরে ১৩ দশমিক ৮৫ শতাংশ এবং ২০০৮-০৯ অর্থবছরে ১৪ দশমিক ৭১ শতাংশ বাড়ানো হয়েছিল বাজেটের আকার।
এদিকে অর্থমন্ত্রী আজ রোববার থেকে প্রাক-বাজেট আলোচনা শুরু করছেন। রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলনকক্ষে প্রথম আলোচনাটি করবেন তিনি দেশের অর্থনীতিবিদ-গবেষক ও চিন্তাশীল নাগরিকদের চারটি সংগঠনের সদস্যদের সঙ্গে। সংগঠনগুলো হচ্ছে—বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস), বাংলাদেশ অর্থনীতি সমিতি, পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই) ও ইকোনমিক রিসার্চ গ্রুপ (ইআরজি)।
এ ছাড়া বেসরকারি সংস্থাগুলোর (এনজিও) সঙ্গে ৭ এপ্রিল, অর্থনীতিবিদ ও পেশাজীবীদের সঙ্গে ৮ এপ্রিল এবং চ্যানেল আইয়ের উদ্যোগে কৃষি বাজেট নিয়ে আলোচনা করবেন ৯ এপ্রিল।
বিশ্বব্যাংক-আইএমএফের (আন্তর্জাতিক মুদ্রা তহবিল) বসন্তকালীন বৈঠকসহ কয়েকটি কর্মসূচিতে অংশ নিতে অর্থমন্ত্রী ১৩-২৩ এপ্রিল যুক্তরাষ্ট্রে থাকবেন। ২৫ এপ্রিল ফিরে এসে আবার ২৭-২৮ এপ্রিল তিনি আলোচনা করবেন সব মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সঙ্গে।
এরপর অর্থনৈতিক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সদস্যদের সঙ্গে ২৯ এপ্রিল, সংসদের বিভিন্ন স্থায়ী কমিটির সঙ্গে ১০-১২ মে এবং গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে ১৪ মে প্রাক-বাজেট আলোচনা করবেন অর্থমন্ত্রী।