সংস্কারকাজ শুরু হয়নি চার মাসেও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাংলাদেশ ব্যাংকের ১৪ তলার একাংশ  l ফাইল ছবি
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বাংলাদেশ ব্যাংকের ১৪ তলার একাংশ l ফাইল ছবি

বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের আগুনে ভস্মীভূত ১৪ তলার সংস্কারকাজ চার মাসেও শুরু হয়নি। চলতি বছরের ২৩ মার্চ রাতে বৈদেশিক মুদ্রানীতি বিভাগের একাংশ আগুনে ভস্মীভূত হয়। এতে মহাব্যবস্থাপকের কক্ষ পুরোপুরি পুড়ে যায়। এ ছাড়া তিন উপমহাব্যবস্থাপকের কক্ষসহ প্রায় ১৫ কর্মকর্তার চেম্বার ক্ষতিগ্রস্ত হয়। পাশাপাশি আগুনের ধোঁয়ায় বিভাগটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ে।

গত বৃহস্পতিবার ঘুরে দেখা গেছে, আগুনে পোড়ার পর কোনো সংস্কারকাজ হয়নি। কর্মকর্তাদের বসার জন্য বিকল্প ব্যবস্থাও করা হয়নি। ফলে কাজে মনোযোগ দিতে পারছেন না বিভাগটির কর্মকর্তারা। এতে নিয়মিত কাজে ব্যাঘাত ঘটছে।

জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মোহা. রাজী হাসান বলেন, ‘আগুন লাগার ঘটনার তদন্ত করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদের কাজ এখনো শেষ হয়নি। এ কারণে সংস্কারকাজ শুরু করা যাচ্ছে না।’

আগুন লেগে বিভাগের প্রায় ১০টি চেয়ার ও একাধিক টেবিল পুড়ে যায়। বিভাগের ভেতরের অর্ধেক অংশের সিলিং খুলে যায়। প্রায় পুরো কক্ষই আগুনের ধোঁয়ায় কালো হয়ে গেছে।

এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত বাংলাদেশ ব্যাংকের তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে। বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনাটি নাশকতা নয়, দুর্ঘটনাবশত আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের তদন্ত কমিটি। এ-সংক্রান্ত তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, ‘শত্রুতা বা নাশকতামূলকভাবে অগ্নিসংযোগের কোনো আলামত, কারণ বা সম্ভাবনা তদন্তে পাওয়া যায়নি। তদন্ত কার্যক্রমের ভিত্তিতে প্রাপ্ত তথ্যাদি পর্যালোচনায় তদন্ত কমিটি মনে করে যে দুর্ঘটনাবশত আগুনের সূত্রপাত হয়েছে।’ এরপরও এখনো বিভাগটির সংস্কারকাজ শুরু করেনি বাংলাদেশ ব্যাংক।