দেশে সক্রিয় মুঠোফোন ব্যাংক হিসাবের সংখ্যা এক মাসের ব্যবধানে সাড়ে ৬ শতাংশ কমে গেছে। বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের মে পর্যন্ত সক্রিয় মুঠোফোন ব্যাংক হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ২৮ লাখ, যা গত এপ্রিলে ছিল ১ কোটি ৩৭ লাখ।
এপ্রিলের তুলনায় মে মাসে দেশে মোট মুঠোফোন ব্যাংক হিসাবের সংখ্যাও ১ লাখ কমে গেছে। এপ্রিলে দেশে মুঠোফোন ব্যাংক হিসাবের সংখ্যা ছিল ৩ কোটি ৫৬ লাখ, মে মাসে তা কমে ৩ কোটি ৫৫ লাখ হয়েছে। তবে এ সময়ে নিবন্ধিত এজেন্টের সংখ্যা ৫ লাখ ৭৭ হাজার থেকে বেড়ে ৫ লাখ ৯৩ হাজার হয়েছে।
খাত–সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, মে মাসে আঙুলের ছাপ (বায়োমেট্রিক) পদ্ধতিতে সিম পুনর্নিবন্ধন কার্যক্রমের কারণে ১ কোটি ৫০ লাখের বেশি সিম বন্ধ হয়ে গেছে। এটি সক্রিয় হিসাব সংখ্যা কমে যাওয়ার সবচেয়ে বড় কারণ।
জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক শুভঙ্কর সাহা বলেন, ‘সক্রিয় হিসাবের সংখ্যা কমলেও মোট লেনদেনের সংখ্যা এ সময়ে কমেনি। এর মানে কিছু অপ্রত্যাশিত হিসাব বন্ধ হয়েছে। এটা এক অর্থে ভালোই হয়েছে।’ মে মাসে মুঠোফোনের মাধ্যমে মোট ১৮ হাজার ৪৮১ কোটি টাকা লেনদেন হয়েছে, যা গত এপ্রিলে ছিল ১৮ হাজার ২০৯ কোটি টাকা।
শুভঙ্কর সাহা বলেন, এজেন্টের মাধ্যমে অর্থ লেনদেন নিরুৎসাহিত করা ও ভুয়া হিসাবের মাধ্যমে লেনদেন বন্ধে বাংলাদেশ ব্যাংকের নজরদারি বাড়ানো হয়েছে। বাণিজ্যিক ব্যাংকসহ সংশ্লিষ্ট সব পক্ষকেও এ বিষয়ে নজরদারি বাড়াতে নির্দেশ দেওয়া হয়েছে। এসব কারণে সক্রিয় হিসাব সংখ্যা কমেছে।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের হিসাব অনুযায়ী, চলতি বছরের মে পর্যন্ত দেশে সক্রিয় সিমের সংখ্যা ছিল ১৩ কোটি ২৬ লাখ। এর মধ্যে বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত সিমের সংখ্যা দাঁড়িয়েছে ১১ কোটি ৬০ লাখ।
বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যানে দেখা যায়, ৩ কোটি ৫৫ লাখ নিবন্ধিত হিসাবের বিপরীতে এখন সক্রিয় আছে মাত্র ৩৬ শতাংশ। অর্থাৎ দুই-তৃতীয়াংশ হিসাবের মাধ্যমে কোনো আর্থিক লেনদেন হয় না।
বিপুলসংখ্যক হিসাব নিষ্ক্রিয় থাকার কারণ সম্পর্কে একটি মুঠোফোনভিত্তিক আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানের একজন কর্মকর্তা বলেন, নতুন একটি হিসাব খুললেই এজেন্টরা ৩০ থেকে ৫০ টাকা কমিশন পান। বেশি কমিশন পাওয়ার লোভে খোলা এসব হিসাবের বড় অংশই এখন নিষ্ক্রিয়।
শুভঙ্কর সাহা এ বিষয়ে বলেন, কমিশন পাওয়ার আশায় যাতে অপ্রয়োজনীয় হিসাব খোলা না হয়, এ বিষয়ে নজরদারি বাড়াতে সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে বলা হয়েছে। বর্তমানে দেশে ২৯টি ব্যাংকের এ ধরনের সেবা দেওয়ার অনুমোদন রয়েছে। এর মধ্যে ১৯টি ব্যাংক এ সেবা চালু করেছে।