সংসদে ব্যাংক খাতের তীব্র সমালোচনা

দেশের ব্যাংক খাতে জালিয়াতি ও অর্থ কেলেঙ্কারি নিয়ে জাতীয় সংসদের বাজেট অধিবেশনে ব্যাপক সমালোচনা হয়েছে। বেসিক ব্যাংক, সোনালী ব্যাংকে হল-মার্ক কেলেঙ্কারি, জনতা ব্যাংকসহ কয়েকটি ব্যাংকে বিসমিল্লাহর ঋণ কেলেঙ্কারি নিয়ে বিস্তর সমালোচনা করেছেন বিরোধী দল জাতীয় পার্টির ও স্বতন্ত্র সাংসদেরা। সরকারি দলের কোনো কোনো সাংসদও এসব আলোচনায় অংশ নিয়েছেন।
পুঁজিবাজার থেকে অর্থ লুটপাট নিয়েও সাংসদেরা সমালোচনা করেছেন। তাঁরা বলেছেন, ব্যাংক খাতে জনগণের আমানতের অর্থ আজ ঝুঁকির মধ্যে চলে গেছে। বাংলাদেশ ব্যাংক এসব বিষয়ে কোনো ব্যবস্থা তো নেয়ইনি, বরং কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ পর্যায়ের কোনো কোনো কর্মকর্তা এসব ঋণ কেলেঙ্কারির ভাগীদার। এ ক্ষেত্রে সরকারের ব্যর্থতার বিষয়টি সাংসদেরা তীব্র ভাষায় সমালোচনা করেছেন।
বলা হয়েছে, শেয়ার কেলেঙ্কারির পর খোন্দকার ইব্রাহিম খালেদের নেতৃত্বে গঠিত কমিটির প্রতিবেদন অনুসারে কোনো ব্যবস্থাও নেওয়া হয়নি।
আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হওয়া ২০১৪-১৫ নতুন অর্থবছরের জাতীয় বাজেট পাসের দিন গতকাল রোববারও এসব সমালোচনা হয়েছে। সাংসদেরা চলতি ২০১৩-১৪ অর্থবছরের সম্পূরক বাজেট পাসের আগেও ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের জন্য অতিরিক্ত ৪৪০ কোটি টাকা বরাদ্দ দেওয়ার বিরোধিতা করেছেন। তাঁরা সে সময় বলেন, দিনে-দুপুরে একেকটা ব্যাংক ডাকাতি হচ্ছে। বেসিক ব্যাংকে লুটপাটের জন্য পরিচালনা পর্ষদ ভেঙে দিতে বাংলাদেশ ব্যাংক সুপারিশ করলেও তা করা হচ্ছে না। হল-মার্ক গ্রুপ, বিসমিল্লাহ গ্রুপ টাকা নিয়ে গেল, বাংলাদেশ ব্যাংক তদারক করছে না। বাংলাদেশ ব্যাংকের অসাধু কর্মকর্তা, ব্যাংকের পরিচালনা পর্ষদ আর ব্যবস্থাপনার শীর্ষ কর্মকর্তারা যোগসাজশে লুটপাট করছেন। ফলে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে অতিরিক্ত টাকা না দিয়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক) তা দিতে প্রস্তাব করেন তাঁরা।
নতুন বাজেটে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের জন্য বরাদ্দ নিয়েও গতকাল একই ধরনের সমালোচনা হয়েছে। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগে বরাদ্দ দিতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের প্রস্তাবের পাল্টা বক্তব্য দেন কয়েকজন বিরোধী দল ও স্বতন্ত্র সদস্য। তাঁরা এই বরাদ্দের বিপরীতে বরং ছাঁটাই প্রস্তাব আনেন।
স্বতন্ত্র সাংসদ তাহজীব আলম সিদ্দিকী বলেন, বেসিক ব্যাংকে ব্যাপক জালিয়াতি হলো, পর্ষদ ভেঙে দেওয়ার প্রস্তাব করা হলেও কোনো ব্যবস্থা হয়নি। এর আগে সোনালী ব্যাংকে হল-মার্ক কেলেঙ্কারির পরও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সরকার বরং ব্যাংকগুলোতে পুনর্ভরণ (রি-ক্যাপিটালাইজেশন) করছে। জনগণের করের টাকা এই ব্যাংকগুলোতে দেওয়া হচ্ছে। এভাবে চলতে পারে না। অনিয়ম হলে তো ব্যবস্থা নিতে হবে। তিনি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খাতে বাজেটীয় বরাদ্দ ৭২২ কোটি টাকা ছাঁটাই করে তা জনগণের স্বাস্থ্য উন্নয়নে স্বাস্থ্য খাতে বরাদ্দের প্রস্তাব করেন।
জাতীয় পার্টির সাংসদ নুরুল ইসলাম মিলন বলেন, তদারকির অভাবে ব্যাংকগুলোতে লুটপাট হচ্ছে। কোনো কোনো ব্যাংক ইসলামী ব্যাংকের নামে জামায়াত-শিবিরকে দিচ্ছে। তিনি বলেন, ‘গত বছর বরাদ্দ বেশি দেওয়া হয়েছিল, তা লুটপাট হয়েছে। এবার যদি আরও বাড়ানো হয়, তবে আরও লুটপাট বাড়বে।’
স্বতন্ত্র সাংসদ রুস্তম আলী ফরাজী বলেন, রাষ্ট্রব্যবস্থার চাবিকাঠি হলো ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো। কিন্তু হল-মার্ক, ডেসটিনি, বেসিক ব্যাংকে লুটপাট করে খোসা বানিয়ে ফেলা হয়েছে। তিনি আরও বলেন, ‘হল-মার্ক, বেসিক ব্যাংক কেলেঙ্কারি ঘটল। ব্যাংকের টাকা চলে গেল। সুইস ব্যাংকে টাকা চলে গেল। সরকারের ছত্রচ্ছায়া ছাড়া এ ধরনের দুর্নীতি করা সম্ভব নয়।’
