সংস্কারপ্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে জমা দিয়েছে ডিএসই
পুঁজিবাজারের উন্নয়নে তৈরি করা সংস্কারপ্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে জমা দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। আজ রোববার বিকেলে ডিএসইর সভাপতি রকিবুর রহমান অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এম আসলাম আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাত্ শেষে তাঁর কাছে সংস্কারপ্রস্তাব জমা দেন। এ সময় জ্যেষ্ঠ সহসভাপতি আহমেদ রশীদ লালী, সহসভাপতি মোহাম্মদ শাজাহান ও পরিচালক আবদুল হক সঙ্গে ছিলেন। ডিএসইর পরিচালনা পর্ষদ তিন মাসে প্রস্তাবগুলো চূড়ান্ত করে। ১১ অক্টোবর তা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (এসইসি) জমা দেয়।ডিএসইর প্রস্তাবমালার বিষয়গুলোর মধ্যে রয়েছে: উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার বিক্রির নীতিমালা, তালিকাভুক্ত কোম্পানির নতুন ক্যাটাগরি ‘পি’ গঠন, প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অর্থের ব্যবহার, প্রিমিয়াম-সংক্রান্ত নীতিমালা ও রাইট শেয়ার ইস্যু-সংক্রান্ত নীতিমালা। এ ছাড়া উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার কেবল ব্লক বাজারে লেনদেনের সুপারিশ করা হয়েছে ওই প্রস্তাবে। ডিএসই সূত্রে এসব তথ্য জানা গেছে।