সংস্কারকাজের বিষয়ে অনেক পোশাক কারখানা মালিকের ধারণা নেই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় ত্রিপক্ষীয় কর্মপরিকল্পনার (এনটিএপি) অধীনে পরিদর্শন হওয়া ঢাকার ঝুঁকিপূর্ণ ১১৫টি পোশাক কারখানা এখনো সংস্কারকাজ শুরু করেনি। কারণ সংস্কারকাজের বিষয়ে অনেক মালিকের ধারণা নেই। এ জন্যই বিলম্ব হচ্ছে।
কারখানাগুলোর সঙ্গে গতকাল রোববার বিকেলে ঢাকায় বিজিএমইএ কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথাই বললেন শ্রমসচিব মিকাইল শিপার। বৈঠকে উপস্থিত ছিলেন শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (ডিআইএফই) ও বিজিএমইএ যৌথভাবে বৈঠকটির আয়োজন করে।
এনটিএপির অধীনে ১ হাজার ৫৪৯টি পোশাক কারখানায় পরিদর্শন সম্পন্ন হয়েছে। আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সহায়তায় শ্রম মন্ত্রণালয়ের আওতাধীন ডিআইএফই কার্যক্রমটি পরিচালনা করছে। পরিদর্শন হওয়া কারখানার মধ্যে নিরাপত্তা ঝুঁকির মধ্যে আছে ২১৫টি। এগুলোকে অ্যাম্বার ক্যাটাগরি বা শ্রেণিতে রাখা হয়েছে। সবচেয়ে ঝুঁকিপূর্ণ রেড ক্যাটাগরির পরেই অ্যাম্বারের অবস্থান।
ঝুঁকিতে থাকা ২১৫টি কারখানার মধ্যে ১১৫টি ঢাকার। এসব কারখানা কেন সংস্কারকাজে পিছিয়ে আছে তার কারণ জানতেই গতকালের বৈঠকটি হয়। কারখানাগুলো ক্রেতাদের দুই জোট—অ্যাকর্ড ও অ্যালায়েন্সের চুক্তিবদ্ধ ব্র্যান্ডের বাইরে অন্য ব্র্যান্ড ও ক্রেতা প্রতিষ্ঠানের কাছে পোশাক রপ্তানি করে বলে জানালেন বিজিএমইএর নেতারা।
শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক বলেন, ‘অনেক কারখানার সংস্কারকাজ মনে হচ্ছে মন্থর। অনেকে আবার সংস্কারকাজ করতে পারছে না। তাই তাদের সঙ্গে বৈঠক করে দ্রুত কাজ করতে বলেছি। তারা কিছু সমস্যার কথা বলেছে। তাই কিছু বিষয়ে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
সমস্যা ও তাৎক্ষণিক সিদ্ধান্তের বিষয়ে বিজিএমইএর সহসভাপতি মাহমুদ হাসান খান বলেন, ‘কিছু প্রতিষ্ঠান বলেছে, অনুমোদিত ইঞ্জিনিয়ারিং ফার্মের সংখ্যা মাত্র ১৩টি। সে জন্য ডিটেইল ইঞ্জিনিয়ারিং অ্যাসেসমেন্ট (ডিইএ) করতে তাদের চাহিদা বেড়ে গেছে। এ জন্য ফার্মের সংখ্যা বাড়িয়ে ২৫-৩০টি করা হবে বলে জানিয়েছে শ্রম মন্ত্রণালয়। তিনি আরও বলেন, এনটিএপির পরিদর্শন কার্যক্রম অ্যাকর্ড ও অ্যালায়েন্স মানছে না। এ জন্য শিগগিরই বৈঠক করার সিদ্ধান্ত হয়েছে।
এনটিএপির পরিদর্শন কার্যক্রম অ্যাকর্ড ও অ্যালায়েন্সের না মানা প্রসঙ্গে শ্রম প্রতিমন্ত্রী বলেন, ‘দেশে কাজ করলে সবাইকে দেশের আইনকানুন মেনে চলতে হবে।’ অবশ্য পরে জানতে চাইলে অ্যালায়েন্সের এক কর্মকর্তা জানান, তাঁরা এনটিএপির পরিদর্শন মানেন।
ডিআইএফইয়ের মহাপরিদর্শক (আইজি) সৈয়দ আহম্মদ জানান, ১১৫ কারখানার মধ্যে ৪৫টি স্থানান্তর হবে। আরও ৪৫ কারখানা ডিইএ করতে দিয়েছে। তিনি বলেন, ‘নিরাপত্তা ইস্যুতে আমরা কাউকে ছাড় দেব না। তবে সংস্কারকাজ করতে দুই মাসের জায়গায় চার মাস লাগতে পারে।’
শ্রমসচিব মিকাইল শিপার বলেন, ‘সংস্কারকাজে মালিকদের অর্থায়নের সুবিধা দেওয়ার বিষয়ে আমরা দুটি সংস্থার সঙ্গে আলাপ-আলোচনা করছি। তা চূড়ান্ত পর্যায়ে আছে।’ অর্থায়ন নিয়ে কোনো সমস্যা হবে না বলেও তিনি মন্তব্য করেন।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান, বিকেএমইএর সাবেক সহসভাপতি মোহাম্মদ হাতেম প্রমুখ।