দেশের পুঁজিবাজারে আজ বৃহস্পতিবার সপ্তাহের শেষ দিনে সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। দিন শেষে দুই স্টক এক্সচেঞ্জেই বেশির ভাগ কোম্পানির দাম কমেছে। এর ফলে সূচকও কমেছে। একই সঙ্গে লেনদেনও গতকালের চেয়ে কমেছে। তবে উভয় স্টক এক্সচেঞ্জে লেনদেনের প্রথম তিন ঘণ্টা সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা ছিল।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ ডিএসইর সাধারণ মূল্যসূচক ৪১.৫২ পয়েন্ট কমে ৩৮৪৫.৬৫ পয়েন্টে দাঁড়িয়েছে।সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে আজ ডিএসইতে লেনদেন শুরু হয়। পাঁচ মিনিটে সূচক ৩৪ পয়েন্ট কমে যায়। তবে ২০ মিনিট শেষে সূচক ৭৪ পয়েন্ট বেড়েছিল। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা বেলা দুইটা পর্যন্ত অব্যাহত ছিল। এরপর সূচকের তীর নিম্নমুখী হয়, যা শেষ পর্যন্ত অব্যাহত ছিল।আজ ডিএসইতে ২৬০টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৭০টিরই দাম কমেছে। বেড়েছে ৭৮টির আর অপরিবর্তিত রয়েছে ১২টি প্রতিষ্ঠানের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ১৬৮ কোটি টাকার শেয়ারের লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১০১ কোটি টাকার কম।দিন শেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো, গ্রামীণফোন, বেক্সিমকো, এনবিএল, ইউনাইটেড এয়ার, সোস্যাল ইসলামী ব্যাংক, আরএন স্পিনিং, ফু-ওয়াং সিরামিকস, স্কয়ার ফার্মা, লংকাবাংলা ফাইন্যান্স ও আফতাব অটো।অন্যদিকে সিএসইর সার্বিক মূল্যসূচক ২২৩.৯২ পয়েন্ট কমে ১১৩৫৩.৩৬ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে লেনদেন হওয়া ১৮৩টি প্রতিষ্ঠানের মধ্যে ১৫২টিরই দাম কমেছে। বেড়েছে ২৪টির আর অপরিবর্তিত রয়েছে সাতটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ৩১ কোটি টাকার শেয়ারের লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে সাত কোটি টাকার কম।