এসব সমালোচনার জবাবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ব্যাংক খাতে মাঝেমধ্যে এমন ঘটনা হয়ে থাকে। সোনালি ও বেসিক ব্যাংকে জালিয়াতি হয়েছে। সেগুলোর ব্যবস্থা নেওয়া হয়েছে। অতীতে এমন ঘটনায় কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। কিন্তু এই আমলে ব্যবস্থা নেওয়া হয়েছে। এবারই প্রথম একজন ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। বেসিক ব্যাংকের এমডিকে অপসারণ করা হয়েছে। পরিচালনা পর্ষদ পরিবর্তনের কথা বলা হয়েছে। শিগগিরই এটা সবাই দেখবেন।
সাংসদের অভিযোগগুলো স্বীকার করে অর্থমন্ত্রী বলেন, ‘সংসদ এ ব্যাপারে সচেতন। এতে করে শুধু সরকার নয়; যারা দুর্নীতি করে, তারাও সতর্ক হবে।’ তিনি এই পর্যায়ে ছাঁটাই প্রস্তাবগুলো প্রত্যাহারের প্রস্তাব করেন। পরে কণ্ঠভোটে ছাঁটাই প্রস্তাবগুলো বাতিল হয়ে যায়।
অবশ্য ঠিক এক মাস আগে গত ২৯ মে বাংলাদেশ ব্যাংক বেসিক ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিতে সরকারের কাছে সুপারিশ করেছে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৬ ও ৪৭ ধারা উল্লেখ করে কেন্দ্রীয় ব্যাংক অর্থ মন্ত্রণালয়ে এ-সংক্রান্ত সুপারিশটি পাঠায়। গতকাল পর্যন্ত অর্থ মন্ত্রণালয় কোনো ব্যবস্থা নেয়নি।
অন্যদিকে অনিয়ম-দুর্নীতির কারণে কোনো ব্যাংকের এমডিকে অপসারণের ঘটনা বেসিক ব্যাংকেই প্রথম নয়। এর আগে ২০০২ সালে ওম প্রকাশের ঋণ কেলেঙ্কারির দায়ে চার ব্যাংকের (ওয়ান ব্যাংক, এনসিসি ব্যাংক, ন্যাশনাল ব্যাংক ও ঢাকা ব্যাংক) এমডিকে অপসারণ করা হয়। প্রিমিয়ার ব্যাংকের এমডিকে অপসারণ করা হয় আইপিওতে শেয়ার বরাদ্দের কেলেঙ্কারির দায়ে। পুনর্গঠিত বর্তমান আইসিবি ইসলামী ব্যাংকে (সাবেক ওরিয়েন্টাল) ব্যাপক ঋণ অনিয়মের দায়ে ২০০৬ সালে ওই ব্যাংকের এমডিকে অপসারণ করা হয়, পর্ষদ ভেঙে দিয়ে কেন্দ্রীয় ব্যাংক প্রশাসক নিয়োগ দেয়।
সার্বিক বিষয়ে মতামত জানতে কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে বলেন, ‘সাংসদদের অভিযোগগুলো তো সত্য। ঘটনাগুলো ঘটেছে। তবে বেশির ভাগ ক্ষেত্রেই ঘটনা ঘটেছে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোতে। সরকার ব্যাংকগুলোতে পরিচালক নিয়োগ করে। প্রাথমিকভাবে তাদের দায়িত্ব হচ্ছে এ ধরনের ঘটনা যাতে না ঘটে, সেটা নিশ্চিত করা। আর ঘটনা ঘটলে কেন্দ্রীয় ব্যাংক তা তদারক করে ব্যবস্থা নিতে পারে। এ ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের কোনো দুর্বলতা আছে কি না, তা খতিয়ে দেখা যায়।
অন্যদিকে ২০০৯-১০ সময়কালে শেয়ার কেলেঙ্কারি বিষয়ে খালেদ কমিটির প্রতিবেদন বিষয়ে ইব্রাহিম খালেদ বলেন, দুই বছর হলেও তেমন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। কিছু পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে। কিন্তু কারও কোনো শাস্তি হয়নি।
চলতি বছরের সম্পূরক বাজেট পাসের দিন অর্থমন্ত্রী বেসিক ব্যাংক, হল-মার্ক কেলেঙ্কারি, শেয়ারবাজারে উত্থান-পতন নিয়ে আলোচনাগুলোকে গুরুত্বে দেন। বলেন, ‘আর্থিক খাতের কেলেঙ্কারি আমার মন্ত্রণালয়ের জন্য লজ্জাজনক, দুঃখজনক। জাতির জন্যও দুঃখজনক।’ এ পর্যায়ে তিনি আর্থিক খাতের কেলেঙ্কারির ওপর শ্বেতপত্র প্রকাশ করবেন বলেও জানান। যদিও এই সময়ে তিনি তা করেননি।
এ বিষয়ে ইব্রাহিম খালেদ গতকাল বলেন, ‘অর্থমন্ত্রী শ্বেতপত্র প্রকাশ করতে চান, করবেন। তার থেকে বেশি দরকার হচ্ছে ব্যবস্থা নেওয়া। বেসিক ব্যাংকের পর্ষদ এক মাস হলেও কেন ভেঙে দেওয়া হচ্ছে না? এসব ব্যবস্থা নেওয়া তো জরুরি।’