সকালে বন্ধ, বিকেলে খোলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সকালে বন্ধ। বিকেলে কিছু খোলা। এই ছিল টানা হরতালের তৃতীয় দিন গতকাল বুধবার রাজধানীর বেশির ভাগ এলাকার চিত্র। ফলে বাংলাদেশ দোকান মালিক সমিতির হরতালের দিন দুপুর দুইটা থেকে রাত নয়টা পর্যন্ত সারা দেশের দোকান খোলা রাখার সিদ্ধান্ত পুরোপুরি বাস্তবায়িত হয়নি। তবে একাধিক ব্যবসায়ী বলেছেন, নিরাপত্তার কারণেই তাঁরা দোকান খোলেননি। অবশ্য গতকাল সন্ধ্যায় বাংলাদেশ দোকান মালিক সমিতির মহাসচিব এস এ কাদের কিরণ দাবি করেন, সমিতির সিদ্ধান্ত অনুযায়ী রাজধানীর বেশির ভাগ বিপণিবিতান ও দোকান খুলেছেন ব্যবসায়ীরা। সুনির্দিষ্ট করে তিনি জানান যে নিউমার্কেট, গাউছিয়া, ধানমন্ডি হকার্স মার্কেট, নিলক্ষেত ও বসুন্ধরা সিটি দুপুরের পর থেকে খোলা ছিল। গতকাল সকালে বাংলাবাজারে গিয়ে দেখা যায়, হাতে গোনা কয়েকটি ছাড়া অধিকাংশ বইয়ের দোকানই বন্ধ। পাইকারি কাপড়ের বাজার ইসলামপুরের ব্যবসায়ীরা আগের সব হরতালের মতোই দোকান বন্ধ রেখেছেন। এ ছাড়া নয়াবাজার ও ইংলিশ রোডের রড ও স্টিলের দোকান এবং নর্থ সাউথ রোডের হার্ডওয়্যার ও স্যানেটারি সামগ্রীর শত শত দোকান ছিল বন্ধ। তবে ওই সময় বায়তুল মোকাররম মসজিদ মার্কেট বন্ধ থাকলেও নিচতলার তিন-চারটি জুয়েলারি দোকান খোলা দেখা যায়। জানা যায়, সকালের মতো বিকেলেও অবস্থা প্রায় একই রকম ছিল। কারওয়ান বাজারসহ কিছু এলাকায় বিকেলে গুটি কয়েক ব্যবসায়ী দোকান খোলেন। তবে ক্রেতাসমাগম ছিল কম। এর আগে গত মঙ্গলবার বাংলাদেশ দোকান মালিক সমিতি এক বৈঠকে হরতালের দিন নির্দিষ্ট সময় পর্যন্ত দোকান খোলা রাখার সিদ্ধান্ত নেয়। গণমাধ্যমে পাঠানো সমিতির বিজ্ঞপ্তিতে আগামী রোজার ঈদের আগ পর্যন্ত সারা দেশের দোকান নিরবচ্ছিন্নভাবে খোলা রাখার কথা জানানো হয়।