বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের সংস্কার-প্রক্রিয়ার প্রশংসা করেছে বেলজিয়াম। ভবিষ্যতে দেশটির ক্রেতারা যেন বাংলাদেশের পোশাকশিল্পের শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করতে কাজ করেন, বেলজিয়াম সেই দায়িত্ব নেওয়ার আশ্বাসও দিয়েছে।
গত সোমবার ব্রাসেলসে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর সঙ্গে বৈঠকে বেলজিয়ামের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী দিদিয়ে রেইনডারস এ আশ্বাস দেন। পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
দিদিয়ে রেইনডারস বলেন, ‘বাংলাদেশের তৈরি পোশাকশিল্পের সংস্কারের অগ্রগতি লক্ষ করে আমরা সন্তুষ্ট। আমাদের বিশ্বাস, আমাদের প্রতিষ্ঠানগুলোর শ্রমিকদের অধিকার ও নিরাপত্তায় সমান অংশীদারত্ব রয়েছে।’
প্রসঙ্গত, গণহত্যাবিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে এ এইচ মাহমুদ আলী তিন দিনের সফরে এখন ব্রাসেলস রয়েছেন। দুই মন্ত্রী তাঁদের আলোচনায় দ্বিপক্ষীয় বাণিজ্য বাড়ানোর বিষয়ে আলোচনা করেন। এ ক্ষেত্রে বাংলাদেশ থেকে ওষুধ, জাহাজ ও তথ্যপ্রযুক্তিভিত্তিক সেবা গ্রহণের পরামর্শ দেন মাহমুদ আলী।
এ ছাড়া সোমবার বিকেলে মাহমদু আলী ইউরোপিয়ান ইনস্টিটিউটে কূটনৈতিক, মানবাধিকারকর্মী ও বাংলাদেশি নাগরিকদের উদ্দেশে বক্তব্য দেন। মাহমুদ আলী ‘শান্তি, ন্যায়বিচার ও উন্নয়নের পথে বাংলাদেশের যাত্রা’ শীর্ষক সেমিনারে বাংলাদেশের তৈরি পোশাকশিল্পে গৃহীত সংস্কার কার্যক্রম, গত ৫ জানুয়ারির নির্বাচন-পূর্ববর্তী ও পরবর্তী পরিস্থিতি এবং চলমান আন্তর্জাতিক যুদ্ধাপরাধ বিচারের পটভূমি ও অগ্রগতি ব্যাখ্যা করেন।