উচ্চাভিলাষী বাজেট না করার পরামর্শ অর্থনীতিবিদদের
সকল টিআইএনধারীর জন্য কর বাধ্যতামূলক হতে পারে: মুহিত
অভ্যন্তরীণ সম্পদ বাড়াতে আগামী ২০১২-২০১৩ অর্থবছরের বাজেটে বেশ কিছু নতুন উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কর শনাক্তকরণ নম্বরধারী (টিআইএন) সবার ওপরই কর দেওয়া বাধ্যতামূলক করা। এ ছাড়া আয়কর, রাজস্ব বোর্ড-বহির্ভূত কর, সরকারি প্রতিষ্ঠানের সেবামূল্য ও বিল ইত্যাদি বাড়ানোর কথাও ভাবা হচ্ছে।রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় গত শুক্রবার অর্থনীতিবিদদের সঙ্গে অনুষ্ঠিত প্রাক-বাজেট আলোচনার পর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের এসব কথা বলেন।এতে অর্থ বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ তারেক, বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক তৌফিক আহমেদ চৌধুরী, বাংলাদেশ উন্নয়ন গবেষণাপ্রতিষ্ঠানের মহাপরিচালক মোস্তফা কে মুজেরী, গবেষক কাজী সাহাবুদ্দীন, রুশিদান ইসলাম রহমান, বিনায়ক সেন ও প্রতিমা পাল মজুমদার, ইকোনমিক রিসার্চ গ্রুপের সাজ্জাদ জহির, সৈয়দ ইউসুফ হোসেন, পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর প্রমুখ উপস্থিত ছিলেন।মুহিত বলেন, ‘অভ্যন্তরীণ সম্পদ বাড়াতে অর্থনীতিবিদেরা আয়করের হার বাড়ানোর পাশাপাশি টিআইএনধারীদের কাছ থেকে ন্যূনতম অর্থ আয়কর নেওয়ার কথা বলেছেন। আমি একমত। দেশে বর্তমানে ৩৫ থেকে ৪০ লাখ টিআইএনধারী রয়েছেন। প্লটের জন্য আবেদন, ব্যাংকঋণ গ্রহণসহ ব্যবসার নিবন্ধনের ক্ষেত্রে টিআইএন বাধ্যতামূলক করায় সংখ্যাটি এত বেড়েছে। এর মধ্যে ১০ লাখের কাছাকাছি মানুষ আয়কর বিবরণী দাখিল করেন। প্রকৃত আয়করদাতা আরও কম।’অর্থমন্ত্রী জানান, আগামী বাজেটে আকার এক লাখ ৯০ হাজার কোটি টাকার বেশি হবে না। আগেরবারের বাজেটের তুলনায় এ বছর যা বাড়ানো হয়েছিল, এ বছরের তুলনায় আগামী বাজেটের আকার সেই হারে বাড়ানো হবে না। আগামীবার বাজেট ঘাটতিও কমানোর চিন্তা রয়েছে।ভর্তুকি বিষয়ে কোনো নীতিমালা না থাকার কথা উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, আন্তর্জাতিক পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে জ্বালানি তেল ও রপ্তানিমুখী শিল্পে ভর্তুকি দেওয়া হচ্ছে বলে জানান অর্থমন্ত্রী।পরিকল্পনা কমিশনকে ঢেলে সাজানোর দরকার বলে মনে করেন অর্থমন্ত্রী। নতুন ব্যাংকের অনুমোদন বিষয়ে অর্থমন্ত্রী বলেন, দেশে ৪৮-৪৯টি ব্যাংক রয়েছে। বাংলাদেশ ব্যাংক তাদের নানা ধরনের নির্দেশনা দিলেও তা সব সময় ব্যাংকগুলো মানছে না। স্বল্প মেয়াদে আমানত সংগ্রহ করে ব্যাংকগুলো দীর্ঘ মেয়াদে ঋণ দিচ্ছে। এটি বড় ভুল। বিনিয়োগে দীর্ঘমেয়াদি অর্থায়নের জন্য হলো পুঁজিবাজার। বৈঠক সূত্রে জানা গেছে, অর্থনীতিবিদেরা প্রাতিষ্ঠানিক সংস্কার সাধন ও প্রাতিষ্ঠানিক দক্ষতা বাড়ানোর ওপর জোর দিতে অর্থমন্ত্রীকে আহ্বান জানিয়েছেন। তাঁরা বাজেটের আয়তন বা পরিমাণের চেয়ে বরং গুণগত মান ও যথাযথভাবে তা বাস্তবায়নে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। অর্থনীতিবিদেরা উচ্চ মূল্যস্ফীতির চাপ বিবেচনায় নিয়ে ২০১২-১৩ অর্থবছরের জন্য উচ্চাভিলাষী বাজেট না করারও পরামর্শ দিয়েছেন।