সকালে ৪০ টাকার মরিচ বিকেলে ১০০!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রমজান মাস সামনে রেখে গত কয়েক দিনে সব ধরনের পণ্যের দাম বাড়লেও কাঁচা মরিচের ঝাঁজ সব পণ্যকে ছাড়িয়ে গেছে। দিন পেরোনোর আগেই মরিচের কেজিতে ৬০ টাকা বেড়েছে। অন্য সব পণ্যের দাম কেজিতে দুই থেকে ১১ টাকা বেড়েছে।রংপুরেও সব ধরনের পণ্যের দাম বেড়েছে। বিশেষ করে পাইকারি বাজার থেকে কম দামে পণ্য কিনে তা অনেক বেশি দামে বিক্রি করছেন খুচরা বিক্রেতারা। জানা যায়, রাজশাহীর আরডিএ মার্কেটে এক মাস আগে ৬৮ টাকায় বিক্রি হওয়া ছোলা ৭৬ টাকায় ও উন্নত মানের ছোলা ৭২-৭৮ টাকা থেকে বেড়ে ৮৮ টাকায়, ২৭-৩০ টাকার দেশি রসুন ৪০ থেকে ৪৮ টাকায় বিক্রি হচ্ছে। চীনা রসুন বিক্রি হচ্ছে ১০০ টাকায়। দেশি পেঁয়াজ ১০ টাকা বেড়ে ২৮ ও ভারতের পেঁয়াজ ১৬ থেকে ২০ টাকা হয়েছে। আর আদা প্রতি কেজি ৪০ টাকা থেকে বেড়ে ১০০ টাকা হয়েছে।রাজশাহীর কাঁচাবাজারে গতকাল রোববার সকালে কাঁচা মরিচ বিক্রি হয় ৪০ টাকা কেজি দরে। একই বাজারে বিকেলে কাঁচা মরিচের দর ওঠে ১০০ টাকা কেজি। নগরের বাজে কাজলা এলাকার গৃহিণী আফরোজ খাতুন বলেন, ‘কয়েক ঘণ্টার মধ্যে যদি একটা জিনিসের দাম কেজিতে ৬০ টাকা বাড়ে, তাহলে দেশের মানুষ বাঁচবে কী করে।’রংপুরে কয়েক গুণ বেশি দাম: সরেজমিনে রংপুরের প্রধান আড়ত পৌরবাজারসহ কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে, প্রায় প্রতিটি পণ্যের দামই বেড়েছে। তবে পাইকারি বাজার থেকে যে দামে কেনা হয়েছে, তার চেয়ে অনেক বেশি দামে এসব বিক্রি করা হচ্ছে।জানা গেছে, খুচরা বিক্রেতা পাইকারি বাজার থেকে ভারতের পেঁয়াজ ১৪ টাকা করে কিনে এনে ২০ টাকায় বিক্রি করছেন। একইভাবে ৬৬ টাকার রসুন ৭০, ৬৮ টাকার মসুর ডাল ১১০, ১২২ টাকার শুকনো মরিচ ২৩০, ৬৭ টাকার ছোলা ৭৫ টাকায় বিক্রি হচ্ছে।শুকনো মরিচের ব্যবসায়ী আকবর হোসেন বলেন, চাহিদা অনুযায়ী শুকনো মরিচের সরবরাহ কম। এসব পণ্য ঢাকা থেকে এনে বিক্রি করতে হয় বলে দাম বেশি।রোজায় নিত্যপণ্যের দাম যেন না বাড়ে, সে জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে এখনো ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক হয়নি। তবে জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম বলেন, ব্যবসায়ীরা নিজ উদ্যোগে বৈঠক করেছেন।