তিন মাসের ব্যবধানে দেশে মোবাইল আর্থিক সেবার (এমএফএস) সক্রিয় হিসাবে বড় ধরনের ওঠানামা লক্ষ করা গেছে। এ বছরের এপ্রিলে সক্রিয় এমএফএস হিসাব ছিল ২ কোটি ৫৫ লাখ, যা মে মাসে ২ কোটি ১৪ লাখে নেমে যায়। সেটি আবার গত জুনে বৃদ্ধি পেয়ে ২ কোটি ৭৪ লাখ হয়েছে। অর্থাৎ মে মাসে ৪১ লাখ সক্রিয় হিসাব কমলেও সেটি জুনে আবার ৬০ লাখ বেড়েছে। এমএফএস নিয়ে বাংলাদেশ ব্যাংক প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যানে এসব তথ্য পাওয়া গেছে।
খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এমএফএসের মাধ্যমে দেশে অবৈধভাবে প্রবাসী আয় (রেমিট্যান্স) আসা ঠেকাতে ও প্রতারণামূলক কাজে এর ব্যবহার বন্ধে বাংলাদেশ ব্যাংক সম্প্রতি বেশ কিছু কঠোর পদক্ষেপ নেয়। এ কারণে মে মাসে সক্রিয় হিসাব এক ধাক্কায় ২৭ শতাংশ কমে যায়। আর জুন মাসে ছিল রোজার ঈদ। এ সময়ে আর্থিক লেনদেন বেড়ে যাওয়ায় নিষ্ক্রিয় অনেক হিসাব নতুন করে ব্যবহৃত হয়েছে, আবার একেবারে ১১ লাখ হিসাবও খোলা হয়েছে। ঈদ উপলক্ষে বিভিন্ন এমএফএস প্রতিষ্ঠানের ২০ শতাংশ পর্যন্ত নগদ অর্থ ছাড়ের কারণেও সক্রিয় হিসাব বেড়েছে।
জানতে চাইলে এমএফএস সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশের হেড অব করপোরেট অ্যাফেয়ার্স শামসুদ্দিন হায়দার প্রথম আলোকে বলেন, ঈদের সময় সক্রিয় এমএফএস হিসাব সংখ্যা সব সময়ই বাড়ে, এবারও তার ব্যতিক্রম হয়নি। এর আগে রেমিট্যান্স বা প্রতারণার অভিযোগে বেশ কিছু সক্রিয় অ্যাকাউন্ট বন্ধ করে দিতে হয়েছে, সেটির প্রভাব মে মাসের পরিসংখ্যানে দেখা গেছে।
এমএফএসের মাধ্যমে অবৈধভাবে রেমিট্যান্স আসা ঠেকাতে গত জানুয়ারিতে বাংলাদেশ ব্যাংক এক নির্দেশনায় এমএফএসের লেনদেন সীমা কমিয়ে দেয়। নতুন নিয়ম অনুযায়ী, একটি এমএফএস হিসাব থেকে এক দিনে এখন সর্বোচ্চ ১০ হাজার টাকা অর্থ উত্তোলন করা যায়, এটি আগে ছিল ২৫ হাজার টাকা। আর্থিক লেনদেনের সীমা কমে যাওয়ায় সক্রিয় হিসাব ব্যবহারের প্রবণতা আগের চেয়ে বাড়ছে বলে খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন।
বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, এমএফএসের মাধ্যমে গত জুনে দৈনিক লেনদেন গড়ে এক হাজার কোটি টাকা ছাড়িয়েছে। মে মাসে গড় দৈনিক লেনদেনের পরিমাণ ছিল ৮৪৪ কোটি টাকা, যা গত এপ্রিলে ছিল ৮৩৪ কোটি টাকা। জুনে এমএফএসে মোট আর্থিক লেনদেন হয়েছে ৩০ হাজার কোটি টাকা, মে মাসে এটি ছিল ২৬ হাজার কোটি টাকা।
সক্রিয় হিসাবের পাশাপাশি জুনে নিবন্ধিত এমএফএস হিসাবের সংখ্যা ১১ লাখ বেড়ে ৫ কোটি ৩৭ লাখ হয়েছে। একই সময়ে মোবাইল ফোনে কর্মীদের বেতন দেওয়ার পরিমাণ বেড়েছে ৫৯ শতাংশ। জুনে এমএফএসের মাধ্যমে ৬৬৬ কোটি টাকা বেতন দেওয়া হয়েছে, যা আগের মাসে ছিল ৪১৯ কোটি টাকা।