সংস্কারের অঙ্গীকার দেখতে চাই
>বিদায়ী ২০১৯–এর শুরুটা ভালো ছিল, শেষটা তেমন ভালো হলো না। শুরুতে ছিল অনেক প্রতিশ্রুতি, শেষটা ছিল অনেক ক্ষেত্রেই আশাভঙ্গের। কারণ, চাপের মুখে আছে অর্থনীতি। অর্থনীতির সঙ্গে যাঁরা নানাভাবে সম্পর্কিত, তাঁরা কীভাবে দেখছেন দেশের অর্থনৈতিক পরিস্থিতিকে। কেমন গেল বিদায়ী বছরটি। অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যের বর্তমান চ্যালেঞ্জগুলো কী কী। তাহলে নতুন বছরে যাচ্ছি কী নিয়ে, প্রত্যাশাগুলো কী। ঠিক এই প্রশ্নগুলোই রাখা হয়েছিল দেশের বিশিষ্ট কয়েকজন অর্থনীতিবিদ, ব্যবসায়ী নেতা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে। তাঁরা অর্থনীতির মূল্যায়ন যেমন করেছেন, তেমনি বলেছেন কী তাঁরা চান, কীভাবে ঘুরে দাঁড়াতে পারবে অর্থনীতি।

কেমন গেল
২০১৮-১৯ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধির হার এই প্রথম ৮ শতাংশ পেরিয়েছে, এটাই এ বছরের সবচেয়ে বড় অর্জন বা সফলতা। কিন্তু একই সঙ্গে কিছু অভ্যন্তরীণ ও বাহ্যিক চাপ সৃষ্টি হয়েছে। আমরা আরও দেখছি যে প্রবৃদ্ধির হারের সঙ্গে অন্যান্য সূচকের সামঞ্জস্য নেই। রপ্তানি কমছে, কমছে ব্যক্তি খাতে ঋণের প্রবাহ, শুধু বাড়ছে রেমিট্যান্সের প্রবাহ। পাশাপাশি দেশে একধরনের বিনিয়োগ স্থবিরতা চলছে, যার প্রভাব পড়ছে কর্মসংস্থানে। কর্মসংস্থানে এ বছর সফলতা নেই।
একসময় বলা হতো, অর্থনীতিতে স্থিতাবস্থা আছে। কিন্তু আমি বলব, অর্থনীতি স্থবিরও নয়, আবার গতিশীলও নয়; বরং সে গতিশীলতা হারিয়েছে। শুধু প্রবৃদ্ধি দিয়ে বিচার করলে চলবে না। ঋণ, কর্মসংস্থান প্রভৃতি সূচকে এই গতি হারানোর চিত্র দেখা যাচ্ছে। অন্যদিকে বাংলাদেশ প্রতিযোগিতা সক্ষমতায় পিছিয়ে পড়ছে। প্রায় সব সূচকে আমরা সমকক্ষদের তুলনায় পিছিয়ে আছি। এর প্রভাব অনুভূত হচ্ছে।
অন্যদিকে বৈশ্বিক পরিসরে আমরা বিভিন্ন চ্যালেঞ্জর সম্মুখীন হচ্ছি। বাণিজ্যযুদ্ধের কারণে বৈশ্বিক অর্থনীতিতে শ্লথগতি দেখা যাচ্ছে। জোয়ার তৈরি হয়েছে সংরক্ষণবাদ ও জাতীয়তাবাদের। এসবের প্রভাবে রপ্তানি কমে যাচ্ছে। বাণিজ্যযুদ্ধের সুবিধা কাজে লাগানোর যে সম্ভাবনা ছিল, তাও আমরা পারিনি। সেই সুবিধা নিচ্ছে ভিয়েতনাম। প্রতিযোগিতা সক্ষমতায় পিছিয়ে পড়ার কারণে আমরা এটা পারিনি।
পাশাপাশি এ বছর পেঁয়াজের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ভোক্তাদের ভুগিয়েছে। এর পেছনে প্রাতিষ্ঠানিক দুর্বলতা ছিল। চাহিদা ও জোগানের সামঞ্জস্য রাখা যায়নি। বাজার তদারক করা যাদের দায়িত্ব, এটা তাদের ব্যর্থতা।
চ্যালেঞ্জ
চ্যালেঞ্জের কথা বললে প্রথমেই বলতে হয়, দেশে অনেক দিন ধরে যে নীতিগত পক্ষাঘাত দেখা যাচ্ছে, তা থেকে বেরিয়ে আসাই প্রধান চ্যালেঞ্জ। প্রভাবশালীরা সংস্কারের আগ্রহ হারিয়ে ফেলেছেন। সংস্কারের ক্ষেত্রে একধরনের জড়তা দেখা যাচ্ছে। সেটা কাটিয়ে ওঠা বড় চ্যালেঞ্জ। রাজস্ব-জিডিপির অনুপাত বাড়ানোর ক্ষেত্রে এটি বিশেষভাবে সত্য। বড় বড় প্রকল্প ও এসডিজি বাস্তবায়নে রাজস্ব বাড়ানোর বিকল্প নেই। কিন্তু রাজস্ব-জিডিপির অনুপাতে আমরা বিশ্বে সবচেয়ে নিচের সারিতে। এর জন্য প্রভাবশালীদের অঙ্গীকার জরুরি।
দ্বিতীয়ত, আর্থিক খাতে সুশাসন ফিরিয়ে আনা আরেক বড় চ্যালেঞ্জ হয়ে উঠবে। খেলাপি ঋণ বাড়ার কারণে সুদহার বাড়ছে। এতে নতুন উদ্যোগ ব্যাহত হচ্ছে। ব্যাংকও ঋণ দেওয়ার বেলায় রক্ষণশীল হয়ে উঠেছে। সামগ্রিকভাবে এতে অর্থনীতির বহুমুখীকরণ ব্যাহত হচ্ছে।
তৃতীয়ত, সামাজিক নিরাপত্তা খাতে জিডিপির অনুপাতে বরাদ্দ বাড়েনি। শিক্ষা ও স্বাস্থ্য খাতে এত কম বরাদ্দ নিয়ে আমরা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করতে পারব না।
প্রত্যাশা
আর প্রত্যাশার কথা বললে আমি সংস্কারের প্রতি অঙ্গীকার দেখতে চাই। রাজস্ব খাতে সংস্কার চাই। এরপর আর্থিক খাতে সংস্কার চাইব। অর্থমন্ত্রী ব্যাংকিং কমিশন গঠনের কথা বলেছিলেন, কিন্তু এ ব্যাপারে উদ্যোগ দেখা যাচ্ছে না। পাশাপাশি এসডিজি বাস্তবায়নে শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়বে, সেই প্রত্যাশা করি।
সেলিম রায়হান
অধ্যাপক
অর্থনীতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও নির্বাহী পরিচালক, সানেম