সংস্কার কার্যক্রম দ্রুত শুরুর তাগিদ দিল সিএসই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্টক এক্সচেঞ্জের মালিকানা থেকে ব্যবস্থাপনা পৃথক্করণসহ (ডিমিউচুয়ালাইজেশন) বাজেটে ঘোষিত পুঁজিবাজারের সংস্কার কার্যক্রম দ্রুত শুরু করার আহ্বান জানিয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) কর্তৃপক্ষ। সংস্থাটি বলছে, ‘ঘোষিত বাজেটে পুঁজিবাজারের যেসব সংস্কার কার্যক্রমের কথা বলা হয়েছে, আমরা আশা করছি অর্থবছরের প্রথমার্ধেই সেসব কাজ শুরু করা হবে।’ এ ক্ষেত্রে সিএসইর পক্ষ থেকে সরকারকে সর্বাত্মক সহযোগিতারও আশ্বাস দেওয়া হয়। গতকাল শনিবার দুপুরে ঢাকায় বাজেটোত্তর এক সংবাদ সম্মেলনে সংস্থাটির সভাপতি আল মারুফ খান তাঁর লিখিত বক্তব্যে এ আশ্বাস দেন। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংস্থাটির সাবেক সভাপতি ফখরুদ্দিন আলী আহমেদ, পরিচালক আবু সাঈদ মোহাম্মদ শহীদুল্লাহ, বিজন চক্রবর্ত্তী, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ সাজিদ হোসেন প্রমুখ।সিএসইর সভাপতি বলেন, ‘বিগত অর্থবছরের বাজেটে পুঁজিবাজার-সংশ্লিষ্ট বিধানগুলো বাজারবান্ধব ছিল। তাই সেসব বিধান নতুন অর্থবছরেও বহাল রাখায় আমরা সিএসইর পক্ষ থেকে বাজেটকে স্বাগত জানাই।’মারুফ খান বলেন, ‘নতুন করে কয়েকটি প্রণোদনা ঘোষণা করা হয়েছে। তার মধ্যে লভ্যাংশ আয়ের করমুক্ত সীমা পাঁচ হাজার থেকে বাড়িয়ে ২৫ হাজার টাকা করার প্রস্তাবটি পুনর্বিবেচনার আহ্বান জানাচ্ছি। এটি করা হলে সাধারণ বিনিয়োগকারীরা দীর্ঘ মেয়াদে শেয়ার ধরে রাখার ব্যাপারে আগ্রহী হবেন। এ ছাড়া ব্রোকারেজ হাউসের লেনদেনের ওপর বিদ্যমান উৎসে করহার দশমিক শূন্য ৫ শতাংশ থেকে কমিয়ে দশমিক শূন্য ১৫ শতাংশ করার দাবি জানিয়েছিলাম। কিন্তু বাজেটে তার প্রতিফলন ঘটেনি। তাই এটিও পুনর্বিবেচনার জন্য আমরা দাবি জানাচ্ছি।’ ঘোষিত বাজেটে মার্চেন্ট ব্যাংকের প্রাতিষ্ঠানিক করহার কমানোর ফলে তাদের প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও মূলধনি অবস্থান অনেক শক্তিশালী হবে বলেও উল্লেখ করেন তিনি। সিএসইর সভাপতি বলেন, বন্ড ছেড়ে যেসব বড় প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে, সেগুলোর সঙ্গে পুঁজিবাজারকে সম্পৃক্ত করার জন্য আমরা সরকারের প্রতি সুপারিশ করছি।’